মাঞ্জরেকারের বিপক্ষে হতো 'সহস্রাব্দের সেরা' বল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক মাধ্যমে ট্রলের শিকার মাঞ্জরেকার। ফাইল ছবি
সামাজিক মাধ্যমে ট্রলের শিকার মাঞ্জরেকার। ফাইল ছবি

যুগে যুগে ইংলিশ ব্যাটসম্যানরাই কি ‘বল অব দ্য সেঞ্চুরি’র শিকার হয়ে যাবেন? সে জন্য খোঁচা সইতে হবে? শতাব্দীর সেরা এক বলের ‘অভিজ্ঞতা’ হয়েছিল সাবেক ইংলিশ অধিনায়ক মাইক গ্যাটিংয়ের। ১৯৯৩ অ্যাশেজে শেন ওয়ার্নেরই সেই বলটা হয়তো আজও রাতে ঘুম ভাঙিয়ে দেয় তাঁর। এবার একবিংশ শতকের সেরা বলের শিকার আরেক ইংলিশ—জেমস ভিন্স। তিনি শিকার হয়েছেন মিচেল স্টার্কের চোখ ধাঁধাঁনো এক ডেলিভারির। কিন্তু এই বলগুলো কি শুধুই ইংলিশ ব্যাটসম্যানদের কারণে হয়েছে? যাঁরা বলগুলো করেছেন, তাঁদের কী কোনো কৃতিত্বই নেই এখানে? ব্যাপারটা যে তা নয়, সেটা সঞ্জয় মাঞ্জরেকার খুব ভালো করেই তা বুঝতে পেরেছেন।
ইংলিশ ব্যাটসম্যানদের কাটাক্ষ করে টুইট করেই সমর্থকদের রোষানলে পড়েছেন সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান। টুইটারে তিনি লিখেছিলেন, ‘যত দিন ইংলিশ ব্যাটসম্যানরা থাকবেন, “শতাব্দীর সেরা” বল আমরা দেখতেই থাকব।’ তবে মজা করেই মাঞ্জরেকার যে কথাটা লিখেছেন, সেটা লেখার শেষে একটা চোখ টেপার ইমোজি দিয়েই বুঝিয়েছেন। কিন্তু কে এত কিছু বুঝতে চায়! খোদ ভারতীয় সমর্থকেরাই ফিরতি টুইটে মাঞ্জরেকারের সমালোচনা করে জানিয়ে দিয়েছেন, ইংলিশ ক্রিকেটারদের নিয়ে একজন সাবেক ক্রিকেট তারকার এ ধরনের মন্তব্য তাঁদের কাছে গ্রহণযোগ্য নয়।
শিব কুমার নামের একজন দর্শক লিখেছেন, ‘স্যার, আমি আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু ক্রিকেটার হয়ে অন্য ক্রিকেটারদের ছোট করা ঠিক নয় বলেই আমি মনে করি। ইংলিশ ক্রিকেটাররা কিন্তু চ্যাম্পিয়ন।
জ্যাকি সিরাজ নামের আরেক ভারতীয় লিখেছেন, ‘যখন ভারতীয় সমর্থকেরা শচীনকে ঈশ্বর বলেন, তখন কি অস্ট্রেলিয়ান ক্রিকেটার বা ধারাভাষ্যকারেরা টুইট করে বলেন যে যত দিন ভারতীয় সমর্থকেরা থাকবেন তত দিন আমরা মানুষ ঈশ্বর পাব!’
মাঞ্জরেকারের ব্যাটিং-রেকর্ড নিয়েও কটাক্ষ করেছেন কেউ কেউ। রজত গুপ্ত লিখেছেন, ‘সঞ্জয় মাঞ্জরেকার এমন ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করেন, ক্যারিয়ারের মাঝামাঝি সময়ে এসেও যাদের রেকর্ড মাঞ্জরেকারের চেয়েও অনেক ভালো।’
বম্বশেলটা ছেড়েছেন ডান্ডো নামের এক রসিক সমর্থক। তিনি লিখেছেন, ‘ভাগ্যিস আপনি ক্রিকেটে বেশি দিন টেকেননি, নয়তো আমরা অবশ্যই সহস্রাব্দের সেরা বলটা দেখতাম।’