মরুর বুকে মালিকের রান বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাবল সেঞ্চুরির পর মালিক, অভিনন্দন আসাদের। ছবি: রয়টার্স
ডাবল সেঞ্চুরির পর মালিক, অভিনন্দন আসাদের। ছবি: রয়টার্স

প্রথম ডাবল সেঞ্চুরি। তবে উদ্‌যাপনে নেই বাড়াবাড়ি। ব্যাট তোলা আর পাকিস্তানি ব্যাটসম্যানদের অলিখিত রীতি মেনে সেজদা—এতেই সীমিত থাকল শোয়েব মালিকের উদ্‌যাপন। পাঁচ বছর পর দলে ফিরেই দুদিনে মরুর বুকে বইয়ে দিলেন রানের বন্যা! মালিকের ডাবল সেঞ্চুরি ও আসাদের সেঞ্চুরিতে ইংলিশদের বিপক্ষে রানের পাহাড় গড়ল পাকিস্তান।
প্রথম দিনের ৪ উইকেট ২৮৬ রানের সঙ্গে আজ ২৩৭ রান যোগ করল পাকিস্তান। ৮ উইকেটে ৫২৩ রান তুলে ইনিংস ঘোষণা দিলেন পাকিস্তান অধিনায়ক। জবাবে কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান করেছে ইংল্যান্ড। অ্যালিস্টার কুক অপরাজিত ৩৯ ও মঈন আলী ১৫ রানে।
আবুধাবি টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মালিক। আজ সেটি রূপ দিলেন ‘ডাবলে’। মালিককে যোগ্য সঙ্গ দিলেন আসাদ। দুজনের পঞ্চম উইকেট জুটিতে এল ২৪৮। পঞ্চম উইকেটে ইংলিশদের বিপক্ষে এটাই পাকিস্তানের সর্বোচ্চ। এর আগেরটি রেকর্ড ছিল জাভেদ বুরকি-নাসিম-আল গনির। ১৯৬২ সালে লর্ডসে দুজনের পঞ্চম উইকেট জুটিতে এসেছিল ১৯৭।
অষ্টম টেস্ট সেঞ্চুরির পর মার্ক উডের বলে আসাদ ফিরলেও মালিক টিকে ছিলেন আরও কিছুক্ষণ। ডানহাতি ব্যাটসম্যানের ৪২০ বলে ২৪৫ রানের কাব্যিক ইনিংসটা শেষ হয় বেন স্টোকসের শিকার হয়ে। ইংলিশদের বিপক্ষে ডাবল সেঞ্চুরি পাওয়া ষষ্ঠ পাকিস্তানি ব্যাটসম্যান মালিক। তা-ই নয়, পাকিস্তানের হয়ে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের সেরা দশেও ঢুকে পড়েছেন। 

৪ উইকেটে ৪৯৯ রান তুলে চার বিরতিতে গেল পাকিস্তান। চা বিরতির পর ২৪ রানে ৪ উইকেটের পতন। এ চারটির তিনটিই স্টোকসের দখলে। এর পরই ইনিংস ঘোষণা করলেন পাকিস্তান অধিনায়ক।
ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্টোকস। ইংলিশ পেসার নিয়েছেন চার উইকেট। তবে ভয়াবহ দুর্দশা ইংলিশ স্পিনারদের। ৭০ ওভারে ৩০২ রানে পাননি একটি উইকেটও।