মরিনহোর কাছে ভালোবাসাই সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরিনহো ভালোবাসেন তাঁর পরিবারকে। যে ভালোবাসা একেবারেই খাঁদহীন ছবি: এএফপি
মরিনহো ভালোবাসেন তাঁর পরিবারকে। যে ভালোবাসা একেবারেই খাঁদহীন ছবি: এএফপি

ব্যক্তিজীবন বলতে তাঁর কিছুই নেই। ফুটবলের পেশাদার জগতের তপ্ত বালুকায় তাঁর পথচলা। সারাক্ষণ থাকেন ফুটবল নিয়েই। যে দলের দায়িত্বে থাকেন, তাঁর চিন্তাভাবনা জুড়ে থাকে সে দলের কল্যাণই। কিন্তু তাই বলে তিনি পরিবার-পরিজনের প্রতি দায়িত্ব পালনে অক্ষম, সেটা হয়তো বলতে পারবেন না তাঁর চরম শত্রুও। 
মরিনহোর কাছে তাঁর স্ত্রী ও সন্তানেরা সবকিছুর ঊর্ধ্বেই। যদিও তিনি তাঁদের সময় দিতে পারেন খুব সামান্যই। কিন্তু এর মানে এই না যে পরিবারের ভালো-মন্দের খবর তাঁর কাছে থাকে না। শত ব্যস্ততার মাঝেও তিনি তাঁর স্ত্রীর কাছে একজন ‘রোমান্টিক স্বামী’ তাঁর সন্তানদের কাছে ‘আদর্শ বাবা’। কীভাবে এটা সম্ভব হলো? মরিনহোর মতে, ভালোবাসা আর সম্পর্কে জড়িয়ে থাকা বিশ্বাসই তাঁকে একজন রোমান্টিক স্বামী কিংবা আদর্শ বাবায় পরিণত করে। তাঁর কাছে সবকিছুর মূল ওই ভালোবাসাই, ‘আমি প্রচণ্ড ব্যস্ত একজন মানুষ। আমার ব্যক্তি ও সামাজিক জীবন বলতে কিচ্ছু নেই। কিন্তু এর মানে এই নয় যে আমার স্ত্রী আমার ওপর সব সময় বিরক্ত হয়ে থাকে। সে জানে আমি কেমন। আমার কাজের ধরন সম্পর্কে সে ওয়াকিবহাল। আমি আমার সাংসারিক জীবনে একজন সফল পুরুষই। এটা সম্ভব হয়েছে আমার প্রিয়জনদের প্রতি হৃদয়ে ধারণ করা ভালোবাসার কারণেই।’
দ্য মিরর পত্রিকাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে মরিনহো তুলে ধরেছেন তাঁর ব্যক্তিজীবন, ‘আমি সব সময়ই আমার স্ত্রীকে ভালোবাসি। আমি বিশ্বাস করি, আমার এই ভালোবাসা সে অনুভব করে। আর ঠিক এই জায়গাটিতেই আমার সাফল্য। ভালোবাসায় বিশ্বাসটাও আছে, সে কারণেই শত ব্যস্ততার মধ্যেও আমি পারিবারিকভাবে প্রচণ্ড সুখী।’
পারিবারিক জীবনের মতো যেকোনো কিছুতেই সাফল্য পেতে ভালোবাসাটা যে খুব জরুরি, সেটা মনে-প্রাণেই বিশ্বাস করেন মরিনহো, ‘ভালোবাসাই সবকিছুর মূল। আপনি যদি ফুটবল খেলায় সফল হতে চান, তাহলে খেলাটাকে আপনার ভালোবাসতেই হবে। যেকোনো পেশাতেই সফল হতে চাইলে ওই পেশাটাকে হৃদয়ে ধারণ করতেই হবে। এটাই সব। পারিবারিক জীবনেও সুখী হতে হলে আপনার পরিবারকে সত্যিকার অর্থেই ভালোবাসা বিলিয়ে দিতে হবে। ভালোবাসায় খাঁদ রেখে কোনো বড় কিছু অর্জন করা যায় না।’
কোচ হিসেবে তাঁর কিছু বদনাম আছে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উদ্ধত কোচ হিসেবেই তাঁকে অভিহিত করা হয়। মরিনহো এই ব্যাপারটা নিয়ে একেবারেই মাথা ঘামান না। বরং কোচ হিসেবে তাঁকে কেউ যদি উদ্ধত বলেন, তাহলে তিনি তাতে খুশিই হন। কিন্তু তিনি যারপরনাই দুঃখিত হন যখন তাঁকে মানুষ হিসেবে কেউ উদ্ধত হিসেবে আখ্যায়িত করেন, ‘পেশাদার কোচ হিসেবে “উদ্ধত” তকমা আমাকে যথেষ্ট তৃপ্তিই দেয়। ফুটবলে আমি একজন উদ্ধত কোচই হতে চাই। আমি মনে করি এই বিশেষণ আমার কাজকে এগিয়ে নিয়ে যায়। আমাকে অনেক শক্তি জোগায়। কিন্তু আমি ব্যক্তিজীবনে মোটেও উদ্ধত নই। মানুষ হিসেবে কেউ আমাকে উদ্ধত বললে আমার খারাপ লাগে।’
মরিনহো বলে যান, ‘যাঁরা আমাকে উদ্ধত বলেন, তাঁরা কেউই আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না। তাঁরা আমার বন্ধুও নন, আত্মীয়ও নন। কিন্তু কাছের মানুষ যখন আমাকে উদ্ধত হিসেবে আখ্যায়িত করে তখন আমি খুব কষ্ট পাই। ব্যক্তি জীবনে আমি মোটেও উদ্ধত কেউ নই।’