মাঠে ফিরে 'নড়বড়ে' ক্লার্ক!

ক্রিকেটের সঙ্গে সম্পর্ক নেই বেশ কয়েক মাস। সম্পর্ক থাকবে কি, মাইকেল ক্লার্ক যে ক্রিকেটকেই ‘বিদায়’ বলে দিয়েছিলেন চিরদিনের জন্য! কিন্তু অবসরের কয়েক দিন যেতে না যেতেই খেলাটির প্রতি কেমন যেন একটা টান অনুভব করলেন, ক্রিকেটে ফেরার ইচ্ছাটাও প্রবল হলো। ফিরলেনও। কিন্তু নিজের কাছেই তাঁর ব্যাটিংটা ভালো লাগেনি। নিজেই নিজের ইনিংসটিকে বলেছেন ‘নড়বড়ে’।
আগস্ট মাসে অবসর নেওয়ার পর আজ শনিবারই মাঠে ফিরলেন তিনি। সিডনি ক্লাব ক্রিকেটে তাঁর পুরোনো ক্লাব ওয়েস্টার্ন সাবার্বের হয়ে খেললেন র্যান্ডউইক-পিটারস্যামের সঙ্গে। দুই দিনের ম্যাচটিতে ৪৮ রানের একটি ইনিংস খেলেছেন। দুবার স্লিপে ক্যাচ দিয়েছিলেন। প্রথমে শূন্য রানে, পরের বার ৩০ রানে। ১৩৫ মিনিটের ইনিংসটা ছিল ৭ বাউন্ডারিতে সাজানো।
অনেক দিন পর ক্রিকেটে ফিরে নিজের শারীরিক সামর্থ্যে স্বস্তিই প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক, ‘আমি বেশ উপভোগ করেছি। ব্যাটিংটা বেশ দীর্ঘ সময় ধরে করেছি। শারীরিক দিক দিয়েও মোটামুটি ভালোই বোধ করেছি।’
ক্রিকেট নিয়ে এখনই কোনো লক্ষ্য স্থির করতে চান না ক্লার্ক, ‘আমার আসলে কোনো লক্ষ্য নেই। আমি মাঠে এসে কিছুটা ভূমিকা রাখতে চেয়েছি। খুব যে ভালো খেলেছি, সেটা বলা যাবে না। আপনারাই দেখেছেন, ইনিংসটি কেমন যেন নড়বড়ে হয়েছে। তার পরেও মাঠে নেমে ব্যাট হাতে কিছুটা সময় কাটানো। কিছু রান করতে পারাটাকে মন্দ বলা যাবে না।’ সূত্র: এএফপি।