
২৫ অক্টোবর ১৯৫২
৮৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা পাকিস্তানি ওপেনার নজর মোহাম্মদ পেয়ে গেলেন সেঞ্চুরি। পাকিস্তানের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরি। লক্ষ্ণৌয়ে ভারতের বিপক্ষে ১২৪ রান করার পথে প্রথম পাকিস্তানি হিসেবে ইনিংসের আদ্যন্ত ব্যাট করার কীর্তিও গড়েছিলেন নজর।
২৫ অক্টোবর ২০১৪
নজর মোহাম্মদের গড়ে দেওয়া ভিত্তিটা নতুন উচ্চতা পেল ইউনিস খানের হাতে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ইনজামাম-উল-হককে ছোঁয়া ইউনিস খান কাল দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করে ছাড়িয়ে গেলেন পূর্বসূরিকে। ২৬তম সেঞ্চুরি করে তিনিই এখন পাকিস্তানের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক।
কাল ইউনিসের রেকর্ড গড়া সেঞ্চুরির আগে দুর্দান্ত এক সেঞ্চুরি পেয়েছেন ওপেনার আহমেদ শেহজাদও। বিনা উইকেটে ৩৮ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান ইনিংস ঘোষণা করেছে ২৮৬ রানে, ইউনিসের সেঞ্চুরির পরেই। প্রথম ইনিংসের ১৫১ রানের অগ্রগামিতা তখন বেড়ে হয়েছে ৪৩৭। জিততে হলে করতে হবে বিশ্বরেকর্ড—৪৩৮ রান। পাকিস্তানি স্পিনারদের বলে নাজেহাল হয়ে সেটাকে এখনই দূর অস্ত বানিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। ২৩ ওভার ব্যাটিংয়ে ৫৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে মাইকেল ক্লার্কের দল। আজ শেষ দিনে হার এড়াতে অবশিষ্ট ৬ উইকেট নিয়েই সারাটা দিন লড়তে হবে অস্ট্রেলিয়াকে।
পাকিস্তানের স্পিনে দিশেহারা অস্ট্রেলিয়ার জন্য কাজটা এভারেস্টে চূড়ায় ওঠার মতোই। সাঈদ আজমলবিহীন অনভিজ্ঞ স্পিন আক্রমণ সামলাতেই দুবাইতে হাবুডুবু খাচ্ছে দলটি। বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর ও নবাগত লেগ স্পিনার ইয়াসির শাহ মিলেই ধস নামিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে। ওয়ার্নার-রজার্সের উদ্বোধনী জুটি ৪৪ রান এনে দেওয়ার পর ৪৯ রানেই পড়েছে চতুর্থ উইকেট। টানা ছয় ইনিংসে পঞ্চাশের ওপর রান করার পর কাল ২৯ রানে আউট হয়েছেন ওয়ার্নার।
এর আগে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় উইকেটে ১৬৮ রান যোগ করেন শেহজাদ ও ইউনিস। দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করা শেহজাদ প্রথম পাকিস্তানি ওপেনার হিসেবে এক ইনিংসে চারটি ছয় মেরেছেন। ক্রিকইনফো, টেন ক্রিকেট।
পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি
ম্যাচ সেঞ্চুরি
ইউনিস খান ৯২ ২৬
ইনজামাম-উল-হক ১১৯ ২৫
মোহাম্মদ ইউসুফ ৯০ ২৪
জাভেদ মিয়াঁদাদ ১২৪ ২৩
সেলিম মালিক ১০৩ ১৫