মাঠের বাইরে অন্য লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

কারও পছন্দ বিরিয়ানি, কারও হয়তো মিষ্টি। কিন্তু ফিটনেস ধরে রাখতে প্রিয় খাবারও বিসর্জন দিতে হয় মাশরাফি–মুশফিকদের

ক্রিকেটারদের জীবন কতই না রঙিন! কত সুন্দর সুন্দর দেশে যান, কত মজার মজার খাবার খান। আজ এই হোটেল তো কাল ওই রিসোর্ট। মাঠের টেনশন বাদ দিলে স্বর্গের সুখ যেন তাঁদের জন্য নেমে এসেছে মর্ত্যে।

কিন্তু এই রঙিন মোড়কের ভেতরই লুকিয়ে অনেক ত্যাগের গল্প! খেলোয়াড়দের হাঁড়ির খবর নিলেই জানা যায় সেসব। হাঁড়ি বলতে এখানে কিন্তু সত্যিকারের রান্নার হাঁড়িই বোঝানো হচ্ছে। ঘরের সেই হাঁড়ি থেকে ক্রিকেটারদের পাতে কী পড়ে? কতটুকু পড়ে? আধপেট খাওয়া শরীরটাকে ছুটি-ছাটায়ও ছোটাতে হয় নির্মেদ থাকার পরীক্ষায় পাস করতে। কী কষ্টের জীবন!

কষ্টের, কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে কষ্টটাকে আর কষ্ট মনে হয় না। তা ছাড়া বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন বোঝেন, ভালো খেলার প্রথম শর্তই হলো ফিট থাকা। আর ট্রেনার-ফিজিওদের ছড়ি ঘোরানোর এই যুগে সুস্থ থাকার প্রথম শর্ত কম খাওয়া, তার চেয়ে বেশি বুঝে খাওয়া, সঙ্গে শারীরিক পরিশ্রম। যখন খেলা চলে, তখন এসব নিয়মের মধ্যে চলে আসে। সমস্যা ছুটি-ছাটার সময়। ঘর বিরিয়ানির গন্ধে ম-ম করলেও ক্রিকেটারদের জন্য ঘ্রাণে অর্ধভোজনটুকুই সার। কে জানে, ওই ঘ্রাণ নিয়েই কেউ হয়তো দুটি বুক ডন বেশি দিয়ে নিচ্ছেন।

মাশরাফি বিন মুর্তজার প্রিয় খাবার ভাত ও গরুর মাংস। অথচ তাঁর বাড়িতে গরুর মাংস রান্না হয় দুই সপ্তাহ পরপর। সেদিন এক আড্ডায় প্রিয় খাবারের প্রসঙ্গ উঠতেই চকচক করে উঠল মাশরাফির চোখ, ‘বাসায় যেদিন গরুর মাংস রান্না হয়, সেদিন উৎসব হয়।’ কিন্তু সেই উৎসবের দিনেও মাংস-ভাত নিয়ে বসার আগে নিভৃতে একটা কাজ করে নেন মাশরাফি, ‘আগে অনেকটা সালাদ খেয়ে নিই। ভাত খেতে বসলে তাহলে আর অত খাওয়া যায় না।’

চোটের কারণে লম্বা সময় বাইরে থাকায় মাঝে ওজন বেড়ে গিয়েছিল। বাড়তি ওজন কমাতে দুই বেলা শুধু সেদ্ধ সবজি খেতেন। এভাবে কমিয়ে ফেলেন প্রায় ৮-১০ কেজি ওজন। সকালের নাশতাটা একটু ভারীই করেন মাশরাফি। দুপুরে ভাত খেলেও খুব কম। সঙ্গে সবজি আর এক-দুই টুকরো মাছ-মাংস। রাতে রুটি-সবজি। চা খাওয়ার বাতিক আছে, তবে খুব অল্প চিনি দিয়ে। আর ফিটনেস ট্রেনিং তো তাঁর সারা জীবনেরই সঙ্গী। হাঁটুতে এত বেশি কাটা-ছেঁড়া হয়েছে যে, স্বাভাবিক হাঁটা-চলার জন্যও জিম করা বাধ্যতামূলক।

খাবারদাবারের ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন সম্ভবত মাশরাফিই। তবে ফিটনেস সচেতনতায় এগিয়ে মুশফিকুর রহিম। এতটাই যে, ছুটির সময়ে বা যেদিন মিরপুরে আসতে পারেন না, সেদিনগুলোর জন্য বাসাতেই বানিয়ে নিয়েছেন ছোটখাটো একটা জিম। কারণটাও বললেন, ‘দলের সঙ্গে না থাকার সময় ফিটনেসের কাজগুলো যত বেশি করতে পারি, তত বেশি আত্মবিশ্বাসী থাকি। সবচেয়ে কষ্ট লাগে শ্বশুরবাড়ি গেলে। এত খাওয়া থাকে, কিছুই খেতে পারি না।’

দিনে সর্বোচ্চ এক বেলা ভাত খান। সেটাও দুপুরে এবং অল্প। রাতে রুটি, পাস্তা বা নুডলস। কোনো দিন ভাত খেলেও লাল চালের, যাতে শর্করা কম থাকে। সকালেও লাল আটার রুটি আর সবজি—এই হলো টেস্ট অধিনায়কের দৈনন্দিন খাদ্যতালিকা। কোমল পানীয় আর আইসক্রিম খুব পছন্দ, কিন্তু তা খুব কমই খান। মিষ্টি পছন্দ করেন না বলে নিজেকে সামলানোর যন্ত্রণাটা সইতে হয় না। আর ফরমালিনের ভয়ে ফল খেতে একটু ভয়ই পান, ‘আমাদের দেশে ফলের যা অবস্থা, চেষ্টা করি যতটা সম্ভব কম খেতে।’

মুশফিক মিষ্টি পছন্দ না করলেও তাঁর ভায়রা মাহমুদউল্লাহ রীতিমতো মিষ্টির পোকা। কিন্তু ২০১৪ সাল থেকে খাওয়াদাওয়ায় এমনই নিয়ন্ত্রণ নিয়ে এসেছেন যে মিষ্টি এখন তাঁর কাছে শুধুই উপলক্ষের খাবার। এবার যেমন ঈদে বাড়ি গিয়ে একটু খেয়েছেন। মায়ের পীড়াপীড়িতে অন্যান্য খাবারও বেশি খেতে হয়েছে। ওজন বেড়ে গেছে ২-৩ কেজি। ফিটনেস ট্রেনিংয়ে সেই বাড়তি ওজন ঝরানোটাই মাহমুদউল্লাহর মূল উদ্দেশ্য, ‘ওজন ৮০ কেজি থেকে ৮২-৮৩ হয়ে গেছে। এটাকে ৭৭-৭৮-এ নামিয়ে আনতে হবে।’

গত তিন বছর মাহমুদউল্লাহ ডায়েটিংয়ের ওপরই আছেন। জাতীয় দলের ফিজিও মারিও ভিল্লাভারায়নের পরামর্শ নিয়ে নিজেই তৈরি করেছেন ডায়েট চার্ট। খেলা-টেলা এলে সেই খাদ্যশৃঙ্খলা আরও কঠোর করে ফেলেন। তৈলাক্ত খাবার খান না বললেই চলে। চা-কফিতে চিনি সামান্য। একবার তো চিনি ছাড়া ব্ল্যাক কফি খাওয়া শুরু করেছিলেন মুখের স্বাদ নষ্ট করতে। খাওয়ার বেলায় অতিসচেতন বলে ফিটনেসের জন্য মাহমুদউল্লাহকে বাড়তি তেমন কিছু করতে হয় না, ‘প্রপার ডায়েটটা গুরুত্বপূর্ণ। আমি যা-ই খাই, তা বার্ন করে ফেলি। সে জন্য বাড়তি কাজ কম করলেও চলে।’

রেস্টুরেন্টের ব্যবসায় নেমে মানুষকে খাওয়ানোর বন্দোবস্ত করলেও ইমরুল কায়েস নিজে নাকি কিছুই খান না! হাসতে হাসতে বলছিলেন, ‘একজন স্বাভাবিক মানুষকে যে পরিমাণ খাবার খেতে হয়, আমি তার ৮০ ভাগই বাদ দিয়ে ফেলেছি। বাকি ২০ ভাগ খাই।’ নিজের শরীর সম্পর্কে ইমরুলের মন্তব্য, ‘আমি পানি খেলেও মোটা হই।’ সে জন্য উৎসব-পার্বণেও জিব সংবরণ করেন, ‘ঈদের ছুটিতে মনে হয় ২-৩ দিন মনমতো খেয়েছি। এরপরই আবার ডায়েট। কী করব? খেলেই ওজন বাড়ে।’ সকালে কর্নফ্লেক্স, দুধ, খেজুর, ডিম। দুপুরে এক কাপ ভাত আর সবজি, সঙ্গে মাছ-মাংস। রাতে রুটি-সবজি থাকে খাদ্যতালিকায়। ফিটনেস ট্রেনিং আছে প্রায় প্রতিদিনের রুটিনেই, ‘আমার মনে পড়ে না আমি কখনো টানা ৬-৭ দিনের বেশি বিশ্রাম নিয়েছি। বাড়ি গেলেও প্রতিদিন রানিং করি, নক করি। ঘাম আমাকে ঝরাতেই হবে। নয়তো অস্থির লাগে।’

ইমরুলের ঠিক উল্টো রুবেল। তাঁর গায়ে নাকি কোনো খাবারই আটকে থাকে না, ‘আমি খুব লাকি। যা খাই, তা-ই শরীরে মিশে যায়। ওজন বাড়ে না। সে জন্য আমি স্বাভাবিক খাওয়াই খাই। আর আমরা তো এখন জানি, কোনটি খাওয়া যাবে আর কোনটি খাওয়া যাবে না। মিষ্টিটা যেমন ইচ্ছে করেই কম খাই।’

তাসকিন আহমেদ ভোজনরসিক। নিজের নামে রেস্টুরেস্টও আছে। তাঁর পছন্দের খাবারগুলোও একজন খেলোয়াড়ের জন্য ভয়াবহ—বিরিয়ানি, খিচুড়ি, গরুর চাপ, গরুর মাংস। ‘সবজি-টবজি খুব একটা পছন্দ না। মাছও খাই না। আমি ঢাকার ছেলে তো, তৈলাক্ত খাবারই বেশি পছন্দ। একটু উল্টোপাল্টা খেলে বাবা-মা বকা দেন। বাসায় আমার কথা ভেবেই কম তেলে রান্না হয়। সেটাই সবাই খায়।’ বলছিলেন তাসকিন।

খেলা-অনুশীলন না থাকলেও রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, সকালে তাড়াতাড়ি ওঠা, বাড়তি পরিশ্রম করা—তাসকিনের এসব ব্যাপারে সজাগ দৃষ্টি থাকে বাবা-মার, ‘ওনাদের কারণে আমি চাইলেও অনিয়ম করতে পারি না। রাতে একটু দেরিতে ঘুমালে বা দুদিন জিম না করলেই কৈফিয়ত দিতে হয়।’

তাতে যে আখেরে নিজেরই লাভ, জাতীয় দলে বছর তিনেক খেলার অভিজ্ঞতা থেকেই তা বুঝে গেছেন তাসকিন। সতীর্থদের মধ্যেও দেখেন একই তাড়না, ‘এসব ব্যাপারে গত এক-দেড় বছরে আমাদের মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে। আমরা এখন নিজেরাই জানি, কীভাবে ফিটনেস ধরে রাখতে হবে, কীভাবে এনার্জি বার্ন করতে হবে।’

মাশরাফি-তাসকিনরা নিজেরাই এখন নিজেদের ট্রেনার। যেটিকে বলতে পারেন বাংলাদেশের ক্রিকেটে নীরব বিপ্লব!