মাঠের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদমানুল ইসলাম
সাদমানুল ইসলাম

মাঠে এসে খেলা আগেও দেখেছে, তবে বন্ধুবান্ধবের সঙ্গে। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে সাদমানুলকে খুঁজে পাওয়া গেল একা। সৌম্য সরকারের আক্রমণাত্মক ব্যাটিং তাঁর খুবই পছন্দ। মাঠে এসে সৌম্যর ব্যাটিং কখনো সরাসরি দেখা হয়নি। টেলিভিশনে দেখেই সৌম্যর ব্যাটিংয়ের ভক্ত হয়ে গেছে। সরাসরি দেখার সুযোগ যখন এল, সৌম্য চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ একাদশেই নেই! সাদমানের নিশ্চয়ই মন খারাপ। কিন্তু প্রসঙ্গটা তুলতেই উল্টো জবাব পাওয়া গেল, ‘আমি মনে করি, ঠিকই আছে...নিয়মিত টেস্ট খেলার আগে সৌম্যর আরও অভিজ্ঞতা দরকার।’ দল নির্বাচন নিয়ে কিছু না কিছু বিতর্ক থাকেই। কখনো কখনো তাতে মিশে যায় আবেগের বাড়াবাড়ি। তবে সাদমানুলের ব্যাখ্যায় আবেগের চেয়ে ক্রিকেটীয় ভাবনাই বেশি প্রতিফলিত হলো। সেটাই হওয়ার কথা। সাদমানুল নিজেও যে ক্রিকেটার। শখের ক্রিকেটার বলাই অবশ্য ভালো। নিয়মিতই ক্রিকেট খেলে চট্টগ্রাম এমইএস কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া এই তরুণ। শুধু খেলেই না, টেলিভিশনে দেখানো প্রতিটি ক্রিকেট ম্যাচই তার দেখা চাই। সেটা আন্তর্জাতিক ক্রিকেটই হোক, কিংবা আইপিএল, বিগব্যাশ বা বিপিএল। পত্রিকা হাতে নিয়েও খেলার পাতাতেই চলে যায় সবার আগে, ‘আমি খেলার খবর ছাড়া কিছু পড়ি না। অন্য খবর কী পড়ব? সব তো মারামারি, কাটাকাটি! একমাত্র খেলার পাতাতেই ভালো কিছু খবর থাকে।’