মাঠেই জবাব দেবে কিউইরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাইলে ব্রেন্ডন ম্যাককালাম কথার লড়াইটাকে আরও জমিয়ে তুলে পারতেন। কিন্তু তিনি যে তেমন লোকই নন! ডেভিড ওয়ার্নার তাঁকে ‘অপরিণত’ বলে খোঁচা দিলেন, অথচ সেটা গায়ে না মেখে উল্টো সেই ওয়ার্নারেরই প্রশংসা করলেন! এতে একটা বার্তাও পরিষ্কার করে দিতে পারলেন নিউজিল্যান্ড অধিনায়ক—কথার লড়াই নয়, কিউইদের মূল আগ্রহ ব্যাট-বলের লড়াইয়ে। ব্রিসবেনের গ্যাবায় সিরিজের প্রথম টেস্ট দিয়ে যে লড়াইটা আজ ভোরেই শুরু হয়ে যাওয়ার কথা।
ঢিলটা ছুড়েছেন আসলে ম্যাককালামই, মাস দুয়েক আগে নিজের লেখা এক কলামে। গত সেপ্টেম্বরে লর্ডসে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বেন স্টোকসের ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট নিয়ে মত দিতে গিয়ে ম্যাককালাম লিখেছিলেন, ‘ক্রিকেটীয় চেতনা ঊর্ধ্বে রেখে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের উচিত ছিল স্টোকসের আউটের আবেদনটা প্রত্যাহার করা।’ যার জবাবে পরশু ওয়ার্নার বলেছেন, এ রকম মন্তব্য করে ম্যাককালামই অপরিণতের মতো কাজ করেছেন। খোঁচা খেয়ে পাল্টা ম্যাককালাম কী বলেন সেটি নিয়ে একটু কৌতূহল ছিল অনেকেরই। নিউজিল্যান্ড অধিনায়ক কী বললেন শুনুন, ‘ডেভির (ওয়ার্নার) সঙ্গে আমার সেদিনই সিঁড়িতে দেখা হলো। আমার তো ওর খেলা দেখতে খুব ভালো লাগে। আমাদের বিপক্ষে এই সিরিজে হয়তো ভালো লাগবে না। কিন্তু এমনিতে ওর খেলা আমার খুবই পছন্দ। যথেষ্ট শ্রদ্ধাও আছে তার প্রতি।’

>এমনিতেই তো এখানে ৩৮ ডিগ্রি তাপমাত্রা। অস্ট্রেলিয়ানদের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে আমরা আর শক্তিক্ষয় করতে চাই না —ট্রেন্ট বোল্ট

অবশ্য ম্যাককালামের হয়ে আগের দিন জবাব দিয়ে দিয়েছিলেন পেসার ট্রেন্ট বোল্ট, ‘এমনিতেই তো এখানে ৩৮ ডিগ্রি তাপমাত্রা। অস্ট্রেলিয়ানদের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে আমরা আর শক্তিক্ষয় করতে চাই না।’ মানেটা পরিষ্কার। অস্ট্রেলিয়ানরা যতই কথার তির ছুড়ে তাতিয়ে দেওয়ার চেষ্টা করুক, নিউজিল্যান্ডের আগ্রহ ব্যাটে-বলে লড়াইয়ের দিকেই।
সেই লড়াইয়ে অবশ্য পরিসংখ্যানটা বড় একপেশে! অস্ট্রেলিয়ার মাটিতে গত ৩০ বছরে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড। তিন দশকের এই অচলায়তন কি এবার ভাঙতে পারবে ম্যাককালামের নেতৃত্বে আমূল বদলে যাওয়া দলটি? সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে কিউইদের একমাত্র সিরিজ জয়টি এসেছিল, ১৯৮৫ সালে। সেই সিরিজের নায়ক রিচার্ড হ্যাডলিও আশাবাদী যে তাঁর উত্তরসূরিরা মাঠেই জবাব দেবেন, ‘আমরা কথা নয়, দক্ষতা দিয়েই মাঠে জবাব দিতে চাই।’ নিউজিল্যান্ড হেরাল্ড।