মাঠের বাইরেও সেই মুমিনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলা শেষের মাত্র এক বল আগেই আউট হয়ে গেছেন। মুমিনুলের হতাশা ছুঁয়ে গেল সঙ্গী সাকিবকেও l প্রথম আলো
খেলা শেষের মাত্র এক বল আগেই আউট হয়ে গেছেন। মুমিনুলের হতাশা ছুঁয়ে গেল সঙ্গী সাকিবকেও l প্রথম আলো

৮০ রানে আউট হয়ে আসার পর সেঞ্চুরি না পাওয়ার হতাশা ব্যাটসম্যানকে ঘিরে ধরবেই। সংবাদ সম্মেলনে মুমিনুল হকের সঙ্গে যে কেউই মিলিয়ে নিতে পারতেন সেই হতাশা।
সেটি কী ভুলই না হতো! মুমিনুলকে যাঁরা চেনেন, তাঁদের খুব ভালো করেই জানা, সেঞ্চুরি করে এলেও মুমিনুল অমনই থাকতেন। নির্লিপ্ত ভঙ্গিতে হয়তো বলতেন, ‘লম্বা সময় ব্যাটিং করলে সেঞ্চুরি তো হবেই...।’ সেঞ্চুরি না পাওয়ার দুঃখ অবশ্য প্রকাশ করলেন, সেটিও নির্লিপ্ত ভঙ্গিতেই, ‘সেঞ্চুরি মিস হয়েছে, একটু আফসোস তো লাগছেই।’ সংবাদ সম্মেলনের এই নির্লিপ্ততা বা ড্রেসিংরুম থেকে সংবাদ সম্মেলনকক্ষে আসার পথে সাংবাদিকদের সঙ্গে নিজের আউট নিয়ে রসিকতা—এসবের কোনোটা দিয়েই আসলে তাঁর মনের ভাব অনুমান করা কঠিন।
এটি তাঁর ক্যারিয়ারের ১৩তম টেস্ট। এর মধ্যে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের তৃতীয় টেস্টেই কেবল ফিফটি পাননি। ফিফটি ছিল প্রথম দুই টেস্টে, ফিফটি করেছেন পরের ১০ টেস্টেও। এ রকম একটা কীর্তি গড়ে বসে আছেন, অথচ মুমিনুলের কথা শুনে মনে হলো যেন কিছুই হয়নি, ‘এটা আমি জানি না। জানার দরকারও মনে করছি না।’
দিনের মাত্র এক বল বাকি থাকতে আউট হয়ে গেছেন। অন্য কোনো ব্যাটসম্যান হলে হয়তো সেই আফসোসেই ভেঙে পড়তেন। ‘ইশ্! যদি ওই বলটা ওভাবে না খেলতাম!’ রাতটাও কাটতে পারত নির্ঘুম। কিন্তু মুমিনুল বলেই ব্যাপারটা অন্য রকম, অন্তত বাইরে থেকে তা-ই মনে হয়। নিজের আউট নিয়ে অমন সমালোচনায় মেতে ওঠাও কেবল তাঁর পক্ষেই সম্ভব, ‘আমার মনে হয় ওই বলটা আমি খুব বাজে খেলেছি। হয়তো একটু আয়েশি ছিলাম, তাই আউট হয়ে গেছি। অনেক সময় নিয়ে খেললে মাঝে মাঝে মনোযোগ ঠিক রাখা যায় না। মনোযোগ সরে গেছে, তাই আউট হয়ে গেছি।’
কোচ ও অধিনায়ক দূর থেকে দেখে অনুমান করেছেন। আর মুমিনুল মাঠে থেকেই বুঝেছেন, শেখ আবু নাসের স্টেডিয়ামের উইকেটে কাল রান করা কতটা কঠিন ছিল। মুমিনুলের ভাষায়, ‘বল নিচু হয়, একটু দেরিতে আসে। উইকেটে টিকে থাকা যায়, তবে রান করা কঠিন। ৮০ রান করতেই আমার মনে হয়েছে এক শ বছর লেগে গেছে। সাকিব ভাই-তামিম ভাই ওয়ানডেতে অনেক আক্রমণাত্মক ব্যাটিং করলেও আজ (গতকাল) তাঁরাও পারছিলেন না। এখানে বেশি জোরাজুরি করলে রানও হবে না, উইকেটও পড়ে যাবে।’
সংবাদ সম্মেলনে ওই ভাবলেশহীন মুমিনুলই একটা কথা বলে চমকে দিয়েছেন সবাইকে—প্রথম ইনিংসে ৩০০ রান করাই নাকি যথেষ্ট! নিজের দলের বোলিংয়ের ওপর এমনই আস্থা যে, এই উইকেটে পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য ৩০০ রান টপকে লিড নেওয়া কঠিন হবে বলেই তাঁর দাবি।
অধিনায়ক মুশফিকুর রহিম আর কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য মনে করেন না, প্রথম ইনিংসে ৩০০ রান করাই যথেষ্ট। কিন্তু তাতে কী আসে যায় মুমিনুলের! তাঁর চিন্তাভাবনা, মতামত যে একান্তই তাঁর নিজস্ব! নইলে হাথুরুসিংহের ড্রেসিংরুমে ক্রমেই ‘টেস্ট ব্যাটসম্যান’ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া নিয়ে অন্য সবাই চিন্তিত হলেও মুমিনুল নিজে কেন নন? এ ব্যাপারে তাঁর ব্যাখ্যা খুবই সহজ সরল, ‘ওয়ানডে খেলতে পারছি না, এটা তো আমার হাতে নেই। টেস্টে নিয়মিত রান করলে হয়তো সুযোগ আসবে।’
এত সহজে সবকিছু নিতে পারেন বলেই তো মুমিনুল আলাদা!
মুমিনুলের টেস্ট ক্যারিয়ার
স্কোর        বিপক্ষ
৫৫          শ্রীলঙ্কা
৬৪ ও ৩৭  শ্রীলঙ্কা
২৩ ও ২৯  জিম্বাবুয়ে
১৮১ ও ২২* নিউজিল্যান্ড
৪৭ ও ১২৬* নিউজিল্যান্ড
৮ ও ৫০      শ্রীলঙ্কা
১৩ ও ১০০* শ্রীলঙ্কা
৫১ ও ১২     ও. ইন্ডিজ
৩ ও ৫৬      ও. ইন্ডিজ
৫৩ ও ০      জিম্বাবুয়ে
৩৫ ও ৫৪     জিম্বাবুয়ে
৪৮ ও ১৩১*  জিম্বাবুয়ে
৮০             পাকিস্তান