মহিন্দর অমরনাথ: প্রথম হাই-প্রোফাইল কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক সময়ের টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারিকে বোলিং কোচ হিসেবে পেল বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু অসাধারণ সব কোচকে পেয়েছে, এই পর্যন্ত বাংলাদেশের অগ্রযাত্রায় অবদান আছে যাঁদের। সেই সব কোচদের নিয়ে আমাদের নতুন ধারাবাহিক। তৃতীয় পর্বে আজ থাকছেন মহিন্দর অমরনাথ
অমরনাথ অবশ্যই বড় জায়গা জুড়ে থাকবেন এদেশের ক্রিকেট ইতিহাসে। ছবি: সংগৃহীত।
অমরনাথ অবশ্যই বড় জায়গা জুড়ে থাকবেন এদেশের ক্রিকেট ইতিহাসে। ছবি: সংগৃহীত।

১৯৯২ সালে আইসিসির এক ঘোষণায় নড়েচড়ে বসল সে সময়কার বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিবি)। ঘোষণাটা ছিল ১৯৯৬ বিশ্বকাপে আইসিসির তিন সহযোগী সদস্য দেশের খেলার ব্যাপারে। আইসিসি ট্রফির চ্যাম্পিয়ন, রানার্স আপ আর তৃতীয় স্থান অর্জনকারী দেশ বিশ্বকাপে খেলবে—আইসিসির এই ঘোষণায় বিশ্বকাপ খেলার আরাধ্য স্বপ্নটা বাস্তবের খুব কাছেই দেখতে পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড। স্বপ্নটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাটা জেগেছিল সে বছরই জিম্বাবুয়ের টেস্ট মর্যাদা পেয়ে যাওয়াতে। ডেভ হটন, অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ারদের উদীয়মান ক্রিকেট-শক্তি জিম্বাবুয়ে ছিল সে সময় বাংলাদেশের বিশ্বকাপ খেলার পথে সবচেয়ে বড় বাধা। ১৯৯০ সালে হল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে তৃতীয় হওয়ার কারণেও আইসিসির সিদ্ধান্তে বিশ্বকাপ খেলার প্রশ্নে প্রচণ্ড আশাবাদী হয়ে ওঠে বাংলাদেশ।

১৯৯৪ সালে কেনিয়ার আইসিসি ট্রফিকে ধরা হয়েছিল বাংলাদেশের ক্রিকেটের বাঁকবদলের মঞ্চ হিসেবে। বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ প্রস্তুতিটাও শুরু করেছিল আটঘাট বেঁধেই। দেশের ক্রিকেট ইতিহাসে সেবারই প্রথম নিয়োগ দেওয়া হয় দীর্ঘমেয়াদী কোচ। বাংলাদেশ দলের দায়িত্ব নেন, ১৯৮৩ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের অন্যতম নায়ক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ মহিন্দর অমরনাথ। অমরনাথই ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম দীর্ঘমেয়াদী ‘হাই-প্রোফাইল’ কোচ।

অমরনাথ দায়িত্ব নেওয়াতে আশার সঞ্চার হয়েছিল দেশের ক্রিকেটে। তিনি দায়িত্ব নিয়েই জাতীয় দলকে পরিচয় করান আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন বিষয়গুলোর সঙ্গে। শারীরিক ফিটনেসকে খুব গুরুত্ব দিতেন তিনি। অমরনাথের অধীনেই বাংলাদেশের খেলোয়াড়েরা প্রথম জানতে পারেন, আন্তর্জাতিক ক্রিকেটে ভালোমতো পারফরম করে যাওয়ার অন্যতম অনুষঙ্গ যে ফিটনেস—অমরনাথের অধীনে বাংলাদেশের ক্রিকেটাররা প্রথমবারের মতো জানতে পারেন বিষয়টা। ১৯৯৩ সালের শুরুর দিকে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন অমরনাথ। ছিলেন ৯৪’র ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত আইসিসি ট্রফি পর্যন্ত।

অমরনাথের সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন মিনহাজুল আবেদীন। যিনি বর্তমানে জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যান্য তারকারা ছিলেন গোলাম নওশের প্রিন্স, আতহার আলী খান, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম, আকরাম খান, সেলিম শাহেদ, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম তালুকদার দুলু প্রমুখ। অমরনাথ দলে কয়েকজন নতুন খেলোয়াড়ের আবির্ভাব ঘটান। এঁদের মধ্যে ছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও শরিফুল হক প্লাবন। ছিলেন সে সময়কার অন্যতম প্রতিশ্রুতিশীল ক্রিকেটার সাজিদ হাসান।

অমরনাথ খুব উঁচুমানের ক্রিকেট ব্যক্তি ছিলেন—এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আশির দশকে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বাংলাদেশের কোচ হয়ে আসায় দলে গুণগত পরিবর্তন দেখা দেয়। ফিটনেসের ওপর জোর দেওয়ায় ফিটনেস-অনুশীলন বিমুখ সিনিয়র ক্রিকেটাররাও আগের চেয়ে অনেক বেশি চনমনে হয়ে ওঠেন। অমরনাথের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ভারতের হায়দ্রাবাদে মঈনুদ্দৌলা ট্রফি। তাঁর অধীনে ১৯৯৩ সালের শেষ দিকে ও ১৯৯৪ সালের শুরুতে জিম্বাবুয়ে এবং পাকিস্তান টেস্ট দলের বিপক্ষে চারটি প্রদর্শনী ম্যাচে দারুণ খেলেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে দুটো ম্যাচে বাংলাদেশ হেরে যায় যথাক্রমে ৯ ও ১৩ রানে। সেলিম মালিকের নেতৃত্বাধীন পাকিস্তানের বিপক্ষে দুটো ম্যাচেই দুশো রান তুলে দেশের ক্রিকেটপ্রেমীদের মনে আশার জাগিয়ে তুলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। 

অমরনাথ জাতীয় দলের অধিনায়কত্বে পরিবর্তন এনেছিলেন। ১৯৯০ সাল থেকে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা মিনহাজুল আবেদীনকে সরিয়ে তিনি অধিনায়ক করেন ফারুক আহমেদকে। ব্যাপারটা সে সময় যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছিল। ফিটনেসের ওপর তাঁর মাত্রাতিরিক্ত জোর দেওয়াও জন্ম দিয়েছিল সমালোচনার। কথিত আছে, তিনি ক্রিকেটারদের গলায় টায়ার ঝুলিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম-সংলগ্ন ২৪ তলা শিল্পব্যাংক ভবনে ওপর-নিচ করাতেন। ব্যাপারটা কতটুকু সত্য, কতটুকু গল্পগাথা, সেটা নিয়ে বিতর্ক থাকলেও এটা সত্যি যে অমরনাথের কাছে দল নির্বাচনে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের তারকাখ্যাতির চেয়েও ফিটনেস ও পারফরম্যান্সই ছিল মুখ্য।
১৯৯৪ আইসিসি ট্রফিতে ব্যর্থ হয় বাংলাদেশ। অনেকেই বলেন, সেই ব্যর্থতা বাংলাদেশের ক্রিকেটকে ১০ বছর পিছিয়ে দিয়েছিল। অমরনাথকেও সেই ব্যর্থতার দায় নিতে হয়েছে। কিন্তু সফল হলে নিশ্চয়ই বাহবা পেতেন তিনি। জাতীয় ক্রিকেট দলের সাজঘরে বেশ কিছু সংস্কৃতির পরিচয় ঘটিয়েছিলেন তিনি—যা পরবর্তীতে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ভালোভাবেই কাজে এসেছে।
কেনিয়ায় শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বড় ধরনের ধাক্কা হয়েই আসে দলের জন্য। প্রথমে ব্যাট করে ২৩৩ রান করেও ভারত-পাকিস্তান ও শ্রীলঙ্কান খেলোয়াড়দের নিয়ে গঠিত সংযুক্ত আরব আমিরাতের কাছে ৬ উইকেটে হেরে যায় বাংলাদেশ। এই হারে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের খেলা পড়ে শক্তিশালী হল্যান্ড, কেনিয়া ও হংকংয়ের সঙ্গে। হল্যান্ডের বিপক্ষে মামুলি রানের লক্ষ্য পেয়ে ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ। কেনিয়ার বিপক্ষে ডু অর ডাই ম্যাচে কেনিয়ার ২৯৫ রান তাড়া করে হেরে যায় মাত্র ১৩ রানে। শেষ ম্যাচে হংকংকে সহজে হারালেও ততদিনে বিশ্বকাপ-স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের।
মহিন্দর অমরনাথের পর অনেক কোচ এসেছেন-গেছেন। কাজ করে গেছেন গর্ডন গ্রিনিজ, এডি বারলোর মতো ব্যক্তিত্ব। বাংলাদেশ আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ খেলেছে, পেয়েছে টেস্ট মর্যাদা। এই প্রজন্মের অনেকের কাছেই অমরনাথের সময়টা অচেনা-অজানা। কিন্তু তারপরেও এদেশের ক্রিকেটের উন্নতির পথে অমরনাথের অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণযোগ্য।

আরও পড়ুন: