মাঠের বাইরেও আছে লাল-সবুজ
ক্রিকেট মানেই এখানে উত্সব। বক্সিং ডের ক্রিকেট হলে সেই উৎসবের মাত্রাটা বেড়ে যায় কয়েক গুণ। হ্যাগলি ওভাল ঘুরেও তা-ই দেখা গেল আজ।
মাঠে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে চলছে। কিন্তু সবার সারাক্ষণ বসে বসে সেটাই দেখতে হবে, এমন কোনো কথা নেই। মাঠের বাইরেও কত আকর্ষণ ছড়ানো! শিশু-কিশোরদের জন্যই সেটা বেশি। আছে থিম পার্কের মিনি সংস্করণ। ব্যাট-বল নিয়ে অনেককে ক্রিকেটও খেলতে দেখা গেল। মাঠের বাইরে বসানো দৈত্য পর্দায় তাসকিন বল করছেন। সেটার পাশেই চলছে ছোট ছোট কিউই ‘তাসকিন’দের নিজেদের ক্রিকেট।
খাওয়াদাওয়ার ব্যবস্থাও দারুণ। ফাস্ট ফুড, আইসক্রিম, চা-কফি, ভাত—সবই আছে। পানীয়তেও বাধা নেই, তবে সেটা নিয়ে মাঠে ঢুকতে হলে পানীয়টুকু গ্লাসে ঢেলে নিতে হবে, এ-ই যা।

ছুটির দিন বলে মাটির ঢিবির গ্যালারি পরিপূর্ণ। গ্রীষ্ম চলছে এখানে। একই সঙ্গে ক্রিকেট দেখা আর গায়ে রোদ লাগানোর সুযোগ মানুষ ছাড়বে কেন! গ্যালারিতে বাংলাদেশি দর্শকও ছিলেন শ খানেক। বেশির ভাগই নিউজিল্যান্ডপ্রবাসী। অনেকে আবার অস্ট্রেলিয়া থেকেও এসেছেন খেলা দেখতে। বক্সিং ডের ক্রিকেট উৎসবে এবার তাই আছে লাল-সবুজও।