মাঠে নামতে মুখিয়ে আছেন রুবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এ’ দলের হয়ে সর্বশেষ দেখা গিয়েছিল রুবেলকে, গত সেপ্টেম্বরে। ছবি: পিটিআই
‘এ’ দলের হয়ে সর্বশেষ দেখা গিয়েছিল রুবেলকে, গত সেপ্টেম্বরে। ছবি: পিটিআই

বিপিএলে লটারিতে খেলোয়াড় বেছে নিতে গিয়ে সিলেট দ্বিতীয় সুযোগেই চেয়েছিল তাঁকে। ফ্র্যাঞ্চাইজিগুলো কাছে রুবেল হোসেনের চাহিদা এর থেকেই পরিষ্কার। দলের ত্রাহি দশায় রুবেলের প্রয়োজনীয়তা যেন আরও প্রকট হয়ে উঠেছে। সিলেট সুপার স্টারসের অন্যতম এ ভরসা অবশ্য এখনো মাঠে নামতে পারেননি। তবে চট্টগ্রাম-পর্বের শুরুতেই মাঠে নামার কথা জাতীয় দলের পেসারের।
সেপ্টেম্বর ‘এ’ দলের হয়ে ভারত সফরে গিয়ে চোটে পড়েছিলেন। চোটের কারণে খেলতে পারেননি এ মাসের শুরুতে হওয়া জিম্বাবুয়ে সিরিজও। চোট কাটিয়ে ফেরা রুবেল আবারও মাঠ মাতানোর অপেক্ষায়, ‘এখন বেশ ভালো। আজ এবং কাল নেটে বোলিং করলাম। এখন অনেক ভালো মনে হচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না। আশা করি কাল খেলব।’
টানা চার হারে পয়েন্ট টেবিলে সিলেটের অবস্থান তলানিতে। একের পর এক হারে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসে লাগে ধাক্কা। তবে রুবেলের কণ্ঠে সামনের ছয়টি ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়, ‘খেলায় এটা হবেই। জয়-পরাজয় থাকেই। এরই মধ্যে চারটা হেরেছি। আর ও ছয়টা ম্যাচ আছে। ভালো ক্রিকেট খেললে অবশ্যই অনেক কিছু সম্ভব।’
ঢাকার উইকেট পেসারদের দিকে দুই হাত বাড়িয়ে দিয়েছিল। রুবেল সে সুযোগটা নিতে পারেননি। চোটের কারণে দূর থেকেই দেখতে হয়েছে পেসারদের আনন্দ। তবে চট্টগ্রামের উইকেটে তেমনটা হবে না বলেই পূর্বাভাস। নিজে পেসার হওয়ার পরও এ ব্যাপারটি আশাবাদী করছে রুবেলকে, ‘এখানে অনেক ম্যাচ আগেও খেলেছি। স্বাভাবিকভাবে এখানে ঢাকার মতো উইকেট হবে না। তবে ভালোভাবেই শুরু করব আশা করি।’
বিপিএলে একমাত্র সিলেটই এখনো পর্যন্ত জয়ের দেখা পায়নি। তবে এটাকে অতিরিক্ত চাপ মনে করছেন না রুবেল। জানালেন, হারানো আত্মবিশ্বাস খুঁজে পেতে তাঁদের চাই একটি জয়, ‘আমাদের একটা ম্যাচ জিততে হবে। তাহলেই সব ঠিক হয়ে যাবে।’