মরগানের প্রেরণা অ্যাডিলেড সুন্দরী

শূন্য দিয়ে বিশ্বকাপে শুরু। তারও আগে ত্রিদেশীয় সিরিজের শেষ তিন ম্যাচে করেছেন ০, ২ ও ০ রান। বিশ্বকাপে দলের শেষ তিন ম্যাচে ১৭, ৪৬ ও ২৭ রান করলেও ফর্ম ফিরে পেতে যুঝতে হচ্ছে এউইন মরগানকে। তবে আগামীকাল অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ড অধিনায়কের প্রেরণা হতে পারেন টারা।
পুরো নাম টারা রিজওয়ে, বয়স ২১। অ্যাডিলেডের বিখ্যাত স্কচ স্কুলের আইনে স্নাতক করেছেন, গোল্ডকোস্টের বন্ড ইউনিভার্সিটিতে আইন ও আন্তর্জাতিক সম্পর্কের দ্বৈত ডিগ্রি নিচ্ছেন। মডেলিংও করেন। সাউথ অস্ট্রেলিয়ার রাজ্য সংসদের সদস্য ডেভিড রিজওয়ের মেয়ে। এই অ্যাডিলেড সুন্দরীর কাছেই চার বছর আগে মন সঁপেছেন মরগান। অ্যাডিলেড ওভালে আগামীকাল যখন দলের স্বপ্ন বাঁচিয়ে রাখতে মাঠে লড়বেন ইংল্যান্ড অধিনায়ক, গ্যালারিতে চিরপ্রেরণার উৎস হয়ে ফুটে থাকবেন টারা।
২০১০ সালে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের অ্যাশেজ সফরে টারার সঙ্গে পরিচয় মরগানের। তখন টারার বয়স ছিল ১৭। মরগান টারার চেয়ে ৭ বছরের বড়। তবে বয়সের ব্যবধান এবং দুই দেশের দূরত্ব তাঁদের প্রেমে বাধা হতে পারেনি। ইংলিশ ট্যাবলয়েডগুলো বলছে তাঁদের সম্পর্কটা পাথরের মতোই জমাট, বিয়ের ফুলও ফুটতে চলেছে। বছরজুড়েই মরগান কোনো না কোনো ক্রিকেট সফরে থেকেছেন অস্ট্রেলিয়ায়, ইংল্যান্ডে কিংবা তৃতীয় কোনো দেশে। কিন্তু দুজনের সাক্ষাৎ ঠিকই হয়েছে। গত বছর মার্চে যেমন দুজনের দেখা হয়েছে বারবাডোজে। ইংল্যান্ড তখন ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে। আর ছুটি কাটাতে বারবাডোজে গিয়েছিলেন টারা। মরগানকে দেখার অপেক্ষায় থাকা টারা ৩ মার্চ টুইট করেন, ‘বিশেষ কাউকে দেখার জন্য যখন অপেক্ষায়, দেখবেন ঘড়ির কাঁটা খুব ধীরে চলছে।’
অ্যাডিলেডে টারা-অনুপ্রেরণা বদলে দেবে মরগানকে, সেই সঙ্গে ইংল্যান্ডকে—এটা ইংলিশদের চাওয়া হতে পারে। বাংলাদেশের সমর্থকদের অবশ্যই নয়। দ্য টেলিগ্রাফ, অস্ট্রেলিয়া।