মরুতে সেই পাকিস্তানের দাপট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরি যেন ইউনিস-মিসবাহর কাছে এখন ডালভাত! নিউজিল্যান্ডের বিপক্ষে দুজনই পেয়েছেন সেঞ্চুরি। ছবি: এএফপি
সেঞ্চুরি যেন ইউনিস-মিসবাহর কাছে এখন ডালভাত! নিউজিল্যান্ডের বিপক্ষে দুজনই পেয়েছেন সেঞ্চুরি। ছবি: এএফপি

এ আবুধাবিতেই কদিন আগে অস্ট্রেলিয়ার ‘ত্রাস’ হয়ে আবির্ভূত হয়েছিলেন ইউনিস খান ও মিসবাহ-উল-হক। অস্ট্রেলিয়ার প্রতিবেশী নিউজিল্যান্ডের বিপক্ষেও দুজনের ভূমিকার হেরফের হয়নি। আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনে ব্ল্যাক ক্যাপদের রীতিমতো নাজেহাল করে ছেড়েছেন ইউনিস-মিসবাহ! দুজনের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৫ রান। মিসবাহর দল এগিয়ে ৫৫১ রানে।
কোরি অ্যান্ডারসন যখন বল করতে এলেন স্কোরবোর্ডে দেখাচ্ছে—ইউনিস-৯৯, মিসবাহ-৯৯। তখন দুই ধারাভাষ্যকর এক মজার খেলায় মেতে উঠলেন—কে আগে সেঞ্চুরি পাবেন? মিসবাহ স্ট্রাইকে থাকায় ধারাভাষ্যকরের একজন বললেন, পাকিস্তান অধিনায়কই আগে সেঞ্চুরি তুলে নিতে যাচ্ছেন। হলো না। মিসবাহ একটি রানও করতে পারলেন না অ্যান্ডারসনের ওভারে। পরের ওভারে স্ট্রাইকে ইউনিস, বোলার ব্রেন্ডন ম্যাককলাম। দ্বিতীয় বলেই শর্ট মিড-অনের দিকে ঠেলে দিলেন এ ডানহাতি। ফিল্ডার টিম সাউদির জন্য এটি ছিল ‘হাফ-চান্স’। লুফে নিতে পারলে দুর্দান্ত ক্যাচ হতো। কিন্তু নিয়তি যেখানে ঠিক করেছে ইউনিসকে দুহাত ভরে দেবে, সাউদির রুখে দেবার সাধ্য কই! টানা তিন ম্যাচে চার সেঞ্চুরি করলেন ইউনিস।
ওদিকে মিসবাহ আর অপেক্ষা বাড়ালেন না। ওই একই ওভারে পাকিস্তান অধিনায়কও তুলে নিলেন পঞ্চম পাকিস্তান ব্যাটসম্যান হিসেবে টানা তৃতীয় সেঞ্চুরি। দুজনের চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে এল ১৯৩ রান। আগের দিনের ১ উইকেটে ২৬৯ রানের সঙ্গে আজ পাকিস্তান যোগ করল ২ উইকেটে ২৯৭। নিউজিল্যান্ডকে প্রথম উইকেট (হাফিজ) পেতে অপেক্ষা করতে হয়েছিল ৫৩ ওভার, দ্বিতীয় উইকেট (শেহজাদ) পেতে ৬৩ ওভার। তৃতীয়টি (আজহার) পেতে মাত্র ৯ ওভার। কিন্তু ‘দ্রুত’ তৃতীয় উইকেট পাওয়ার ‘খেসারত’ হিসেবে কিনা চতুর্থ উইকেটটা আর পেলই না ব্ল্যাক ক্যাপরা! ৩ উইকেটে ৫৬৬ রানে ইনিংস ঘোষণা করলেন পাকিস্তান অধিনায়ক। প্রথমবারের মতো টানা চতুর্থবার ইনিংস ঘোষণা করল পাকিস্তান।
দ্বিতীয় দিনে আরও কিছু অর্জন আছে পাকিস্তানের। টেস্টে এই প্রথম এক ইনিংসে দলটির শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের রান ৮০-এর ওপর। অ্যান্ডরসনের বলে হিট উইকেট হওয়ার আগে আহমেদ শেহজাদ করেছেন ক্যারিয়ার-সেরা ১৭৬ রান। আজহার আলীর সঙ্গে প্রথমবারের মতো দুবার ১৫০ কিংবা তারও বেশি রানের জুটি গড়েছেন শেহজাদ। ক্রিকইনফো, টেন ক্রিকেট।