মাঠে ফিরেছেন মাশরাফি
সর্বশেষ ম্যাচ খেলেছেন গত ৮ জানুয়ারি। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি। সে ম্যাচে হাতে চোট পেয়েই শেষ হয়েছিল মাশরাফি বিন মুর্তজার সফর।
চোটমুক্ত হয়ে অবশেষে আবারও মাঠে ফিরেছেন বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক। ফতুল্লা স্টেডিয়ামে কাল বিসিবি সবুজ ও বিসিবি লাল দলের মধ্যে অনুষ্ঠিত ইমার্জিং কাপের প্রস্তুতি ম্যাচে মাশরাফি খেলেছেন সবুজ দলের হয়ে। লাল দলের কাছে তাঁর দল ৪ উইকেটে হারলেও মাশরাফির বড় প্রাপ্তি, আগামীকাল শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেওয়ার আগে নিজের ম্যাচ ফিটনেসের অবস্থাটা বুঝে যাওয়া।
তিন স্পেলে আট ওভার বল করে উইকেট পাননি, রান দিয়েছেন ৪৫। চার ওভারের প্রথম স্পেলে ৩০, দুই ওভারের দ্বিতীয় স্পেলে ১১ ও দুই ওভারের তৃতীয় স্পেলে ৪। দুই মাসেরও বেশি সময় পর খেলতে নামলে শুরুতে একটু সমস্যা হয়-ই। প্রথম ওভারে মাশরাফি যেমন স্টেপিং মেলাতে পারছিলেন না। ওই ওভারেই দিয়ে দেন ১২ রান। পরে অবশ্য আস্তে আস্তে ছন্দে ফিরেছেন তিনি। এর আগে ব্যাট হাতে করেছেন ৩১ বলে ১৯ রান।
কাল রাতে মুঠোফোনে মাশরাফি নিজেও বললেন, ‘অনেক দিন পর মাঠে নামাতেই হয়তো একটু কষ্ট হয়েছে বোলিং করতে। শুরুর দিকে স্টেপিংয়ে জড়তা লাগছিল। পরে ঠিক হয়ে গেছে।’ দেশে আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলে যেতে পারলে ভালো হতো বলে মনে করছেন মাশরাফি। কিন্তু ইমার্জিং কাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি কাল, মাশরাফির ফ্লাইটও এদিনই। তবে ২২ মার্চ কলম্বোতে বাংলাদেশ দলের হয়েই আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি।