মাঠে ফিরছেন শফিউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া শফিউল ইসলামের পুনর্বাসন শুরু হয়েছিল ১৫ ডিসেম্বর। দুই সপ্তাহের মধ্যেই সেরে উঠেছেন জাতীয় দলের এই পেসার। আজ বগুড়ায় রাজশাহী-রংপুরের ম্যাচ দিয়ে জাতীয় লিগে ফিরছেন শফিউল।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে শফিউল সেরে উঠলে তাঁকে বিবেচনা করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ফিট হয়েছেন শফিউল। এখন টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ডে তাঁর যাওয়া হবে কি না, সেটি বলে দেবে জাতীয় লিগে তাঁর পারফরম্যান্স। কাল অন্যতম নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘ম্যাচে সে কেমন করে, আগে দেখি। খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে উঠেছে কি না, সব দেখে তারপর শফিউলের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।’

পুনর্বাসন শেষে ২২ ডিসেম্বর থেকে বোলিং অনুশীলন শুরু করেন শফিউল। বিসিবি একাডেমি মাঠে ৩, ৪ ও ৫ ওভার করে বোলিং করেছেন মোট পাঁচ দিন। কাল বিকেলে বগুড়ায় রওনা হয়ে গেছেন শফিউল। রওনা হওয়ার আগে যা বললেন, তাতে নিউজিল্যান্ড-ভাবনাটা তাঁর মধ্যে কাজ করছে ভালোই, ‘নিউজিল্যান্ডে যেতে পারব কি না, এখনই কিছু বলতে পারছি না। শতভাগ ফিট হয়েছি কি না, কতটা চাপ নিতে পারছি, এই ম্যাচ দিয়ে বুঝতে পারব।’

শফিউল যখন ম্যাচ খেলতে বগুড়ায় গেছেন, তখন চোটে পড়া আরেক পেসার মোহাম্মদ শহীদ ব্যস্ত তাঁর পুনর্বাসন নিয়ে। নিউজিল্যান্ড সফর দূরে থাক, ফেব্রুয়ারিতে ভারত সফর নিয়েও আশা নেই তাঁর, ‘বোলিং অনুশীলন শুরু করতে এক-দেড় মাস সময় লেগে যাবে। চিকিৎসকদের অস্ত্রোপচারের পরামর্শটা মাথায় আছে। আমার আপাতত লক্ষ্য মার্চে শ্রীলঙ্কা সফরের আগে সেরে ওঠা।’