মাঠেই দেখা যেত সৌরভের আসল 'দাদাগিরি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাদাগিরি এখনো ছাড়েননি সৌরভ। ফাইল ছবি
দাদাগিরি এখনো ছাড়েননি সৌরভ। ফাইল ছবি

লর্ডসের ব্যালকনিতে ন্যাটওয়েস্ট সিরিজ জেতার পর সৌরভ গাঙ্গুলীর জার্সি খুলে বুনো উদ্‌যাপন কি কেউ ভুলতে পারবে? এমনটা হয়তো কখনোই করতেন না, কিন্তু অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে একটি বোঝাপড়া বাকি ছিল দাদার। ইংলিশ অলরাউন্ডার কদিন আগেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ জিতে ঠিক ওই কাজ করেছিলেন। ফ্লিনটফের অমন উদোম উদ্‌যাপন যে ওয়াংখেড়ের দর্শকদের ভালো লাগেনি, সেটি বোঝাতেই যেন ২০০২ সালে লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলেছিলেন সৌরভ। 

বিশ বছর আগে বাংলা থেকে ‘কোটায় সুযোগ পাওয়া’ খেলোয়াড়ের ‘বদনাম’ ঘুচিয়ে লর্ডসে অভিষেকেই হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। ১৩১ রানের শুরুর পরের টেস্টেই নটিংহামে করেছিলেন ১৩৬। পরপর দুই সেঞ্চুরি ‘কোটা’র সৌরভকে বানিয়েছিল ‘প্রিন্স অব ক্যালকাটা’। ভারতীয় দলে সবার ‘দাদা’ এরপর এমনই ‘দাদাগিরি’ শুরু করলেন যে তাঁকে নেতা হিসেবে মেনে নিয়েছিলেন সবাই।
খেলা ছাড়ার পরেও ‘দাদাগিরি’ ছাড়েননি। একইভাবে করে যাচ্ছেন। কী ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) অফিসে, কী ভারতীয় বোর্ডের উপদেষ্টা কমিটিতে। টেলিভিশন ধারাভাষ্যেও দাদাগিরিটা করে যাচ্ছেন একইভাবে।
দুর্দান্ত ক্রিকেট বিশ্লেষণের পাশাপাশি সতীর্থ ধারাভাষ্যকারদের খুনসুটির জবাবেও মিলেছে সৌরভের ‘দাদাগিরি’র ব্যাপারটা। একবার সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন একটু তাচ্ছিল্য করেই সৌরভকে বলেছিলেন, ‘ভারতীয় ফুটবল দল কবে নাগাদ বিশ্বকাপ ফুটবলে খেলতে পারবে বলে মনে কর?’ উত্তরে সৌরভ হুসেইনকে চুপ করিয়ে দিয়েছিলেন, ‘ভারত যদি ৫০ বছর ধরে বিশ্বকাপ ফুটবলে খেলত, তাহলে অন্তত একবার ফাইনালে খেলত।’ সেই কবে ১৯৬৬ বিশ্বকাপের পর থেকেই ইংল্যান্ডের ধারাবাহিক ব্যর্থতা মনে করিয়ে দেওয়ার চেয়ে আর ভালো কোনো জবাব যে হতে পারত না!
রবি শাস্ত্রীও সৌরভের দাদাগিরির ‘শিকার’। শাস্ত্রী একবার বলেছিলেন, ‘সৌরভ ইডেনে তোমার নামে কোনো গ্যালারি বা স্ট্যান্ড নেই? সৌরভের উত্তর ছিল, ‘গোটা ইডেনটাই যে আমার।’
জেফরি বয়কট একবার লর্ডসের ব্যালকনিকে খালি গায়ে জার্সি ঘোরানো নিয়ে খুঁচিয়েছিলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে খেলার অভিজ্ঞতা বলো। ক্রিকেটের মক্কায় জার্সি ওড়ানোর ঘটনাটাও বলো। ওহ, কী দুষ্টু ছেলে তুমি!’ বয়কটের বিখ্যাত ইয়র্কশায়ারের ভঙ্গি নকল করে সৌরভ বলেছিলেন, ‘মুম্বাইয়ে তোমাদের একজনই আগে করেছে সেটা।’
‘কিন্তু লর্ডস হচ্ছে ক্রিকেটের মক্কা’, অসন্তোষ লুকাননি বয়কট।
‘লর্ডস তোমাদের তীর্থস্থান, কিন্তু ওয়াংখেড়ে আমাদের তীর্থস্থান।’ সূত্র: স্পোর্টস ক্রীড়া।