মাঠে মেজাজ হারানো সাকিব পরে খোশমেজাজেই

‘আগের দুই বিপিএলে গাড়ি ছিল, এবার তো তেমন কিছু দেখছি না! গাড়ি দেখলে আকর্ষণ হয়তো বাড়ত!’ সাকিব আল হাসানের রসিকতায় হাসির হুল্লোড় পড়ল সংবাদ সম্মেলনে।
এবার বিপিএলে টানা দুবার ম্যাচসেরা হলেন। দলও জিতে চলেছে সাকিবের দিনে। দারুণ ব্যাটিং-বোলিংয়ে যেভাবে এগোচ্ছেন, আবার সিরিজসেরা হয়ে গাড়ি জেতা কঠিন নয়। তবে এবার সিরিজ সেরাকে গাড়ি দেওয়া হবে কিনা, সাকিবের মতো নিশ্চিত নন কেউ।
সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্স অধিনায়ককে যতটা ফুরফুরে মেজাজে পাওয়া গেল, মাঠে অবশ্য ছিলেন তার বিপরীত। কেন মেজাজ হারালেন, কেনই বা আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে তর্ক হলো-প্রসঙ্গটা এড়িয়েই যেতে চাইলেন রংপুর অধিনায়ক, ‘মাঝে মাঝে এ রকম কিছু হয়ে থাকে। এ ব্যাপারে আসলে কথা বলতে চাচ্ছি না।’
তা না বললেন। ম্যাচ শেষে কোমর দুলিয়ে যে নাচটা দিলেন, সেটার কারণটা তো বলা যায়! তীব্র জয়ক্ষুধা ছিল, বোঝাই যাচ্ছিল। সে কারণেই কি অমন উল্লাস? সাকিব অবশ্য উত্তরটা দিলেন একটু ঘুরিয়েই, ‘তা ঠিক বলব না। ম্যাচটা জেতা গুরুত্বপূর্ণ ছিল। এ ম্যাচ জিতে এগিয়ে গেলাম। আমাদের জন্য এখন বড় সুযোগ এক-দুই হওয়ার। আর ক্লোজ ম্যাচে জিতলে এমন আনন্দ হয়ই।’
সিলেটের তখন দরকার ছিল ৮ বলে ৭। টি-টোয়েন্টিতে বেশ সহজ সমীকরণই বটে। তবে সিলেটের তখন শেষ উইকেট। অবশ্য এক প্রান্তে ছিলেন মুশফিকুর রহিম। ১৯তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিলেন অজন্তা মেন্ডিস। চাইলে মুশফিক খেলতে পারতেন শেষ ওভার। সিলেট অধিনায়কের এ সিদ্ধান্ত শাপে-বরই হয়েছে রংপুরের।
শেষ ওভার করতে আসা আবু জায়েদকে খানিকক্ষণ কী যেন বোঝালেন সাকিব। হারানোর কিছু নেই, তবে নায়ক হওয়ার সুযোগ আছে-তরুণ পেসারকে আসলে এ মন্ত্রই পড়ে দিয়েছিলেন অধিনায়ক, ‘ওকে বলছিলাম, হারানোর কিছু নেই। যদি জেতাতে পার, নায়ক হওয়ার সুযোগ আছে। এ পরিস্থিতিতে বোলারের খুব একটা করার কিছু থাকে না। যদি রানটা হয়েও যায়, বোলারের কিছু করার থাকে না। শেষ পর্যন্ত সে সফলই হয়েছে।’
আগের দিনে ব্যাটিং নিয়ে অতৃপ্তি ছিল। আজ অবশ্য সেটা নেই। তবে রানটা আরও বড় হতে পারত। বাড়তে পারত বাউন্ডারি সংখ্যাও। সাকিব জানালেন, তা হয়নি আসলে দ্রুত উইকেট পড়ে যাওয়ায়, ‘আজ ব্যাটিংয়ে বেশ স্বস্তি অনুভব করছিলাম। আরেক প্রান্তে উইকেট পড়তে দেখে বাউন্ডারি মারার সাহস আর পাইনি। এক পাশ থেকে উইকেট পড়তে দেখলে এনার্জি কমতে থাকে! তবুও যা করেছি, এটা কাজে দেবে। উইকেটে সময় কাটানো দরকার ছিল। আমি খুশি। আশা করি সামনে আরও ভালো কিছু করতে পারব।’