মাত্র ১৮ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল সদ্য প্রয়াত কিংবদন্তি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান আর্থার মরিসের। ১৯৪০-৪১ মৌসুমে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচেই একটা দারুণ রেকর্ডের মালিক হয়ে গিয়েছিলেন বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান। প্রথম ইনিংসে করেছিলেন ১৪৮, দ্বিতীয় ইনিংসে ১১১। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই জোড়া সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটসম্যান মরিস। ব্যাট হাতে টেস্ট ক্রিকেটেও আলো ছড়িয়েছেন পরে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর কীর্তি এখানেই শেষ নয়। চারটি দেশে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন মরিস। প্রতিটি দেশেই নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন। সিডনির ওই ম্যাচ তো আছেই, মরিস সেঞ্চুরি করেছিলেন ১৯৪৮ সালে ইংল্যান্ড সফরে গিয়ে উস্টারশায়ারের বিপক্ষে, ১৯৪৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে নাতালের বিপক্ষে এবং ১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে জ্যামাইকার বিপক্ষে।