মাঠ নিয়ে কাঠগড়ায়
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আউটফিল্ডের সংস্কারকাজে প্রায় নয় মাস সময় পেয়েছে বিসিবি। এত সময় পেয়েও মাঠের আগের সবুজাভ ভাবটা আনা যায়নি। গত মাসে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ঢাকা টেস্ট খেলেছে ধূসর মাঠে। ঘাস কম হওয়ায় মাঠের ওপরের বেলেমাটিও দেখা গেছে পরিষ্কার। আইসিসি প্রশ্ন তুলেছে এই আউটফিল্ড নিয়ে।
সিরিজের পর ঢাকা টেস্টের ম্যাচ রেফারি জেফ ক্রো উইকেট ও আউটফিল্ড নিয়ে তাঁর প্রতিবেদন জমা দিয়েছেন আইসিসির কাছে। সেখানে মিরপুরের আউটফিল্ডকে ‘বাজে’ বলেছেন তিনি। আউটফিল্ডের মান নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন ক্রো। প্রতিবেদন কালই বিসিবিকে পাঠিয়ে দিয়েছে আইসিসি। ১৪ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে হবে বিসিবিকে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী কাল জানিয়েছেন, নির্ধারিত সময়েই আইসিসিকে উত্তর দেবে বিসিবি। বিসিবির বক্তব্য কী হতে পারে? নিজামউদ্দিনের কথা, ‘মাঠ উঁচু-নিচু, এমন কিছু আইসিসি বলেনি। শুধু বলেছে, ঘাস কম। আমরা সেটা মেনেও নিচ্ছি। তবে কী কারণে ঘাস কম সেটা তাদের বলা হবে। আবহাওয়ার কারণেই এটা হয়েছে। কখনো প্রচণ্ড রোদ আবার কখনো টানা বৃষ্টি হওয়ায় মাঠ তৈরি ব্যাহত হয়েছে।’