মাইলফলকটা ঘরের মাঠেই ছুঁলেন তামিম

সিরিজ শুরুর আগে দরকার ছিল শুধু ৬৯ রান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এই অল্প কয়েকটি রান হলেই মাইলফলকটা ছোঁয়া হয়ে যেত তামিম ইকবালের। কী সেটি? প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রান। কিন্তু মিরপুরে দুই ম্যাচেও অপেক্ষাটা ঘুচল না। প্রথম ম্যাচে তামিম করলেন ১৭, পরেরটিতে আরও ৩ কম। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে অপেক্ষাটা তাই দাঁড়াল ৩৮ রানের। তবে ঘরের মাঠে ফিরে দর্শকদের আর হতাশ করলেন না চট্টগ্রামের ছেলে। ছুঁয়ে ফেললেন মাইলফলক!
১-১ সমতায় থাকা সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস হেরে আজ আগে ব্যাটিং করছে বাংলাদেশ। দুর্দান্ত শুরুই এনে দিয়েছেন দুই ওপেনার তামিম ও ইমরুল। শেষ পর্যন্ত ইমরুল ৪৫ করে ফিরেছেন ১৯তম ওভারে। তামিমও মাইলফলকটা ছুঁতে আর দেরি করেননি। ক্রিস ওকসের করা ২২তম ওভারের পঞ্চম বলে ডিপ মিডউইকেটে চার মেরে মাইলফলকটা ছুঁয়েছেন। পরের বলেই আবারও মেরেছেন চার। তবে মাইলফলকটা ছুঁয়ে আর বেশিক্ষণ ক্রিজে ছিলেন না তামিম। আদিল রশিদের বলে মারতে গিয়ে আউট হয়ে গেছেন ৪৫ রানে।
ব্যাটিংয়ে বাংলাদেশের পক্ষে সব কটি রেকর্ড নিজের করে নিয়েছেন। একের পর এক নতুন উচ্চতায় নিজেকে নিয়ে চলেছেন তামিম। গড়ছেন প্রথম বাংলাদেশি হিসেবে নানা কীর্তি। এমনই আরেক কীর্তির গড়লেন আজ। পাঁচ হাজার রান করতে ১৫৯টি ওয়ানডে খেলতে হয়েছে তামিমকে।
তবে একটা অতৃপ্তি এখনো আছে তামিমের। ঘরের মাঠে যে একটিও ওয়ানডে সেঞ্চুরি নেই। টেস্টে অবশ্য জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বশেষ তিন ইনিংসে একটি সেঞ্চুরি আর দুটি ফিফটি আছে। এ মাঠে তাঁর সর্বশেষ দুটি ওয়ানডে ইনিংসও ছিল ৭৬ ও অপরাজিত ৬১ রানের।
| নাম | ম্যাচ | রান |
| তামিম ইকবাল | ১৫৯* | ৫০০৭ |
| সাকিব আল হাসান | ১৬৩* | ৪৫৬২ |
| মুশফিকুর রহিম | ১৬৪* | ৪০০৯ |
| মোহাম্মদ আশরাফুল | ১৭৫ | ৩৪৬৮ |
| মাহমুদউল্লাহ | ১৩১* | ২৮৪৮ |
* চলতি ম্যাচ