মাঠে ঢোকার ফল বুঝছেন সেই দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে ঢুকে সাকিবকে ফুল দিয়ে বড় ভুলই করেছেন এই দর্শক! ছবি: প্রথম আলো
মাঠে ঢুকে সাকিবকে ফুল দিয়ে বড় ভুলই করেছেন এই দর্শক! ছবি: প্রথম আলো
>মাঠে ঢুকে সাকিব আল হাসানকে ফুল দিয়েছিলেন সেই দর্শক। এখন সেটার ফল হাড়ে হাড়ে বুঝছেন। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ভেবেছিলেন দিচ্ছি ফুল, হয়ে গেল বড় ভুল! ফয়সাল আহমেদ নিশ্চয়ই এখন অনুতপ্ত, ‘এ কী করলাম আমি!’ আজ সকালে মাঠে ঢুকে পড়া ফয়সালের বিরুদ্ধে মামলা হয়েছে চট্টগ্রামের পাহাড়তলী থানায়।

আফগানিস্তান ইনিংসের ১০৭তম ওভারের বোলিং শুরু করতে যাচ্ছিলেন সাকিব আল হাসান। এ সময় এক যুবক দৌড়ে ঢুকে পড়েন মাঠের মধ্যে। ফয়সাল নামের ওই দর্শকের হাতে দেখা যায় এক তোড়া লাল গোলাপ। যুবকটি সাকিবের কাছে এসেই দিলেন স্যালুট। স্যালুটেই শেষ নয়। আকস্মিক মাঠে ঢুকে পড়া ফয়সাল হাঁটু গেড়ে লাল গোলাপ উপহার দিতে চাইলেন সাকিবকে। বিসিবির নিরাপত্তাকর্মী দৌড়ে এসে ওই দর্শককে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত খেলা থেমে থাকল ৩-৪ মিনিট।

ফয়সালকে তাৎক্ষণিকভাবে নিয়ে যাওয়া হয় নিকটস্থ পাহাড়তলী থানায়। সেখানে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানালেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান, ‘আসামি গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটা হয়েছে স্টেডিয়ামে অনধিকার প্রবেশ ও খেলোয়াড়দের মধ্যে ভীতি সঞ্চার করার অভিযোগে। কাল তাকে আদালতে চালান করা হবে।’

কী ভেবে, কী উদ্দেশ্যে ফয়সাল কাজটি করলেন, সেটি এখন বলা কঠিন। ফয়সাল নিরাপত্তাকর্মীদের কাছে আটক হওয়ার পরই ভুল স্বীকার করেছেন। মৌখিক ভুল স্বীকারেও যে বিষয়টি শেষ হয়নি, বোঝাই যাচ্ছে।