মহীশুরে ব্যাটিং বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো ভারতের জার্সি গায়ে ওঠেনি। তবে কর্ণাটকের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে যা করলেন, তাতে প্রসিদ্ধ কৃষ্ণার ভবিষ্যৎ উজ্জ্বলই মনে হচ্ছে। ১৯ বছর বয়সী এই পেসারই কাল এলোমেলো করে দিলেন বাংলাদেশের ক্রিকেটারদের অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির শুরুটাকে। ৫ উইকেট নিয়ে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংস থামিয়ে দিয়েছেন ১৫৮ রানে। মহীশুরের শ্রীকান্ত দত্ত নরসিমা রাজা ওয়াদেয়ার মাঠে অবশ্য স্বস্তিতে নেই কর্ণাটকও। ৬ উইকেটে ১৬৩ রান করে তিন দিনের ম্যাচের প্রথম দিন শেষ করেছে স্বাগতিকেরা।

টসে জিতে ওপেনারদের ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ অধিনায়ক মুমিনুল হক। কিন্তু সিদ্ধান্তটা বুমেরাং হয়ে ফিরে আসতে লাগল ইনিংসের দ্বিতীয় ওভার থেকেই। কৃষ্ণার বলে ভাবানের ক্যাচ হয়ে ফিরলেন রনি তালুকদার। সেই যে শুরু, উইকেট পড়ার মিছিলে লম্বা বিরতি কখনোই পড়েনি। ৩৮.৪ ওভারে অলআউট। সর্বোচ্চ জুটি নবম উইকেটে শুভাগত হোম ও সাকলাইন সজীবের ৩৯।

বাংলাদেশের ইনিংসে দুই অঙ্কের রান মাত্র তিন ব্যাটসম্যানের—লিটন দাস (৫০), শুভাগত (৫৫) ও সাকলাইনের (১৫*)। ভারত ‘এ’র বিপক্ষে এক দিনের ম্যাচের সিরিজেও মোটামুটি ধারাবাহিক ছিল লিটনের ব্যাট। তিন ম্যাচে করেছেন ৭৫, ৪৫ ও ২১। সেই ধারাবাহিকতা ধরে রেখে কালও ইনিংসের অর্ধেকটা সময় এক প্রান্ত আগলে রাখলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের একাদশ ফিফটি করে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হলেন, দলের রান মাত্র ৭৬। লিটনের উইকেটটা নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে আরেক অভিষিক্ত বাঁহাতি স্পিনার জগদীশা সুচিথ। তবে বাংলাদেশের প্রথম ৬ উইকেটের ৪টিই নিয়েছেন প্রসিদ্ধ। এর মধ্যে বাংলাদেশ ‘এ’ দলের রান ২৭-এ রেখে এক ওভারে তুলে নিয়েছেন এনামুল ও সৌম্যকে। পরে কামরুলকে এলবিডব্লু করে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেকটাকে করেছেন আরও স্মরণীয়।

১০৪ রানে ৭ উইকেটের পতন—সেখান থেকে দেড় শ পেরোনোটাই বড় চ্যালেঞ্জ ছিল বাংলাদেশ ‘এ’ দলের জন্য। শুভাগতর কল্যাণে সেটি অবশ্য হয়েছে। পরে বল হাতেও সফল শুভাগত। কর্ণাটকের ৬ উইকেটের ৩টিই এই অফ স্পিনারের, অন্য তিনটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সাকলাইন। ২৮ রানে প্রথম উইকেট হারানোর পর থেকে কর্ণাটকের ইনিংসটাও সেভাবে গতি পায়নি বাংলাদেশের দুই স্পিনারের কারণেই। তবে ১০০ রানে ষষ্ঠ উইকেট পড়ার পর শিশির ভাবানে ও সুচিথ অবিচ্ছিন্ন থেকে যোগ করেছেন আরও ৬৩ রান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস:  ৩৮.৪ ওভারে ১৫৮ (এনামুল ৫, রনি ০, মুমিনুল ১, লিটন ৫০, সৌম্য ০, নাসির ৮, শুভাগত ৫৫, কামরুল ৮, জুবায়ের ৪, সাকলাইন ১৫*, আল-আমিন ৫; শরৎ ১/২৮, কৃষ্ণা ৫/৪৯, আগরওয়াল ০/৫, গোপাল ১/৩৬, সুচিথ ১/২২, প্যাটেল ২/১১)। 

কর্নাটক ১ম ইনিংস:  ৪৯ ওভারে ১৬৩/৬ (সামার্থ ২৫, আগরওয়াল ১৬, রেড্ডি ২৮, উথাপ্পা ১, গৌতম ৩, গোপাল ১৭, ভাবানে ৫৫*, সুচিথ ১৪*; আল-আমিন ০/৩১, কামরুল ০/১৯, সাকলাইন ৩/৪৮, শুভাগত ৩/২৯, জুবায়ের ০/২৭, নাসির ০/৬)।