মাঞ্জরেকারকে ধারাভাষ্য থেকে বাদ দিল বিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের আইপিএলে দেখা যাবে না মাঞ্জরেকারকে। ছবি: টুইটার
এবারের আইপিএলে দেখা যাবে না মাঞ্জরেকারকে। ছবি: টুইটার

ভারতের সিরিজ মানেই ধারাভাষ্য কক্ষে কয়েকটি পরিচিত মুখ। এদের মাঝে সঞ্জয় মাঞ্জরেকারই সবচেয়ে বেশি আলোচিত। যতটা না বিশ্লেষণী ধারাভাষ্যের জন্য, তার চেয়েও বেশি বিতর্কিত মন্তব্যের কারণে। টুইটারেও আলোচনার ঝড় তোলেন বিতর্কিত বিষয়ে। সাবেক এই খেলোয়াড়কে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিজেদের ধারাভাষ্য দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর পেছনে অবশ্য এখন পর্যন্ত কোনো কারণ জানানো হয়নি।

শুধু আন্তর্জাতিক ম্যাচের দায়িত্ব থেকেই সরানো হচ্ছে না মাঞ্জরেকারকে। ধারণা করা হচ্ছে পিছিয়ে পড়া আইপিএলের ধারাভাষ্য দল থেকেও বাদ পড়তে যাচ্ছে মাঞ্জরেকারের নামও। করোনাভাইরাসের কারণে ২৯ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কিন্তু এপ্রিলেও টিভি পর্দায় অন্তত আইপিএলের ম্যাচে মাঞ্জরেকারের কণ্ঠ শোনার সম্ভাবনা কম।

করোনাভাইরাসের কারণে ভারত-দক্ষিণ সিরিজ স্থগিত করা হয়েছে। তবে সিরিজের প্রথম ম্যাচ আয়োজনের সর্বোচ্চ চেষ্টাই হয়েছিল। কিন্তু বৃষ্টিতে ভেসে গেছে সে ম্যাচ। ম্যাচ না হলেও বিসিসিআইয়ের ধারাভাষ্য দলের সুনীল গাভাস্কার, লক্ষণ শিবরামকৃষ্ণ ও মুরালি কার্তিক মাঠে ছিলেন। কিন্তু এত দিন এঁদের সঙ্গী থাকা মাঞ্জরেকার ছিলেন না ধর্মশালার স্টেডিয়ামে। এখন পর্যন্ত তাঁর বাদ পড়ার কারণ বলা না হলেও ধারণা করা হচ্ছে তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট নয় কর্তৃপক্ষ।

মুম্বাই মিররকে বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘তাকে আইপিএলে থেকেও বাদ দেওয়া হতে পারে। আপাতত আমাদের চিন্তায় সেটা নেই, তবে এটাও সত্যি তার কাজে আমরা খুশি না।’ গত বছর দুবার বড় ধরনের বিতর্ক সৃষ্টি করেছিলেন মাঞ্জরেকার। প্রথমে বিশ্বকাপের আগে রবীন্দ্র জাদেজাকে ‘সীমিত ক্ষমতার ক্রিকেটার’ বলেছিলেন। আবার হার্শা ভোগলে পেশাদার ক্রিকেটার খেলেননি বলে তাঁর ক্রিকেট নিয়ে ধারণা নেই, এমন মন্তব্যও করেছিলেন। পরে ক্ষমাও চেয়েছিলেন।

ক্ষমা চেয়েও হয়তো লাভ হলো না মাঞ্জরেকারের।