মাঠে রুটের কাজটা আসলে কী, প্রশ্ন পন্টিংয়ের

পন্টিং তীব্র সমালোচনা করেছেন রুটেরছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের অ্যাশেজটা একদম একপেশে হচ্ছে। সিরিজ শুরুর আগে জানানো হয়েছিল, সবচেয়ে সেরা প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে ইংল্যান্ড, কোভিড-১৯–এর কারণে সিরিজের সময় পরিবর্তিত হওয়ায় কন্ডিশনের সুবিধা অস্ট্রেলিয়া নয়, ইংল্যান্ডই পাবে। আর অ্যাশেজের জন্যই বছরজুড়ে ইংল্যান্ডের ক্রিকেটাররা পর্যায়ক্রমে বিশ্রাম নিয়ে খেলেছেন। এভাবে তরতাজা থেকে অ্যাশেজে এসেও অবশ্য লাভ হয়নি দলটির।

প্রথম দুই টেস্টেই অসহায় আত্মসমর্পণ করেছে ইংল্যান্ড। ইংলিশ সমর্থকদের মতো নিরপেক্ষ দর্শকেরাও তাই হতাশ। হাজার হলেও অ্যাশেজে এমন একক আধিপত্য কে দেখতে চায়? এরপর ইংলিশ অধিনায়ক জো রুট বোলারদের ওপর দায় চাপিয়েছেন কাল। চার ইনিংসেই ব্যাটিং ব্যর্থতার পরও ব্যর্থতার ভার বোলারদের কাঁধে ঠেলে দিয়েছেন রুট। আর এতে প্রচণ্ড খেপেছেন দুই বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। বলেছেন, অধিনায়ক হিসেবে রুটের দায়িত্বটা তাহলে কী!

বোলারদের ঠিকঠাক দিক নির্দেশনা দিতে পারেননি রুট
ছবি: এএফপি

গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের পেসারদের কাঠগড়ায় তুলেছেন রুট। প্রথম দুই টেস্ট হারার কারণ হিসেবে বলেছেন, ‘আমার মনে হয় না সঠিক লেংথে বল করছি। আমি যদি একদম সত্যি বলি, আমাদের আরেকটু সামনে বল করা উচিত। অনেকগুলো হতাশার মধ্যে এটা একটি। কারণ, চার বছর আগেও এটা করেছি এবং ভুল করেছি। এ থেকে আমরা শিক্ষা নিচ্ছি না। গত সপ্তাহে (ব্রিসবেন টেস্ট) একই ভুল করেছি। আমাদের আরও ভালো হতে হবে এবং দ্রুত শিক্ষা নিতে হবে।’

২৭৫ রানে হারের পর এভাবে বোলারদের দোষ দেওয়াটা মানতে পারছেন না পন্টিং। তাঁর দাবি, বোলাররা যদি সঠিক লেংথে বল না করে এবং অধিনায়ক যদি সেটি বুঝতেই পারেন তাহলে বোলারদের সঠিকভাবে বল করানোটাই অধিনায়কের কাজ। সেটা মাঠে করতে না পেরে সংবাদ সম্মেলনে এভাবে কথা বলার কোনো অর্থ দেখছেন না পন্টিং, ‘যখন এ কথা শুনলাম আমি আরেকটুর জন্য চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম। তাদের (বোলারদের) লেংথ পরিবর্তন করানো কার দায়িত্ব? তুমি তাহলে অধিনায়ক কেন? কোন লেংথে বল করতে হবে সেটা যদি ঠিক করে দিতে না পার, তাহলে মাঠে আছ কেন?’

পন্টিংয়ের প্রশ্ন তাহলে মাঠে রুট কী করছেন
ফাইল ছবি

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথোপকথনে রুটকে একদম ধুয়ে ফেলেছেন পন্টিং। বলেছেন অধিনায়কত্ব কী জিনিস সেটাই বোঝেন না রুট, ‘জো রুট চাইলেই এসে যা খুশি তা বলতে পারে কিন্তু অধিনায়ক হলে, বোলাররা যে তোমার পছন্দ অনুযায়ী বল করতে পারছে না, সেটা বোঝা উচিত। আর তারা যদি কথা না শোনে, তাদের সরিয়ে দাও, ব্যাপারটা এতই সোজা। যে এ কাজ করতে পারে, তাকে বল দাও। অথবা মাঠেই তাদের কড়া কথা শুনিয়ে দাও, বল কী চাও। অধিনায়কত্ব মানেই তো এটা।’

সিরিজে ব্যাট হাতে জো রুট খারাপ করছেন না। চার ইনিংসে ১৭৫ রান করে শুধু ডেভিড ম্যালানের পরে আছেন অধিনায়ক। কিন্তু মাঠে তাঁর নেতিবাচক ফিল্ডিং সাজানো, বোলিং পরিবর্তনে ব্যর্থতা, ভুল দল নির্বাচন ও ব্যতিক্রমী কিছু করতে না পারার ব্যর্থতা ভোগাচ্ছে দলকে। এর মধ্যে প্রকাশ্যে বোলারদের সমালোচনা করাটা তাঁর ওপরই চাপ বাড়াবে।