মরগানের দলে নেই কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের নতুন ওয়ানডে অধিনায়ক এউইন মরগান
ইংল্যান্ডের নতুন ওয়ানডে অধিনায়ক এউইন মরগান

শুক্রবার দুপুর থেকেই ছড়িয়ে পড়েছিল গুজব। বাস্তবতার ছোঁয়ায় শনিবার সকালে সেটি হয়ে গেল সত্যি। এই তো, ১৫ ডিসেম্বর ইসিবির ব্যবস্থাপনা পরিচালক বলেছিলেন, ‘ও আমাদের সহজাত নেতা।’ চার দিন পর সেই নেতাই মুকুটহীন। অ্যালিস্টার কুক আর ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক নন। তাঁর ডেপুটি এবং ‘জনপ্রিয় পছন্দ’ এউইন মরগানের নেতৃত্বে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। মরগানের সেই দলও চূড়ান্ত হয়ে গেছে। কুক তাতে নেই অনুমিতভাবেই। দলে জায়গা পাননি বেন স্টোকসও, এক বছর আগে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের দুঃস্বপ্নের সফরে যিনি দেখিয়েছিলেন উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। কুকের বদলে দলে ফিরেছেন গ্যারি ব্যালান্স।
বিশ্বকাপে ইংল্যান্ড এক নম্বর হতে পারবে কি না, উত্তর মিলবে সময়েই। তবে দল ঘোষণায় তারা সবার আগে। চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন ৭ জানুয়ারি। প্রথম দল হিসেবে কালই ১৫ জনের দল ঘোষণা করে দিল তিনবারের রানার্সআপরা।
কুককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার খবরটি জানানো হয়েছে আগে। পরে ঘোষণা করা হয়েছে দল। তবে বাস্তবতা হলো, দলে জায়গা হয় না বলেই অধিনায়কত্ব নেই কুকের। দল নির্বাচন করতে গত পরশু ট্রেন্ট ব্রিজে সভায় বসেছিলেন ইংল্যান্ডের নির্বাচকেরা। সেখানেই অধিনায়ক পরিবর্তনে নির্বাচকদের ইচ্ছের কথা ইসিবির ব্যবস্থাপনা পরিচালক পল ডাউনটনকে জানান প্রধান নির্বাচক জেমস হুইটেকার। ইসিবি চেয়ারম্যান জাইলস ক্লার্কের অনুমতির পর সেরে ফেলা হয় আনুষ্ঠানিকতা।
নেতৃত্বের শুরু থেকেই ওয়ানডে খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন কুকের সঙ্গী। তবে শুরুর দিকে ব্যাট দিয়েই প্রশ্নগুলো ঝেঁটিয়ে তাড়িয়েছিলেন। নেতৃত্ব পাওয়ার পর প্রথম ২১ ম্যাচে ৪ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে ৫৪.৪৭ গড়ে রান করেছিলেন ১০৩৫, স্ট্রাইক রেট ছিল ৯১.৫৯। কিন্তু সময়ের সঙ্গে বেরিয়ে আসে সীমাবদ্ধতাগুলো, ওয়ানডের দ্রুত পরিবর্তনশীল চাহিদায় মানিয়ে নিতে হিমশিম খাচ্ছিলেন। গত দেড় বছরে ২২ ম্যাচে ফিফটি মাত্র একটি, গড় ২৫.২৮। স্ট্রাইক রেট মাত্র ৬৯.৫০! তাঁর নেতৃত্বে সর্বশেষ ৬ সিরিজের ৬টিতেই হেরেছে ইংল্যান্ড। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থতার পর থেকে প্রশ্নগুলো উচ্চকিত হয়েছে আরেক দফা। তবু ধারণা করা হয়েছিল, বিশ্বকাপ পর্যন্ত টিকে যাবেন। ইসিবির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের শক্ত সমর্থনও পেয়ে আসছিলেন। কিন্তু নির্বাচকদের শক্ত মানসিকতায় সেই সমর্থনের দেয়ালও ভেঙে গেল।
প্রধান নির্বাচক হুইটেকার পরে খোলাসা করলেন প্রক্রিয়াটি, ‘বিশ্বকাপে সাফল্য পাওয়ার মতো সম্ভাব্য সেরা একটি দল গড়তে আমরা কাল (পরশু) অনেকটা সময় নিয়ে আলোচনা করেছি। সাম্প্রতিক শ্রীলঙ্কা সিরিজকে বিবেচনায় নেওয়ার পর আমাদের মনে হয়েছে আমাদের সেরা ১৫ জনের দলে অ্যালিস্টার কুকের জায়গা হয় না। এ জন্যই এউইন মরগানকে অধিনায়ক করার সুপারিশ করেছি।’
শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে কুক বলেছিলেন, ‘নেতৃত্ব কেড়ে নিলে অভিযোগ থাকবে না।’ কিন্তু দলেও জায়গা না পেয়ে আশাহত ৬৯ ওয়ানডেতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া বাঁহাতি ওপেনার, ‘বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে আমি বিধ্বস্ত, এই হতাশা কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগবে। তবে পিটার (মুরস, কোচ), এউইন (মরগান) ও দলের সবাইকে বিশ্বকাপের জন্য শুভকামনা থাকল।’
এই শুভকামনা জানানো যতটা বেদনার, মরগানের জন্য নিশ্চয়ই ততটাই রোমাঞ্চকর বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া! ক্রিকইনফো।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল
এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, গ্যারি ব্যালান্স, ইয়ান বেল, রবি বোপারা, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, জো রুট, জেমস টেলর, জেমস ট্রেডওয়েল, ক্রিস ওকস।

অ্যালিস্টার কুক
অ্যালিস্টার কুক

ওয়ানডে অধিনায়ক কুক
ম্যাচ ৬৯
জয় ৩৬
হার ৩০
টাই ১
ফলাফল হয়নি ২
২০১৪ সালে কুক
ম্যাচ ১৪
জয় ৬
হার ৮
২
২ কুকের সর্বশেষ ওয়ানডে সেঞ্চুরি প্রায় দুই বছর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১২ সালের জুনে।
২৭.৫২ ২০১৪ সালে ওয়ানডেতে কুকের ব্যাটিং গড়। রুট (৪৩.৬০), বাটলার (৩৫.২০), মঈন (৩৫.০৮), বেল (৩৪.২১) সবার গড়ই তাঁর চেয়ে ভালো।
২৫.৪৫ এ বছর ওয়ানডেতে এউইন মরগানের ব্যাটিং গড়। কুকের চেয়েও কম। তবে এ বছর ওয়ানডেতে একটা সেঞ্চুরি করেছেন মরগান।
১১৯ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ৬ ম্যাচে কুকের রান। সর্বোচ্চ ৩৪।