মাঝসমুদ্রে জানা গেল, তিনি উইকেটরক্ষক নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>কেনেথ বার্ন অস্ট্রেলিয়া দলে ঢুকেছিলেন উইকেটকিপার হিসেবে। অথচ তিনি জীবনে কখনো উইকেটকিপিং করেননি
কেনেথ বার্ন। ছবি: ক্রিকইনফো
কেনেথ বার্ন। ছবি: ক্রিকইনফো

অস্ট্রেলিয়া দল তখন মাঝসমুদ্রে। ১৮৯০ সালের ইংল্যান্ড সফরে যাচ্ছিল অস্ট্রেলিয়া। মাঝসমুদ্রে এসে অস্ট্রেলিয়া দলের কর্তাব্যক্তিরা জানতে পারলেন, সফরের জন্য নির্বাচিত উইকেটরক্ষক ব্যাটসম্যান কেনেথ বার্ন জীবনে কখনো গ্লাভস পরে উইকেটের পেছনে দাঁড়াননি!

জাহাজে সতীর্থদের সঙ্গে আড্ডায় বার্ন নিজেই এ বোমা ফাটান। তখন তাসমানিয়া ক্রিকেটে চেনা মুখ ছিলেন তিনি। ব্যাটিংয়ের জন্যই এ নামযশ। কিন্তু অস্ট্রেলিয়া টেস্ট দলের নির্বাচকেরা কীভাবে যেন খবর পেয়েছিলেন, ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংও করেন বার্ন।

ভালো ক্রিকেটার জেনেই হয়তো নির্বাচকেরা বার্নকে নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করেননি। দলের দ্বিতীয় উইকেটকিপার হিসেবে বেছে নেওয়া হয় বার্নকে। প্রথম পছন্দ ছিলেন জ্যাক ব্ল্যাকহাম। জরুরি পরিস্থিতি তৈরি না হলে বার্নের উইকেটের পেছনে দাঁড়ানোর কথা ছিল না।

১৮৯০ সালের সেই অ্যাশেজে দুটি টেস্ট খেলেন ২৭ বছর বয়সী বার্ন। ভাগ্য ভালো, উইকেটকিপার হিসেবে খেলতে হয়নি, খেলেছেন ব্যাটসম্যান হিসেবে। রান খুব বেশি করতে পারেননি। দুই টেস্ট মিলে করেন ৪১ রান, গড় ১০.২৫। বার্নের টেস্ট ক্যারিয়ারও লম্বা হয়নি। ১৮৯০ সালের অ্যাশেজের দুটি ম্যাচই শেষ।

একটু অন্য কথায় যাওয়া যাক। ১২৭ বছর পর অস্ট্রেলিয়ান নির্বাচকেরা প্রায় একই ঘটনা ঘটায়। ২০১৭ সালে ঘরের মাঠের অ্যাশেজে টিম পেইনকে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে নির্বাচন করা হয়। ৩২ বছর বয়সী পেইনও তাসমানিয়ার ক্রিকেটার, যিনি নিজের রাজ্য দলেও কিপার হিসেবে সুযোগ পাচ্ছিলেন না। টেস্ট খেলেছিলেন সাত বছর আগে। তবু কী মনে করে নির্বাচকরা পেইনকে অ্যাশেজে উইকেটরক্ষকের দায়িত্বভার তুলে দেন।

১৮৯০ সালে ইংল্যান্ড সফরে যাওয়া অস্ট্রেলিয়া দল। পেছনে বাম থেকে দ্বিতীয় কেনেথ বার্ন। ছবি: টুইটার
১৮৯০ সালে ইংল্যান্ড সফরে যাওয়া অস্ট্রেলিয়া দল। পেছনে বাম থেকে দ্বিতীয় কেনেথ বার্ন। ছবি: টুইটার

পেইন অবশ্য হতাশ করেননি। ২০১৭ অ্যাশেজে ব্রিসবেন টেস্টে জেমস ভিন্সের ক্যাচ মিস করা ছাড়া পুরো অ্যাশেজে দারুণ কিপিং করেন। সেই পেইন এখন অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক।

ডন ব্র্যাডম্যান বিশ্বাস করতেন, যে কোন টেস্ট দলে থাকা উচিত দেশের সেরা ছয় ব্যাটসম্যান, চার বোলার ও একজন উইকেটরক্ষক। তিনি নাকি উইকেটরক্ষকের কাছে রানের আশা করতেন না। ব্র্যাডম্যান কখনই ডন ট্যালনকে ক্যাচ ফেলতে দেখেননি। তাই তাঁর পছন্দের সর্বকালের সেরা একাদশে ট্যালন ছিলেন উইকেটরক্ষক। অথচ ২১ টেস্টে ট্যালনের ব্যাটিং গড় ছিল ১৭.১৩। ওয়ালি গ্রউট, আরেক কিংবদন্তি উইকেটকিপারের ৫১ টেস্টে ব্যাটিং গড় ছিল ১৫.০৮।

১৯৭০ সালের দিকে ওয়ানডে ক্রিকেটের উত্থানের পর ব্যাটিং গুরুত্বপূর্ণ হয়ে পড়ে উইকেটরক্ষকদের জন্য। ৯০ দশকের শেষ দিকে অ্যাডাম গিলক্রিস্ট এসে উইকেটরক্ষকদের ভূমিকা পাল্টে দেন ঝোড়ো ব্যাটিংয়ে। গিলক্রিস্টের যে ৯৬ টেস্টে গড় ছিল ৪৭.৬ স্ট্রাইকরেট ৮২!