মাঠ থেকে হাসপাতাল, ফিরেই সেঞ্চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাথায় ব্যথা পেয়েও সেঞ্চুরি হাতছাড়া করেননি সাদমান। সৌজন্য ছবি
মাথায় ব্যথা পেয়েও সেঞ্চুরি হাতছাড়া করেননি সাদমান। সৌজন্য ছবি

মোহাম্মদ সাইফউদ্দিনের বাউন্সারটা পুল করতে চেয়েছিলেন সাদমান ইসলাম। ব্যাটকে ফাঁকি দিয়ে বল লাগে ওয়ালটন মধ্যাঞ্চল ওপেনারের হেলমেটের পেছনে। আজ রাজশাহীতে বিসিএলে দিনের অষ্টম ওভারের পঞ্চম বলের ঘটনা। সাদমান আর দেরি করেননি। উঠে গেলেন মাঠ থেকে। তাঁকে নিয়ে যাওয়া হলো রাজশাহীর স্থানীয় এক ক্লিনিকে। করানো হলো সিটি স্ক্যানও। ক্লিনিক থেকে ঘুরে এসে আবার মাঠে নামলেন। করলেন সেঞ্চুরি!
ক্লিনিক থেকে ফিরে ৭ রানে আহত অবসর নেওয়া সাদমান আবারও ব্যাটিংয়ে নেমেছেন লাঞ্চের খানিক পরেই। সাদমান সেঞ্চুরি ছুঁয়েছেন ৭৬তম ওভারে, ১৩৮ বলে। ১১২ রানে অপরাজিত সাদমানের এটি পঞ্চম সেঞ্চুরি, যার দুটিই এবারের বিসিএলের সর্বশেষ তিন ম্যাচে। আগের ম্যাচে ৯৩ রানে আউট হওয়াতে সংখ্যাটা তিনে তিন হয়নি।
রাতে যখন সাদমানের সঙ্গে কথা হলো, জানালেন সিটি স্ক্যানের ফল হাতে পাবেন কাল। তবে খেলতে তাঁর তেমন কোনো অসুবিধা হচ্ছে না, ‘মাথার পেছনে একটু ব্যথা হচ্ছে। তবে খেলতে সমস্যা হচ্ছে না। কাল দেখি রিপোর্টে কী বলে। আজ মাথায় পানি নিয়েছি আর বরফ লাগিয়েছি। ব্যাটিংয়ে কোনো অস্বস্তি বোধ হয়নি।’
সাদমানের মতো আহত অবসর নিতে হয়েছে তাঁর সতীর্থ ব্যাটসম্যান আবদুল মজিদকেও। বাউন্সারের আঘাতে নয়, তাঁকে মাঠ ছাড়তে হয়েছে পায়ের পেশিতে টান পড়ায়। তার আগে পেয়েছেন বিসিএলে নিজের প্রথম সেঞ্চুরি। ১৫৯ রানে আহত অবসর নেওয়া মজিদ কাল ব্যাটিংয়ে নামতে পারবেন কি না, রাজশাহী থেকে মুঠোফোনে সেটি নিশ্চিত করতে পারেননি, ‘সুস্থ থাকলে কাল আবার ব্যাটিং করব। শরীরের ওপর নির্ভর করছে। এখন কিছু বলতে পারছি না।’
সাদমান-মজিদের জোড়া এই সেঞ্চুরিতে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম দিনেই ৪০৬ রানের বোঝা চাপিয়ে দিয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। সেটিও মাত্র ৪ উইকেট হারিয়ে।