মাঠের বাইরে টেন্ডুলকারকে টপকালেন কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর আয়ে শচীনকে টপকে গেছেন কোহলি। ছবি: এএফপি
এ বছর আয়ে শচীনকে টপকে গেছেন কোহলি। ছবি: এএফপি

ভারতে তিনি এখনো ‘গড অব ক্রিকেট’। চার বছর আগে ব্যাট তুলে রাখার আগে আন্তর্জাতিক ক্রিকেটে গড়েছেন সর্বোচ্চ রান করার রেকর্ড। সেই শচীন টেন্ডুলকারের সঙ্গে সাম্প্রতিক সময়ে তুলনা চলছে বিরাট কোহলির। রানসংখ্যায় টেন্ডুলকারকে কোহলি পেছনে ফেলতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে আয়ের দিক থেকে ‘লিটল মাস্টার’কে এরই মধ্যে টপকে গেছেন ভারতীয় অধিনায়ক। ‘ফোর্বস ইন্ডিয়া’-র করা ভারতের ১০০ সেলিব্রেটির তালিকায় তৃতীয় কোহলির দুই ধাপ নিচে টেন্ডুলকার। এ বছর সবচেয়ে বেশি আয় করা ভারতীয় তারকাদের নিয়ে করা হয়েছে এই তালিকা।

ভারতীয় ক্রীড়া-বাণিজ্যে কোহলির এখন রমরমা বাজার। চলতি বছর সব মিলিয়ে ১০০.৭২ কোটি রুপি আয় করেছেন তিনি। বিসিসিআইয়ের পারিশ্রমিক মানদণ্ডে ‘এ’ ক্যাটাগরিভুক্ত ক্রিকেটারটি দেশের নেতৃত্ব দেওয়ার জন্যও আলাদা পারিশ্রমিক পেয়ে থাকেন। এ ছাড়া আইপিএলে লোভনীয় অঙ্কের চুক্তি এবং ন্যূনতম ২০টি ব্র্যান্ডের সঙ্গে এনডোর্সমেন্ট চুক্তি রয়েছে কোহলির।

তবে আয়ের দিক থেকে ভারতের শীর্ষ দুই সেলিব্রেটি থেকে কোহলি বেশ পিছিয়ে। শীর্ষ দুটি স্থান যথাক্রমে বলিউডের দুই ‘খান’—সালমান ও শাহরুখের দখলে। এ বছর ২৩২.৮৩ কোটি রুপি আয় করে শীর্ষে সালমান খান। ১৭০.৫ কোটি রুপি আয় করে দ্বিতীয় শাহরুখ খান। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কোহলি ছাড়া শীর্ষ দশে রয়েছেন আরও দুই ক্রিকেটার। ৮২.৫ কোটি রুপি আয় করে পাঁচে টেন্ডুলকার এবং আটে মহেন্দ্র সিং ধোনি। ‘মাহি’ এ বছর আয় করেছেন ৬৩.৭৭ কোটি রুপি।

আয়ের দিক থেকে কোহলি সালমান ও শাহরুখের চেয়ে পিছিয়ে থাকলেও ভারতীয় অধিনায়ক একটি জায়গায় টেক্কা দিয়েছেন শীর্ষ দশে থাকা বাকি সবাইকে। এক থেকে দশ পর্যন্ত শীর্ষ আয়কারীদের মধ্যে কোহলিই সর্বকনিষ্ঠ! সালমান (৫১ বছর), শাহরুখ (৫২ বছর), অক্ষয় কুমার (চতুর্থ, ৫০ বছর), টেন্ডুলকার (৪৪ বছর), আমির খান (ষষ্ঠ, ৫২ বছর), প্রিয়াঙ্কা চোপড়া (সপ্তম, ৩৫ বছর), ধোনি (৩৬ বছর), হৃতিক রোশন (নবম, ৪৩ বছর) ও রণবীর সিংয়ের (দশম, ৩২ বছর) চেয়ে কোহলি বয়সে বেশ ছোট। মাত্র ২৯ বছর।

আয়ে পিছিয়ে থাকলেও কদিন আগে ব্র্যান্ডমূল্যে শাহরুখকে টপকে ভারতের সেরা ব্র্যান্ড হয়েছেন কোহলি। একদিন আয়ে বলিউডের তারকাদেরও ছাড়িয়ে যাবেন বলেই পূর্বাভাস।

  ২০১৭ সালে আয়ে ভারতের শীর্ষ ১০ সেলেব্রিটি


 সেলেব্রিটি


  আয় (রুপি)


 বয়স


 পেশা


সালমান খান


২৩২.৮৩ কোটি


৫১


অভিনেতা


শাহরুখ খান


১৭০.৫ কোটি


৫২


অভিনেতা


বিরাট কোহলি


১০০.৭২ কোটি


২৯


ক্রিকেটার


অক্ষয় কুমার


৯৮.২৫ কোটি


৫০


অভিনেতা

শচীন টেন্ডুলকার


৮২.৫ কোটি


৪৪


ক্রিকেটার


আমির খান


৬৮.৭৫ কোটি


৫২


অভিনেতা


প্রিয়াঙ্কা চোপরা


৬৮ কোটি


৩৫


অভিনেত্রী


এমএস ধোনি


৬৩.৭৭ কোটি


৩৬


ক্রিকেটার


হৃতিক রোশন


৬৩.১২ কোটি


৪৩


অভিনেতা


রণবীর সিং


৬২.৬৩ কোটি


৩২


অভিনেতা