মাঠের মুখ

কয়েক দিন আগে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটি দেখতে উদগ্রীব হয়ে উঠেছিলেন। ধরে নিয়েছিলেন, ভারত হোয়াইটওয়াশ হচ্ছেই। দেবরকে অনুনয়-বিনয় করে রাত একটায় মিরপুরে ব্যাংকের সামনে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। কিন্তু পরদিন দুপুর ১২টা পর্যন্ত লাইনে থেকেও মেলেনি সোনার হরিণ হয়ে ওঠা টিকিট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দেখার আশায় স্বামীর সঙ্গে মিরপুরে এসেছিলেন। কালোবাজারে ১৫০ টাকা দামের দুটি টিকিট তিন হাজার টাকা দিতে চেয়েও কিনতে পারেননি। খুব মন খারাপ হয়েছিল। কাল আর বিফল নয়। মোটামুটি ‘সস্তায়’ পেয়ে গেলেন টিকিট। হাসনা হেনার আনন্দ যেন আর ধরে না! লালমাটিয়া কলেজে উদ্ভিদবিজ্ঞানে স্নাতক প্রথম বর্ষের ছাত্রী মিরপুরে এসে খেলা দেখেছেন বেশ কয়েকবারই। তবে গত দুবারের তিক্ত অভিজ্ঞতার কারণে এবার মাঠে ঢুকতে পারাটা তাঁর কাছে একটু বেশিই আনন্দের। তা প্রকাশ করার ফাঁকে উঠে আসে বিড়ম্বনার গল্পও। পাশে বসে স্বামী হোটেল ব্যবস্থাপনায় ডিপ্লোমার ছাত্র মোহাম্মদ ইয়াসিনও যাতে যোগ দিলেন, ‘টিকিট পেতে যে কী কষ্ট করেছি, তা বলার মতো নয়।’ গ্যালারিতে থাকার আনন্দ আরও বাড়িয়ে দিচ্ছিল মাঠে বাংলাদেশের পারফরম্যান্স। যখন কথা হচ্ছে, ১০০ রানে পড়ে গেছে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেট। হাসনা হেনা মুখে উজ্জ্বল হাসি ছড়িয়ে বললেন, ‘আজ মনে হয় ভালো কিছু হবেই।’