মাঠে নেমে পড়লেন মনোবিদ

স্পিন বোলিংয়ের শ্যাডো করলেন। এরপর এমনভাবে মাথা নিচু করে বোলিং প্রান্তে ফিরে এলেন যেন বিশাল একটা ছক্কা খেলেন এই মাত্র। পরের শ্যাডোটা করে ফিরলেন মেরুদণ্ড সোজা করে। পাশে দাঁড়িয়ে ফিল জনসির এই ‘অভিনয়’ দেখছিলেন আবদুর রাজ্জাক। এরপর নিজেও ও রকম শ্যাডো করে দেখালেন জনসিকে।
পরের দৃশ্যে জনসি নিজেই দর্শক, ‘অভিনেতা’ ইমরুল কায়েস।আত্মবিশ্বাসী থাকলে ব্যাটিংয়ের সময় নিজের শরীরী ভাষা কেমন থাকে, সেটা দেখালেন ইমরুল।শরীরটা সামনে নিয়ে বোলারের ওপর চড়াও হওয়ার ভঙ্গি থাকে তখন। কিন্তু খারাপ সময়ে থাকলে ফুটে ওঠে ব্যাকফুটে থাকার প্রবণতা।ইমরুল সেটাও অভিনয় করে দেখালেন।
মনোবিদ ফিল জনসি এসেছেন অস্ট্রেলিয়া থেকে।উদ্দেশ্য, বাংলাদেশ দলের ক্রিকেটারদের মনোজগৎ আরও শক্ত করা, স্থিরতা দেওয়া। কিন্তু গত এপ্রিলেই তো এই একই কাজ করে গেছেন প্রবাসী বাংলাদেশি মনোবিদ আলী আজহার খান! তাঁর কাজের সঙ্গে জনসির কাজের পার্থক্য কী, প্রশ্নটা করতেই এক ক্রিকেটার বললেন, ‘কথাবার্তায় আমি কোনো পার্থক্য দেখি না। সব একই ধরনের। তবে জনসি মাঠে কিছু জিনিস আমাদের প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। বোঝাতে চেয়েছেন, ভালো সময়ে একজন খেলোয়াড়ের শরীরী ভাষা যেমন থাকে, খারাপ সময়েও তেমনই থাকা উচিত।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাজ্জাক আর ইমরুলকে নিয়ে এই যে অভিনয়টুকু করলেন, জনসির ‘প্র্যাকটিক্যাল ক্লাস’ ওটাই। এর পরও অবশ্য মাঠে দাঁড়িয়ে পুরো প্র্যাকটিসটা দেখেছেন এই অস্ট্রেলিয়ান। তামিম, শাহাদাতসহ আরও দু-একজন ক্রিকেটারকে আলাদা করে কথা বলতে দেখা গেল তাঁর সঙ্গে।
এর আগে একাডেমি ভবনে প্রায় আড়াই ঘণ্টার ক্লাস নিয়েছেন জনসি। ক্রিকেটারদের সঙ্গে কোচরাও উপস্থিত ছিলেন সেই পর্বে। ক্লাস শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়ান মনোবিদ বোঝাতে চেয়েছেন তাঁর কাজের ধরন, ‘আমরা মানুষের মনের স্বত্ব কিনে নিতে চাই না। আমরা তাদের মধ্যে এই উপলব্ধি আনতে চাই যে তাদের পক্ষে ভালো খেলা সম্ভব।’ খেলোয়াড়দের মনোজগতে কী পরিবর্তন আনতে চান, নির্দিষ্ট করে সেটার একটা উদাহরণও দিলেন, ‘একজন ব্যাটসম্যান হিসেবে আমি যখন ভালো বোধ করব, আমার মধ্যে বোলারের দিকে এগিয়ে গিয়ে খেলার প্রবণতা থাকবে। আবার খারাপ বোধ করলে আমি কিপারের দিকে পিছিয়ে যাব। আমাদের চেষ্টা করতে হবে, খারাপ বোধ করার সময়ও আমরা যেন শরীরটাকে বোলারের দিকে এগিয়ে নিয়ে খেলি।’ প্রত্যেক খেলোয়াড় যেন মাঠ থেকে তৃপ্তি নিয়ে ফিরতে পারেন, জনসি চান সেটাই, ‘আমাদের লক্ষ্য, প্রত্যেক খেলোয়াড় যেন বলতে পারে, আমি আমার সেরা খেলাটা খেলেছি।’
জনসির ক্লাস আছে আজও। তার আগে কাল যেটুকু হলো তাতে বেশ তৃপ্তই মনে হলো তাঁকে, ‘যেভাবে সবাই আলোচনা করল, তাতে মনে হয়েছে ব্যাপারটা তারা আন্তরিকভাবেই নিয়েছে। কিছু কিছু জিনিস তারা নিজেদের ভাষায় বলেছে, সেগুলোর মানে আমি বুঝিনি। তবে তাদের মুখে হাসি দেখেছি, আশা করি ভালো কিছুই হবে।’