মাঠের বাইরের অন্য সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের ব্যাটে স্বপ্নের নায়কের অটোগ্রাফ। পথশিশুদের বিবর্ণ জীবনে রঙিন একটি দিন উপহার দিলেন সাকিব আল হাসান। কাল মিরপুর একাডেমি মাঠে l সৌজন্য ছবি
নিজের ব্যাটে স্বপ্নের নায়কের অটোগ্রাফ। পথশিশুদের বিবর্ণ জীবনে রঙিন একটি দিন উপহার দিলেন সাকিব আল হাসান। কাল মিরপুর একাডেমি মাঠে l সৌজন্য ছবি

মিরপুর একাডেমি মাঠের সেন্টার উইকেটে অনুশীলন করছিলেন তাসকিন-রুবেলরা। পাশেই মাঠের এক কোণে নিজেদের মধ্যে ক্রিকেট খেলছিল কজন পথশিশু। হঠাৎ একজন সেদিকে এগিয়ে যেতেই খেলাটেলা ফেলে সবাই ‘হাঁ’ করে তাকিয়ে। বিস্মিত কয়েক জোড়া চোখের সামনে এগিয়ে গেলেন সেই একজন। হাসিমুখে সবার খোঁজখবর নিলেন, হাতে মেলালেন হাত। চোখ ছানাবড়া করে নিজের হাতের দিকেই তাকিয়ে থাকল পথশিশুদের একজন। তার যেন বিশ্বাসই হচ্ছিল না, ওই হাত ছুঁয়েছে সাকিব আল হাসানের হাত!
পথশিশুদের বিস্ময়ানন্দের তখন কেবল শুরু। স্বপ্নের তারকা খানিক পর ওই শিশুদের খেলার সঙ্গী! বল হাতে নিয়ে নিজেই ফিল্ডিং সাজালেন সাকিব। ফিল্ডারদের তখন সে কী উত্তেজনা! সাময়িক বিস্ময়ের ধাক্কা সামলে ব্যাটসম্যান সাগর তখন বেশ নির্লিপ্ত। সাকিবের প্রথম বল একটু দেখেশুনে খেলল, পরের বল উড়িয়ে মারল মাথার ওপর দিয়ে। পরের বল আবার উড়িয়ে লং অন দিয়ে! ব্যাটিং দেখে তালি দিলেন সাকিবও। একাডেমি মাঠের পাশে দর্শকও জমে গেছে তখন বেশ। পর্যায়ক্রমে ব্যাটিং করল সবাই, পরে ব্যাটসম্যান সাকিবকে তুমুল উৎসাহে বোলিং। সাকিবও বেশ সিরিয়াস ভঙ্গিতে খেললেন সোজা ব্যাটে। খেলা শেষে ব্যাট-বলে অটোগ্রাফ নেওয়া, ছবি তোলা। ‘তুমি তো দারুণ খেলো’—সাকিবের এ প্রশংসায় সাগরের ছোট্ট বুক ১০ গুণ চওড়া হওয়া, আর সবার স্বপ্নের সীমানা বেড়ে যাওয়া! মাঠ ছেড়ে যাওয়ার সময়ও সব শিশুর চোখে-মুখে খেলা করছিল রোমাঞ্চ, মেখেছিল স্বপ্ন। রোমাঞ্চটা থাকবে হয়তো আরও অনেক অনেক দিন!
নিত্য বাস্তবতার কশাঘাত হজম করা শিশুদের এমন স্বপ্নের কিছু মুহূর্ত পাওয়া হুট করেই নয়। উদ্যোগটা ওয়ান ডিগ্রি ফাউন্ডেশনের। স্বেচ্ছাসেবী এই সংগঠনের একটি উদ্যোগ ‘ইচ্ছেপূরণ’ (www.ichheypuron.com), যেটির জন্মই হয়েছে শিশুদের বিভিন্ন ইচ্ছে পূরণের জন্য। এর সৌজন্যেই যেমন কাল এক দল শিশুর সাকিব আল হাসানের সঙ্গে ক্রিকেট খেলার ইচ্ছে পূরণ হলো। দারুণ এই উদ্যোগে মুগ্ধ সাকিবও, ‘আমার তো ভালো লেগেছেই, তবে ওদের ভালো লাগাটাই আসল। ওদের আনন্দ, খুশি দেখেই বেশি ভালো লাগল।’
মাঠে তিনি বরাবরই আনন্দদায়ী। তবে এখন সাকিব মাঠের বাইরেও এমন আনন্দ দিয়ে বেড়ান। বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন। নিজের কিছু দাতব্য কাজ তো আছেই। তাঁর স্পন্সরদের হয়েও করছেন সামাজিক আর সচেতনতামূলক কিছু কাজ। কদিন আগেই যেমন একটি ফোন কোম্পানির ব্যানারে সাগর পরিচ্ছন্নতার অভিযান সেরে এলেন কক্সবাজার থেকে। নিজে সচেতন হয়েই সচেতন করে এসেছেন পর্যটকদের, ‘সাগরে একটি প্লাস্টিকের বোতল ফেললে সেটা ৪০০ বছরেও নাকি নষ্ট হয় না। বিশ্বে যে কটি দেশ সাগর পরিষ্কার রাখা নিয়ে কাজ করছে, তাদের মধ্যে আছে বাংলাদেশও। শুধু সাগরে কেন, সৈকতেও এটা-সেটা হাবিজাবি ফেলে নোংরা করা উচিত নয়।’
কক্সবাজার যাওয়ার আগে আয়কর সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালিতে অংশ নিয়েছেন। ভবিষ্যতে নিজ এলাকা মাগুরায় এতিমখানা প্রতিষ্ঠাসহ আরও বেশ কিছু পরিকল্পনা সাজিয়ে রেখেছেন মনে। ক্রিকেট দিয়ে মানুষের মন জয় করেছেন আগেই। ভবিষ্যতে মানুষের মনে মানুষ হিসেবেও জায়গা করে নেওয়াটাকেই হয়তো লক্ষ্য ঠিক করেছেন সাকিব।