মাঠে মাস্ক, দূষণ নাকি নাটক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মধ্যাহ্নবিরতির পর মাস্ক পরে নেমেছিলেন শ্রীলঙ্কার অনেক ফিল্ডার। ছবি: এএফপি
আজ মধ্যাহ্নবিরতির পর মাস্ক পরে নেমেছিলেন শ্রীলঙ্কার অনেক ফিল্ডার। ছবি: এএফপি

‘জীবনে আর দেখার বাকি রইল না কিছু!’

এমন দার্শনিক কথাবার্তা বলে ফেললেও ফেলতে পারেন আজ। দিল্লি টেস্টের দ্বিতীয় দিন আজ যা দেখাল! দিল্লির বায়ুদূষণ নিয়ে কদিন পর পর কত প্রতিবেদন ছাপা হয়। আজ সে দূষণের চরম অবস্থাই যেন দেখিয়ে দিল শ্রীলঙ্কা দল। ছয়-সাতজন ফিল্ডার মুখে মাস্ক লাগিয়ে ফিল্ডিং করছেন, এমন দৃশ্য তো আর হরহামেশা দেখা যায় না!

মধ্যাহ্নবিরতির পরই ঘটনার শুরু। বিরতির পরই দূষণের হাত থেকে বাঁচার জন্য মাস্ক পরতে দেখা গেছে শ্রীলঙ্কানদের। ১৭ মিনিট পরে দীনেশ চান্ডিমাল দলবল নিয়ে মাঠ ছাড়তে চাইলেন। দূষণের জন্য নাকি তাঁরা খেলতে পারছেন না। ১২৩ তম ওভারে খেলা থামাতেই হলো। তৃতীয় বলের পরই অস্বস্তি বোধ করায় থেমে গেলেন পেসার লাহিরু গামাগে। ১৬ মিনিট খেলা বন্ধ ছিল এ ইস্যুতে। শ্রীলঙ্কা দল মাঠ ছাড়তে চায়, আর দিল্লির ছেলে বিরাট কোহলি চান ব্যাটিং করতে। ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি যে তখন হাতছানি দিচ্ছে তাঁকে!

শেষ পর্যন্ত নতিস্বীকার করে ফিল্ডিং করতে গেল শ্রীলঙ্কা। নাটক জমাতেই যেন খেলা শুরু হওয়ার প্রথম বলেই আউট হয়ে গেলেন অশ্বিন। একটু আগেই অস্বস্তিতে ভোগা গামাগেই আবার পরের ওভারে বল করতে এলেন। এবারও তৃতীয় বলের পর নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে থেমে গেলেন। আবার থামল খেলা। এবার মাঠই ছেড়ে উঠে গেলেন গামাগে। একটু পরে তাঁর পথ ধরলেন অন্য পেসার সুরাঙ্গা লাকমল।

তার এক ওভার পরই খেলা থামিয়ে দিলেন লঙ্কান অধিনায়ক। কারণ তিনি গুনে দেখলেন, মাঠে মাত্র দশজন ফিল্ডার। দূষণে খেলোয়াড় অসুস্থ হতে হতে আর বদলি নামানোর লোক পাচ্ছেন না তাঁরা! দুই দলের কোচকে মাঠে নেমে আম্পায়ারদের সঙ্গে কথা বলার মতো বিরল দৃশ্যও দেখতে হলো। এর মধ্যেই এমনই এক বিরতির ডামাডোলে আউট হয়ে গেছেন কোহলিও।

শ্রীলঙ্কা ফিল্ডার নেই, এ দূষণে খেলা সম্ভব নয়—এমন প্রসঙ্গ তুলছে দেখে ধৈর্য হারালেন কোহলি। ড্রেসিংরুম থেকে ইঙ্গিত দিলেন, শ্রীলঙ্কাকে আর ফিল্ডিং করতে হবে না, দূষণ গায়ে মেখে তাঁরাই এবার ফিল্ডিং করবেন। সে ইনিংস ঘোষণা দেখে শ্রীলঙ্কান খেলোয়াড়েরা আবার এক গাল হেসেও নিলেন!

এত সব নাটক দেখে স্বাভাবিকভাবেই খেপেছেন ভারতীয় দর্শকেরা। তাঁরা এটাকে শ্রীলঙ্কানদের বাড়াবাড়ি হিসেবেই দেখছেন। টুইটারে সে মত প্রকাশ করতেও বাধছে না কারও। সবার ধারণা, ভারতের এমন দাপট দেখে শ্রীলঙ্কা আসলে অজুহাত খুঁজে বেড়াচ্ছিল। অনেকেই বলছেন এটা আইপিএলের ম্যাচ হলে তখন আর দূষণ প্রসঙ্গটাই আসত না। কেউ তো বলেই ফেললেন, এখন আইপিএল হলে দিল্লির ম্যাচেই হাসতে হাসতে খেলতে নামতেন এই শ্রীলঙ্কানরাই!

তবে কেউ কেউ সত্যটা মেনে নিয়েছেন। দিল্লিতে যে কী ভয়াবহ দূষণ চলছে, সেটা টিভি পর্দাতেই বোঝা গেছে। সারা দিন ধরেই পরিবেশ ঘোলাটে, সকালের কুয়াশায় খেলতে নেমেছে সবাই এবং সেটাও কুয়াশা নয়, ধোঁয়াশা। অনেকে এ পরিস্থিতির জন্য স্থানীয় সরকারকে দায়ী করছে। কেউবা দিল্লির এমন অবস্থায় টেস্ট ম্যাচ খেলানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন।

শ্রীলঙ্কার কোচ নিক পোথাস দাবি করেছেন, দূষণের কারনে তাঁর খেলোয়ারেরা বমি করেছেন, ‘আমাদের খেলোয়ারেরা মাঠ থেকে উঠে এসে বারবার বমি করছিল। ড্রেসিংরুমে অক্সিজেন সিলিন্ডার ছিল। ম্যাচ খেলার সময় খেলোয়াড়দের এভাবে ভোগা তো স্বাভাবিক না।’ 

দিল্লির দূষণ নিয়ে কারও মনেই কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা কী মাস্ক পরে ক্রিকেট খেলার মতো কি না কিংবা সে রকম হলে ম্যাচ আম্পায়ার এবং রেফারিই-বা এ নিয়ে কেন ব্যবস্থা নিলেন না, সে প্রশ্ন ভালোভাবেই উঠছে। আরও একটি প্রশ্ন উঠছে, ভারতীয় ব্যাটসম্যানদের সামনে অসহায় বোলারদের একটু নিশ্বাস ফেলার জায়গা তৈরি করতেই কি লঙ্কানদের এমন দূষণ-নাটক?