মাঝপথেই উইন্ডিজের সিরিজ বর্জন

অভ্যন্তরীণ একটা দ্বন্দ্ব চলছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু সেটির ফল যে এমন হবে, সেটা বোধ হয় আন্দাজ করতে পারেননি কেউই। বেতন-ভাতা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে (ডব্লুআইসিবি) খেলোয়াড়দের চলমান দ্বন্দ্বের মীমাংসা না হওয়ায় ভারত সফরের মাঝপথেই দেশে ফিরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
গতকাল ধর্মশালায় চতুর্থ ওয়ানডেটাই ছিল সিরিজের শেষ ম্যাচ। বাতিল হয়ে গেল পূর্বনির্ধারিত সিরিজের শেষ ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও তিন টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিকল্প হিসেবে শ্রীলঙ্কার সঙ্গে একটা ওয়ানডে সিরিজ আয়োজন নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ওয়েস্ট ইন্ডিজ ফিরে যাচ্ছে এটা নিশ্চিত হয়ে যাওয়ার পরই ক্রিকেটীয় ও আর্থিক ক্ষতিটা পুষিয়ে নিতে শ্রীলঙ্কার সাহায্য চেয়েছিল ভারত। ৫ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলতে রাজি হয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সচিব নিশান্থা রানাতুঙ্গা কাল ক্রিকইনফোকে বলেছেন, ‘প্রথমে ভারত আমাদের সঙ্গে একটা টি-টোয়েন্টিও খেলতে চেয়েছিল। কিন্তু সামনে যেহেতু বিশ্বকাপ, আমরা মনে করছি ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে দুই দেশ যথেষ্ট উপকৃত হবে।’ পরে বিসিসিআই একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ১ নভেম্বর থেকে শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে সিরিজ শুরু হবে। এর আগেই অবশ্য বিসিসিআই সচিব সঞ্জয় প্যাটেলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ডব্লুআইসিবি এক বার্তায় ভারত সফর থেকে তাদের দল ফেরত নেওয়ার সিদ্ধান্তটা জানিয়েছে। এমন সিদ্ধান্তে আমরা বিস্মিত ও হতাশ।’ দুই দেশের ক্রিকেট সম্পর্কে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে বলেও উল্লেখ করা হয় তাতে।
পরে বার্তা সংস্থা পিটিআইকে প্যাটেল জানিয়েছেন, তাঁরা বিষয়টি নিয়ে আইসিসি পর্যন্ত যাবেন এবং ডব্লুআইসিবির কাছে ক্ষতিপূরণ চাইবেন। তবে সফর বাতিলের কোনো সিদ্ধান্ত তারা নেয়নি বলে জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
ক্যারিবীয় খেলোয়াড়েরা অবশ্য ওয়ানডে সিরিজ শুরুর আগেই ম্যাচ বর্জনের হুমকি দিয়েছিলেন। তাঁদের দ্বন্দ্বটা মূলত ক্যারিবীয় ক্রিকেটারদের সংগঠন (ডব্লুআইপিএ) ও ডব্লুআইসিবির সঙ্গে। গত সেপ্টেম্বরে খেলোয়াড়দের বেতন-ভাতা নিয়ে একটা চুক্তি স্বাক্ষর করে ডব্লুআইপিএ ও ডব্লুআইসিবি। খেলোয়াড়দের অভিযোগ, এই চুক্তির মাধ্যমে ডব্লুআইপিএ নেতারা তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। নতুন এই চুক্তিতে আন্তর্জাতিক ক্রিকেটারদের পাওনা কমে যাচ্ছে—এমন অভিযোগ তুলে খেলোয়াড়দের মুখপাত্র ডোয়াইন ব্রাভো বলেছিলেন, নতুন চুক্তির ব্যাপারে তাঁদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। চুক্তির মাধ্যমে খেলোয়াড়দের সঙ্গে নাকি ‘ধাপ্পাবাজি’ করা হয়েছে।
বোর্ডের সঙ্গে ক্যারিবীয় এই দ্বন্দ্ব নতুন কিছু নয়। ২০০৯ সালে পারিশ্রমিক নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে বাংলাদেশের সঙ্গে ঘরের মাঠে সিরিজ বর্জন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির সব খেলোয়াড়। শেষ মুহূর্তে তাই একটি দ্বিতীয় সারির দল মাঠে নামাতে বাধ্য হয় ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। সেই সিরিজে টেস্ট ও ওয়ানডে দুই ধরনের ক্রিকেটেই বাংলাদেশ হোয়াইটওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজকে। বিসিসিআই ওয়েবসাইট, ক্রিকইনফো।