মরুতে শাহজাদা শাহজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরিও হয়ে গেল, শাহজাদের তাই এমন উদ্‌যাপন। পরশু আফগান ব্যাটসম্যান তাণ্ডবই চালালেন জিম্বাবুয়ের বোলারদের ওপর l ক্রিকইনফো
সেঞ্চুরিও হয়ে গেল, শাহজাদের তাই এমন উদ্‌যাপন। পরশু আফগান ব্যাটসম্যান তাণ্ডবই চালালেন জিম্বাবুয়ের বোলারদের ওপর l ক্রিকইনফো

লাফালেন, শূন্যে ভাসলেন। এ পর্যন্ত সবই ঠিক আছে। মোহাম্মদ শাহজাদের উদ্যাপনটা এর পরই হলো চোখে পড়ার মতো। দুদিকে দুই হাত বাড়িয়ে ধরলেন। এক হাতে খোলা হেলমেট, অন্য হাতে ব্যাট। যেটিকে ‘ব্যাট’ বললে আপত্তি করতে পারেন জিম্বাবুয়ের বোলাররা। গদা, নাকি তলোয়ার?
শারজার মরুতে বেদুইন শাহজাদার মতো জিম্বাবুয়ের বোলারদের শাসন করলেন শাহজাদ। নাম লেখালেন ইতিহাসের পাতায়ও। তাঁর ৬৭ বলে অপরাজিত ১১৮ রানের ইনিংসটি শুধু টি-টোয়েন্টির চতুর্থ সর্বোচ্চ নয়; এমন ইনিংস আইসিসির সহযোগী সদস্যদেশের আর কোনো ব্যাটসম্যানই খেলতে পারেনি। এর আগে সহযোগী দেশগুলোর মধ্যে শুধু স্কটল্যান্ডের রিচি বেরিংটন টি-টোয়েন্টিতে ঠিক ১০০ রানের ইনিংস খেলেছিলেন, ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে।
আফগান-রূপকথায় শাহজাদের সৌজন্যে যুক্ত হলো আরও একটি অধ্যায়। তিন মাসের ব্যবধানে জিম্বাবুয়ের বিপক্ষে দুবার ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়। ওয়ানডেতেও দুবার ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে তারা। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে সহযোগী দেশগুলোর এত কম সময়ে এমন ধারাবাহিক সাফল্য আর নেই।
পরশু ৮১ রানের বড় ব্যবধানের জয়টা ক্রিকেট-বিশ্বকে দিল আরও একটি বার্তা। টি-টোয়েন্টিতে এটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে কোনো সহযোগী দেশের সবচেয়ে বড় ব্যবধানে জয়ও।
টসে জিতে ফিল্ডিং নিয়ে কী ভুলটাই না করেছিলেন এলটন চিগুম্বুরা! শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হলেন শাহজাদ। ১০ চার আর ৮ ছক্কা মেরেছেন, ৮৮ রানই এসেছে চার-ছক্কায়। তাঁর ইনিংসটিই আফগানিস্তানকে এনে দেয় ২১৫ রান। জবাবে জিম্বাবুয়ে ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায়। হ্যামিল্টন মাসাকাদজার ৪৪ বলে ৬৩ আর পিটার মুরের ৩২ বলে ৩৫ রানের দুটি ইনিংস ছাড়া জিম্বাবুয়ের ইনিংসে বলার মতো আর কোনো রান নেই। চিগুম্বুরার দল গুটিয়ে যায় ১৩৪ রানেই।
দওলত জাদরান, আমির হামজা আর সাঈদ শিরজাদ ২টি করে উইকেট নেন। তবে নায়ক শাহজাদই। ম্যাচ শেষে বললেন, ‘আগে থেকেই তো আর পরিকল্পনা করে নামিনি, তবে প্রতিটি বলই মারতে চেয়েছিলাম। সবচেয়ে বড় কথা জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে খেলতে এই দলের বোলারদের আমি চিনে গেছি।’ সূত্র: এএফপি, ক্রিকইনফো।
টি-টোয়েন্টির সর্বোচ্চ
                        ভেন্যু                সাল
১৫৬ অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সাউদাম্পটন ২০১৩
১২৩ ব্রেন্ডন ম্যাককালাম নিউজিল্যান্ড-বাংলাদেশ পাল্লেকেলে ২০১২
১১৯ ফাফ ডু প্লেসি দ. আফ্রিকা-ও. ইন্ডিজ জোহানেসবার্গ ২০১৫
১১৮* মোহাম্মদ শাহজাদ আফগানিস্তান-জিম্বাবুয়ে শারজা ২০১৬
১১৭* রিচার্ড লেভি দ. আফ্রিকা-নিউজিল্যান্ড হ্যামিল্টন ২০১২
১১৭ ক্রিস গেইল ও. ইন্ডিজ-দ. আফ্রিকা জোহানেসবার্গ ২০০৭