মাঠের মুখ

এভাবে সেজেছেন যে...‘আমি একটু আলাদা!’—খানিকটা ঘাড় দুলিয়ে চটপটে উত্তর মওলা হোসেনের। গ্যালারিতে তাঁর উপস্থিতি একটু ভিন্নই। মাথায় লাল-সবুজ হ্যাট। মুখটা রাঙিয়েছেন দুভাবে—ডান পাশে বাঘের ডোরাকাটা, বাঁ পাশে লাল-সবুজ। ক্ষণে ক্ষণে তুলছেন হালুম হালুম গর্জন! মিরপুরে বাংলাদেশের খেলা থাকলেই ছুটে আসেন মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে। ২০০৮ সাল থেকে নিয়মিত মাঠে বসে খেলা দেখেন সিঙ্গাইর বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী। অবশ্য আসাটা নির্ভর করে টিকিট পাওয়ার পর। টিকিট কোনোভাবে জোগাড় হলেই কোনো কিছুই বাধা নয় তাঁর কাছে! অদ্ভুত সাজে আসেন বলে গ্যালারিতে তাঁর সঙ্গে ছবি তুলতে চান আশপাশের দর্শকেরা। লাজুক মুখে জানান, এলাকাতেও তৈরি হয়েছে অল্পবিস্তর তারকাখ্যাতি! পরিবার, বন্ধুবান্ধব—সবাই উৎসাহিত করে এমন সাজে সাজতে। কখনো সাজেন স্টেডিয়ামে ঢোকার পথে, কখনো বা সেজে আসেন বাড়ি থেকেই। মনের ভেতর লুকিয়ে রেখেছেন একটা স্বপ্ন। টাইগার শোয়েব-মিলনের মতো পতাকা হাতে উৎসাহিত করতে চান বাংলাদেশ দলকে। স্বপ্নাতুর চোখে বলেন, ‘টাইগার শোয়েবকে দেখে অনুপ্রাণিত হয়েছি। তবে ‘টাইগার’ সাজে নই, নিজেকে চেনাতে চাই ভিন্ন রূপে। ওই যে বললাম না, আমি একটু আলাদা!’