মাঠ ছেড়ে গেল পারটেক্স
যারা হারবে তাদেরই নেমে যেতে হবে প্রথম বিভাগে। প্রিমিয়ার লিগে টিকে থাকবে জয়ী দল। কাল বিকেএসপিতে রেলিগেশন লিগের কলাবাগান ক্রীড়া চক্র ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের ম্যাচের আগে এই ছিল সমীকরণ। কিন্তু ম্যাচের পুরোটা শেষ পর্যন্ত হতেই পারল না। পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের অভিযোগ তুলে ইনিংসের ২১.৩ ওভার পর খেলতে অস্বীকৃতি জানায় পারটেক্স। পরে লিগের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী প্রতিপক্ষ কলাবাগানকে জয়ী ঘোষণা করেন ম্যাচ রেফারি।
ইনিংসের ২২তম ওভারে কলাবাগানের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বলে পারটেক্সের ব্যাটসম্যান রাজিন সালেহর বিপক্ষে এলবিডব্লুর আবেদন ওঠে। আম্পায়ার আবদুল মতিন তাতে সাড়া দিলে বিস্ময় প্রকাশ করেন রাজিন। পরে ড্রেসিংরুমের পথে রাজিনকে অনুসরণ করেন অপর প্রান্তের ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়রও। মাঠের বাইরে থেকে ক্ষুব্ধ পারটেক্স কর্মকর্তারাই ডেকে তুলে নেন দুই ব্যাটসম্যানকে। সকাল ১০টা ২৪ মিনিট থেকে ১১টা পর্যন্ত খেলা বন্ধ থাকার পর ম্যাচ রেফারি মোরশেদুল আলম প্লেয়িং কন্ডিশনের ২১.৩-এর ‘এ’র দ্বিতীয় ধারা অনুযায়ী কলাবাগানকে জয়ী ঘোষণা করেন। এর আগে ইংলিশ ব্যাটসম্যান ড্যানিয়েল হাউসগোর এলবিডব্লুর সিদ্ধান্তেও অসন্তোষ প্রকাশ করেছিল পারটেক্স। খেলা বন্ধ হওয়ার সময় ৪ উইকেটে ৭৭ রান ছিল তাদের স্কোরবোর্ডে।
কাল সন্ধ্যায় মুঠোফোনে পারটেক্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ‘বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদ জানাতেই আমরা ম্যাচ থেকে উঠে গেছি। আমরা বিসিবি সভাপতি, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিসিডিএমকে চিঠি দিয়ে এই ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিতে অনুরোধ করেছিলাম। বলেছিলাম এই ম্যাচে যেন দুজন এলিট আম্পায়ার দেওয়া হয়। কিন্তু তারা তাতে সাড়া দেয়নি।’ আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যাটসম্যান রাজিনও, ‘বল আমার ব্যাটে লাগার পর প্যাডে লাগে এবং এরপর উইকেটকিপারের কাছে যায়। কিন্তু উইকেটকিপার ক্যাচটা নিতে পারেনি। আমি দ্বিধান্বিত ছিলাম আমাকে কট বিহাইন্ড দিল কি না সেটা নিয়ে। এটা এলবিডব্লু কিছুতেই হতে পারে না। এসব আম্পায়ারের প্রথম বিভাগের ম্যাচ পরিচালনারই যোগ্যতা নেই। এরা প্রিমিয়ার লিগের ম্যাচে কীভাবে দায়িত্ব পায়!’
ম্যাচ রেফারি মোরশেদুল আলম এসব নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে ‘অভিযুক্ত’ আম্পায়ার আবদুল মতিন মুঠোফোনে বলেছেন, ‘আমি দীর্ঘদিন আম্পায়ারিং করছি। এর চেয়ে বেশি কিছু বলার নেই। আম্পায়ারের সিদ্ধান্ত ব্যাটসম্যান মেনে না নিলে তো কিছু করার নেই।’ এবার প্রিমিয়ার লিগের শুরু থেকেই বাজে আম্পায়ারিংয়ের অভিযোগ উঠছে। লিজেন্ডস অব রূপগঞ্জ তো লিখিতভাবেই সেটা জানায় বিসিবিকে। তার পরও সার্বিক পরিস্থিতির উন্নতি দৃশ্যমান নয়।