মাঞ্জরেকারের চার, মিসবাহর পাঁচ

ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বিশ্লেষক হিসেবে একটু আলাদা ঘরানার। জনপ্রিয় মতামতের বিপক্ষে কথা বলেন বেশির ভাগ সময়। এ জন্য সমালোচনাও সইতে হয়। কিন্তু মাঞ্জরেকার নিজ পথে থাকতেই অভ্যস্ত। এবার যেমন কথা বললেন টেস্ট ক্রিকেট চার দিনের হওয়া উচিত কি না, সে প্রসঙ্গে। শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, বিরাট কোহলি, ক্রিস গেইল, ইয়ান বোথাম, গ্লেন ম্যাকগ্রা থেকে অনেকেরই চাওয়া যেখানে পাঁচ দিনের টেস্টই টিকে থাক, মাঞ্জরেকার সেখানে ঠিক তার উল্টো অবস্থানে। তাঁর মতে, টেস্ট ক্রিকেটে সংস্কার প্রয়োজন। সমর্থকদের পছন্দ অগ্রাধিকার দিয়েই টেস্ট ক্রিকেট পরিবেশন করা হোক।
২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত ভবিষ্যৎ সফর পরিকল্পনায় (এফটিপি) পাঁচ দিনের বদলে চার দিনের টেস্টের কথা ভাবছে আইসিসি। এরপর থেকেই খেলাটির সবচেয়ে মর্যাদার সংস্করণে সংস্কারের প্রশ্নটা উঠছে নতুন করে। শেন ওয়ার্ন, মাইকেল ভন, মার্ক টেলরের মতো সাবেকেরা চার দিনের টেস্টের পক্ষে। ‘মুম্বাই মিরর’কে এ নিয়ে মাঞ্জরেকারের মন্তব্য, ‘মূল বিষয়গুলো ঠিক রেখে সমর্থকদের পছন্দ মাথায় রেখে টেস্ট পরিবেশন করা হোক। এখানে টেলিভিশনের ভূমিকা আছে। তারা জানে দর্শকেরা কি চায়, ভাববাদীরা যা জানে না।’
৫৪ বছর বয়সী মাঞ্জরেকার ৩৭ টেস্ট খেলেছেন ভারতের হয়ে। তাঁর মতে, বর্তমান সময়ে পাঁচ দিনের টেস্ট টেকসই হবে না, ‘খেলাটির ভাববাদীদের ব্যাপারে সতর্ক থাকুন, যারা টেস্ট ক্রিকেটের ঐতিহ্য ধরে রাখার পক্ষে থেকে আরও বেশি অস্থিতিশীল করে তুলছে।’ মাঞ্জরেকার মনে করেন, ঐতিহ্য ধরে রাখার চেয়ে টেস্টের জনপ্রিয়তা, অনুসারীরা বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণও দেন তিনি, ‘চাহিদা কম হওয়ায় ফক্সওয়াগন বিটল (১৯৩৮-২০০৩, গাড়ি) আর বানায়নি।’
এদিকে মাঞ্জরেকারের উল্টো অবস্থানে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল হক। বর্তমানে দেশটির জাতীয় দলের প্রধান কোচ ও নির্বাচকের ভূমিকায় থাকা মিসবাহ পাঁচ দিনের টেস্টের ঐতিহ্য ধরে রাখার পক্ষে। সংবাদমাধ্যমকে তিনি তুলে ধরেছেন নিজের ক্রিকেটীয় যুক্তি, ‘চার দিনের টেস্ট নিয়ে পরিষ্কার করে কিছু বলা হচ্ছে না। আমরা জানি না ৯০ ওভার না ৯৬ ওভার খেলা হবে এক দিনে। কিংবা একটি দিনের (পঞ্চম দিন) পুষিয়ে দিতে ১১০ ওভার করে খেলা হবে কি না। পাকিস্তানে দিনে ৯০ ওভার শেষ করাই কঠিন, কারণ আমাদের মৌসুম শুরু হয় শীতে যখন আলো কম পাওয়া যায়। লোকে টেস্ট ক্রিকেটে ফল দেখতে চায়। পাঁচ দিনে সর্বোচ্চ ফলটা মেলে। এমনকি বৃষ্টি হলেও তা পুষিয়ে নেওয়া যায় পাঁচ দিনের টেস্টে।’
মিসবাহ মনে করেন, টেস্ট চার দিনের হলে তা বোলারদের ক্যারিয়ারের জন্য হুমকিস্বরূপ হবে। ‘চার দিনের টেস্টে দিনের খেলায় ওভারসংখ্যা বাড়ালে তা বোলারদের জন্য ভীষণ কঠিন হবে। বেশির ভাগ দল চার বোলার নিয়ে খেলে থাকে, তাই ওভারসংখ্যা বাড়ালে সেটি চাপ হয়ে দাঁড়াবে বোলারদের জন্য। তাদের পরিশ্রম বাড়বে যা ইনজুরি ডেকে আনবে। লোকে ভালো ক্রিকেট দেখতে চায়। মিচেল স্টার্ক, নাসিম শাহদের পূর্ণ ছন্দে দেখতে চায়। (চার দিনের টেস্টে) এমন পরিশ্রমের কারণে পাওয়া চোটে বোলারদের ক্যারিয়ার ছোট হয়ে আসতে পারে’—যুক্তি দেন মিসবাহ।