মাঠে নামলেই হয়ে যাবে ব্যাটির বিশ্ব রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ বছর পর আবার টেস্ট খেলতে মাঠে নামতে পারেন গ্যারেথ ব্যাটি। ফাইল ছবি
১১ বছর পর আবার টেস্ট খেলতে মাঠে নামতে পারেন গ্যারেথ ব্যাটি। ফাইল ছবি

এক দিক থেকে দেখলে টেস্টে এটি তাঁর ‘দ্বিতীয় জন্ম’। ২০০৩ সালে ঢাকার মাটিতেই খেলেছিলেন প্রথম টেস্ট, এখন আবার বাংলাদেশেই হতে পারে গ্যারেথ ব্যাটির ক্যারিয়ারের পুনর্জন্ম। ১১ বছর পর যে আবার ফিরেছেন ইংল্যান্ডের টেস্ট দলে। মজার ব্যাপার, ২০০৫ সালের জুনে তাঁর ক্যারিয়ারের সর্বশেষ টেস্টটিও ছিল বাংলাদেশের বিপক্ষেই, তবে সেটি ইংল্যান্ডের মাটিতে।

পাক্কা ১১টি বছর—এত দিন ধরে টেস্ট খেলতে না-পারা নিশ্চয়ই যন্ত্রণার। এর মধ্যে কত বদলে গেছে ক্রিকেট, কতশত ম্যাচও হয়ে গেছে। ইংল্যান্ড দলই তো এর মধ্যে খেলেছে ১৪২টি টেস্ট। এটিই একটি রেকর্ডের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে ব্যাটিকে, যদিও রেকর্ডটা মোটেই গর্বের কিছু নয় আর কদিন পরই ৩৯-এ পা দিতে যাওয়া ব্যাটির জন্য।
বাংলাদেশের তিনি আসছেন অবশ্য মঈন আলী ও আদিল রশিদের পর তৃতীয় পছন্দের স্পিনার হিসেবে। তবে দুই টেস্টের সিরিজের কোনো একটিতে সুযোগ পেলেই হলো। একাদশে থাকলেই হয়ে যাবে নতুন বিশ্ব রেকর্ড। আর কোনো ক্রিকেটারকে যে ক্যারিয়ারের পরবর্তী টেস্ট খেলার মাঝে এত টেস্টে ‘দর্শক’ হয়ে থাকতে হয়নি। ১৪২ টেস্টে যেটি হয়ে থাকতে হয়েছে ​ব্যাটিকে।
তালিকায় দ্বিতীয় স্থানেও এক স্বদেশিকেই পাচ্ছেন ব্যাটি—মার্টিন বিকনেল। এই পেসারের ক্যারিয়ারের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মধ্যে সময়ের ব্যবধান দশ বছর। এই সময়ে ইংল্যান্ড কতটি টেস্ট খেলেছে জানেন? ১১৪টি! তালিকায় এরপরই রয়েছেন ফ্লয়েড রেইফার (১০৯ টেস্ট), ইউনিস আহমেদ (১০৪) এবং ডেরেক শ্যাকলটন (১০৩)।
ম্যাচের সংখ্যার বিচারে সবচেয়ে বেশি সময় অপেক্ষা করতে হয়েছে বলে আক্ষেপ থাকতে পারে ব্যাটির। তবে পাশাপাশি এটি ভেবেও সান্ত্বনা পেতে পারেন, ‘যাক, আমি তো আর জন ট্রাইকস নই।’ আরেকটি টেস্ট খেলতে যে ২২টি বছর অপেক্ষা করতে হয়েছিল ট্রাইকসকে!
এই অফ স্পিনারের টেস্ট অভিষেক ১৯৭০ সালে। দক্ষিণ আফ্রিকা দলের হয়ে খেলেছিলেন ৩টি টেস্ট। এরপরই বর্ণবাদের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বছরের পর বছর কাটতে থাকে। টেস্ট ক্যারিয়ার শেষ বলেই ধরে নেন ট্রাইকস। সেটি পুনর্জীবন পেল জিম্বাবুয়ে টেস্ট মর্যাদা পাওয়ায়। জন্ম মিসরে, তবে রোডেশিয়াতেই বেড়ে ওঠা। দক্ষিণ আফ্রিকার পক্ষে খেলেছিলেন সেই সূত্রেই, রোডেশিয়া তখন দক্ষিণ আফ্রিকার অংশ। ১৯৯২ সালে জিম্বাবুয়ের টেস্ট অভিষেকের সময় ট্রাইকসের বয়স পেরিয়ে গেছে ৪৫। কিন্তু তখনো তিনি দেশের সেরা স্পিনার। ২২ বছর ২২২ দিন বিরতি দিয়ে আবারও তাই টেস্ট খেলতে নামলেন ট্রাইকস। ভারতের একমাত্র ইনিংসে ৫ উইকেট নিয়ে স্মরণীয় করে রাখলেন সেই ফেরাটাও।
দুই টেস্টের মাঝখানে সবচেয়ে বড় বিরতির এই রেকর্ডে পরের নামটি জর্জ গান। ১৯১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে দুই ইনিংসেই ফিফটি পেয়েছিলেন এই ইংলিশ। কিন্তু তারপরও দল থেকে বাদ পড়েন। এর পরে আর ডাক পাননি প্রায় দেড় যুগ। ১৭ বছর ৩১৬ দিন পরে যখন আবার ডাক পেলেন, তত দিনে তাঁর বয়স হয়ে গেছে ৫০!
তালিকায় তিনে থাকা ইউনিস আহমেদকে ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোর টেস্ট খেলার পর আবারও পাকিস্তানের টেস্ট ক্যাপ পরার আগে অপেক্ষায় থাকতে হয়েছিল ১৭ বছর ১১১ দিন। সেটিও অদ্ভুতভাবে। ১৯৮৭ সালে ইমরান খানের পাকিস্তান এল ভারত সফরে। সেখানে এসে ইমরানের মনে হলো, দলে একজন বাঁহাতি ব্যাটসম্যান থাকলে ভালো হতো। পাকিস্তান ক্রিকেটে তখন ইমরানের কথাই ‘আইন’। নিজেই সিদ্ধান্ত নিয়ে ইংলিশ কাউন্টি খেলতে থাকা ইউনিস আহমেদকে তাই ডেকে পাঠালেন ইমরান। সেই সিরিজের দুই টেস্ট খেলেই অবশ্য ইউনিসের ক্যারিয়ারের সমাপ্তি।