মাঠের বাইরেও সানির রেকর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টিতে এমন বোলিং! ১৬ বলে কোনো রান না দিয়ে তিন-তিনটি উইকেট নিলেন রংপুর রাইডার্সের আরাফাত সানি। বাঁহাতি স্পিনারের অভিব্যক্তিতে তবু বিস্ময় নেই! কাল মিরপুরে রংপুর রাইডার্স-খুলনা টাইটানস ম্যাচে l শামসুল হক
টি-টোয়েন্টিতে এমন বোলিং! ১৬ বলে কোনো রান না দিয়ে তিন-তিনটি উইকেট নিলেন রংপুর রাইডার্সের আরাফাত সানি। বাঁহাতি স্পিনারের অভিব্যক্তিতে তবু বিস্ময় নেই! কাল মিরপুরে রংপুর রাইডার্স-খুলনা টাইটানস ম্যাচে l শামসুল হক

আরাফাত সানি কাল দুটি রেকর্ড করেছেন। একটি মাঠেই। আরেকটি হয়েছে প্রেসবক্সে!
প্রথমটি আগে জেনে নিন। ২ ওভার ৪ বল করে কোনো রান না দিয়ে উইকেট পেয়েছেন তিনটি! শূন্য রানে ৩ উইকেট পাওয়া কোনো বোলারের এমন কীর্তি টি-টোয়েন্টির ইতিহাসেই মাত্র দ্বিতীয়।
কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের রংপুর রাইডার্স-খুলনা টাইটানস ম্যাচ শেষে বিসিবির নিরাপত্তাকর্মীদের বাড়াবাড়িতে সংবাদ সম্মেলন ‘বয়কট’ করেন সংবাদকর্মীরা। সাংবাদিকদের অনুরোধেই সানির সংবাদ সম্মেলনটা হয়ে যায় প্রেসবক্সে! শুধু মিরপুর কেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রেসবক্সে এভাবে কোনো খেলোয়াড়ের সংবাদ সম্মেলন হওয়ার উদাহরণ জানা নেই। সানির জন্য এটাও নিশ্চয়ই একটি রেকর্ড!
অভিনব সংবাদ সম্মেলনের মতো মাঠে সানির পারফরম্যান্সটাও ছিল ব্যতিক্রম। তাঁর প্রথম ওভারেই দুটি রান হতে পারত। হেলেদুলে দৌড়ে আবদুল মজিদ রানআউট না হলে একটি রান হতো। ওই ওভারে রিকি ওয়েসেলস যে রানটি নিয়েছেন সেটি আবার এসেছে লেগবাই থেকে। একটা সময় সানির বোলিং ছিল ২-২-০-২! শেষ পর্যন্ত সেটি ২.৪-২-০-৩! টি-টোয়েন্টিতে কোনো রান খরচ না করেই ৩ উইকেট নেওয়ার কীর্তি সানির আগে করেছেন শুধু শ্রীলঙ্কার দিনুকা হেত্তিয়ারাচ্চি। রেকর্ড বইয়ে যে নাম উঠবে নিজেও ভাবতে পারেননি সানি, ‘এটা যে রেকর্ড, জানতাম না। ভেবেছিলাম এটা আমার সেরা বোলিং। কোনো রান দেব না, ম্যাচের শুরুতে আসলে এমন পরিকল্পনাও ছিল না।’
সানির রেকর্ডময় ম্যাচ হলেও খুলনাকে বিপিএলের সর্বনিম্ন ৪৪ রানে অলআউট করে দিতে আসল ভূমিকা রেখেছেন শহীদ আফ্রিদি। ১২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও এই পাকিস্তানি অলরাউন্ডার।
আগের দিনই যে দল রাজশাহী কিংসের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে কাল সেই খুলনা ছন্নছাড়া! ১ রানেই প্রথম উইকেট নেই। উইকেট যাওয়া-আসার মিছিল আর থামেনি। টুপটাপ করে নিমেষেই ঝরে গেছে বাকি ৯টি উইকেটও। পাঁচজন ব্যাটসম্যানের নামের পাশে ‘শূন্য’। শুভাগত হোম শুধু ছুঁতে পেরেছেন দুই অঙ্ক। বাকি পাঁচজনের রান—৬, ৫, ২, ৭ ও ৮!
প্রথম ইনিংসের পরই আসলে ম্যাচ শেষ! খুলনা শুধু খেলার জন্যই যেন খেলেছে। লক্ষ্যটাই এত ছোট, সেটি তাড়া করতে রংপুরের লেগেছে ৮ ওভার। শুধু মোহাম্মদ শেহজাদের উইকেটটাই হারিয়েছে। বাকি দুই ব্যাটসম্যান সৌম্য সরকার-মোহাম্মদ মিঠুন অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ২৯ রান যোগ করে সমাপ্তি টেনেছেন ম্যাচটির।
ম্যাচ শেষে উইকেটের পাশে ছোট্ট একটা সভা করেছে খুলনা। এমন পরাজয়ের লজ্জা পেছনে রেখে হয়তো পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞায় এককাট্টা হয়েছেন তাঁরা।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইটানস: ১০.৪ ওভারে ৪৪ (মজিদ ৬, পুরান ০, ওয়েসেলস ৫, মাহমুদউল্লাহ ২, শুভাগত ১২, অলক ০, আরিফুল ৭, নূর আলম ৮, জুনাইদ ০, আসগর ০, শফিউল ০*; সোহাগ ১/৬, রুবেল ০/৮, সানি ৩/০, গ্লিসন ১/১৪, আফ্রিদি ৪/১২)।
রংপুর রাইডার্স: ৮ ওভারে ৪৫/১ (শেহজাদ ১৩, সৌম্য ১৩*, মিঠুন ১৫*; জুনাইদ ১/১৪, আসগর ০/৬, শুভাগত ০/১০, নূর ০/১৫)।
ফল: রংপুর রাইডার্স ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শহীদ আফ্রিদি।