মহারণ নিয়ে তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহামেডানের অধিনায়ক মুশফিকের সঙ্গে তামিম। ছবি: প্রথম আলো
মোহামেডানের অধিনায়ক মুশফিকের সঙ্গে তামিম। ছবি: প্রথম আলো

একটা সময় ছিল আবাহনী-মোহামেডান মানেই রোমাঞ্চকর-স্নায়ুক্ষয়ী ম্যাচের নিশ্চয়তা! সে যে খেলাই হোক। সময়ের সঙ্গে বদলেছে চিত্র। এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই টান টান উত্তেজনা—এ নিশ্চয়তা হররোজ মেলে না। তবুও দর্শকদের প্রত্যাশা, মোহামেডান-আবাহনী ম্যাচে থাকবে অন্য রকম ঝাঁজ-উত্তাপ। কাল দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাবের লড়াইয়ের আগে এই তাপ বেশ অনুভব করছেন তামিম ইকবাল।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডানের মুখোমুখি হওয়ার আগে কিছুটা পিছিয়েই আছে আবাহনী। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে সবার ওপরে মোহামেডান, ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেখানে ছয়ে আবাহনী। এমনিতে মহারণ, তার ওপর পয়েন্ট টেবিলে বেশ পিছিয়ে। ম্যাচটা চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন আবাহনী অধিনায়ক, ‘অবশ্যই এটি খেলোয়াড়দের জন্য সবচেয়ে বড় ম্যাচ। এই অনুভূতিটা আমাদের সবার মধ্যেই থাকে। নিশ্চিত মোহামেডানেরও খেলোয়াড়দের মধ্যেও আছে। দর্শকেরাও খবর নেয়, খেলায় কে জিতছে। এটা একটা চ্যালেঞ্জ। চেষ্টা করব চ্যালেঞ্জটা ইতিবাচকভাবে নিতে। পাঁচ ম্যাচে দুটি হেরেছি, তিনটা জিতেছি। জানি, আমরা এখনো সেরা খেলতে পারিনি।’ 

একটা সময় আবাহনী-মোহামেডান ম্যাচে থাকতেন কিছু ‘ব্র্যান্ড খেলোয়াড়’। দলীয় লড়াই ছাপিয়ে বলা হতো ‘অমুকের সঙ্গে অমুকের লড়াই’। বর্তমান সময়ে সেটি খুঁজে পাওয়া মুশকিল। এর পেছনে ‘প্লেয়ার ড্রাফট’ পদ্ধতি একটি কারণ মনে করছেন তামিম, ‘এখন খেলোয়াড়রা আগ থেকেই ঠিক করতে পারে না কে কোন জায়গায় খেলবে। এটা ঠিক, আমি যদি একটি দলে চার-পাঁচ বছর খেলি, ওই দলের প্রতি আলাদা একটা অনুভূতি তৈরি হবে। আকরাম চাচা, নান্নু ভাইয়েরা যখন একটা দলে ১০-১৫ বছর খেলেছেন, তাঁদের এই অনুভূতি ছিল। দুই দলের লম্বা ইতিহাস আছে। দুই দলের লড়াইয়ের ইতিহাসও আছে। আমি মনে করি, এখনো খেলোয়াড়দের মধ্যে এসব ভাবনা কাজ করে।’
পয়েন্ট টেবিলে খানিকটা পিছিয়ে থাকলেও আবাহনী অধিনায়ক তীব্র প্রতিদ্বন্দ্বিতার প্রতিশ্রুতিই দিচ্ছেন, ‘আশা করি ভালো একটা ম্যাচ হবে। আবাহনী চাইছে অসাধারণ খেলতে, মোহামেডানও তা-ই। ভালো প্রতিদ্বন্দ্বিতাই হবে।’