মাঠে নামার অপেক্ষায় রুবেল

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে কিছুক্ষণের জন্য দেখা মিলল সেই রুবেল হোসেনের। নিখুঁত লাইন-লেংথে তোপ দাগা এক পেসার। কিন্তু কয়েকটি বল করে হঠাৎই থেমে গেলেন। ঠাঁই দাঁড়িয়ে রইলেন, অপলক দেখতে থাকলেন সতীর্থদের বোলিং।
থমকে যাওয়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ল সংশয়ের বুদ্বুদ, তবে কি পুরোপুরি ফিট নন রুবেল? সংশয় দূর হতে সময়ও লাগল না। সিলেট সুপারস্টারসের পেসার মুখে মৃদু হাসিয়ে ঝুলিয়ে নিজেই নিশ্চিত করলেন, ‘এখন বেশ ভালো। আজ (কাল) এবং কাল (পরশু) বোলিং করলাম। এখন অনেক ভালো মনে হচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না।’
সেপ্টেম্বরে ‘এ’ দলের হয়ে ভারত সফরে চোটে পড়েছিলেন। চোটের কারণে খেলতে পারেননি ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজেও। মাঝে দুই মাস পেরিয়ে গেছে। অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে অবশেষে। সব ঠিক থাকলে আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষেই মাঠে নামতে পারেন রুবেল।
এমনিতে বিপিএলের পয়েন্ট টেবিলে করুণ দশা সিলেট সুপারস্টারসের। চার ম্যাচে জয় নেই একটিতেও। দলের এই দশায় রুবেলের প্রয়োজনীয়তা আরও প্রকট হয়ে উঠেছে। একের পর এক হারে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে ধাক্কা লেগেছে। তবে রুবেলের কণ্ঠে সামনের ছয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়, ‘খেলায় এটা হবেই। জয়-পরাজয় থাকেই। এরই মধ্যে চারটা হেরেছি। আরও ছয়টা ম্যাচ আছে। ভালো ক্রিকেট খেললে অবশ্যই অনেক কিছু সম্ভব।’
পেসারদের দিকে দুই হাত বাড়িয়ে দিয়েছিল ঢাকার উইকেট। রুবেল অবশ্য সুযোগটা নিতে পারেননি। চোটের কারণে দূর থেকেই দেখতে হয়েছে পেসারদের আনন্দ! তবে চট্টগ্রামের উইকেটে তেমনটা হবে না বলেই পূর্বাভাস। রুবেল নিজেই জানালেন, উইকেট ব্যাটিং-সহায়ক হতে যাচ্ছে। নিজে পেসার হওয়ার পরও এ ব্যাপারটি আশাবাদীই করছে সিলেটের পেসারকে, ‘এখানে অনেক ম্যাচ আগেও খেলেছি। স্বাভাবিকভাবে এখানে ঢাকার মতো উইকেট হবে না। ভালোভাবেই শুরু করব আশা করি।’
বিপিএলে একমাত্র সিলেটই এখনো পর্যন্ত জয়হীন। টানা হারে অবশ্য কোনো চাপ অনুভব করছেন না রুবেল। যদিও জানালেন, ড্রেসিংরুমে সবারই মন খারাপ। হারলে এমনটা হবে, খুব স্বাভাবিক। তবে হারানো আত্মবিশ্বাস খুঁজে পেতে রুবেলের কাছে এ মুহূর্তে জয়ই শেষ কথা, ‘আমাদের একটা ম্যাচ জিততে হবে। তাহলেই সব ঠিক হয়ে যাবে।’