মাঠের মুখ

লিটন দাস আউট হওয়ার পর দলকে এগিয়ে নিচ্ছিলেন তামিম ইকবাল-মাহমুদউল্লাহ। সেদিকে তাঁর নজর নেই। তিনি ব্যস্ত সবুজ মাফলার আর চশমা নিয়ে। মাফলারটা কিনেছেন স্টেডিয়ামে ঢুকেই। সবুজ মাফলারে জ্বলজ্বল করছে বিসিবির লোগো। খুব কায়দা করে মাফলারটা সিটে ঝুলিয়ে লোগোটিকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে সামনে চশমাটা রাখলেন। এরপর মুঠোফোনের ক্যামেরায় ফটাফট কয়েকটা ক্লিক! ছবিটা মন্দ হয়নি—এমন একটা তৃপ্তি নিয়ে জি এম কিরণ এবার নজর দিলেন খেলায়। ১৯৯৮ মিনি বিশ্বকাপ থেকে প্রায় নিয়মিতই খেলা দেখছেন মাঠে বসে। পেশায় গ্রাফিকস ডিজাইনার কিরণের দুটিই নেশা—বাংলাদেশের খেলা দেখা আর ইচ্ছেমতো ঘোরাঘুরি। ক্রিকেটের প্রতি অকৃত্রিম টানে মিরপুরে চলে আসেন বাংলাদেশের প্রতিটি ম্যাচই দেখতে। যেনতেন দেখা নয়, দেখেন একদম টস থেকে! ‘দারুণ একটা আইডিয়া মাথায় কিলবিল করছে, বুঝলেন!’—ঝকমকিয়ে উঠল কিরণের মুখ। জানালেন দুর্লভ এক অভিজ্ঞতার কথা, ‘২০১১ বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচটা আমি হুমায়ূন আহমেদের পেছনে বসে দেখেছিলাম। ছবিও তুলে রেখেছিলাম। ১৩ নভেম্বর প্রিয় লেখকের জন্মদিন। ওই দিন আবার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ। তাঁকে স্মরণ করে ছবিটা পোস্ট করব ফেসবুকে। হুমায়ূন স্যার-ক্রিকেট এক বিন্দুতে মেলানো—আইডিয়াটা দারুণ না?’
কিরণের মুখে নতুন কিছু আবিষ্কারের আনন্দ!