মাঠের মুখ

মাথায় বাঁধা সাদা ফিতা। যাতে বাংলাদেশের পতাকার সঙ্গে রয়েল বেঙ্গল টাইগারের ছবি। লাল-সবুজ জার্সি পরা তোফায়েল আহমেদ খেলা দেখছিলেন গ্যালারির একেবারে ওপরের সারিতে বসে। বাড়ি পাইকগাছায়, বাবার মাছের ঘেরের ব্যবসা। তবে বয়রার পাবলিক কলেজে পড়ার সুবাদে থাকেন খুলনাতেই। হোস্টেল থেকে ৮-১০ জন বন্ধু মিলে খেলা দেখতে এসেছেন। কিন্তু খুলনা টেস্ট একাদশ শ্রেণির ছাত্র তোফায়েলের মন ভরাতে পারছিল না! তামিম ইকবালের ডাবল সেঞ্চুরি, ইমরুল কায়েসের সেঞ্চুরি—দুজনের অবিশ্বাস্য এক উদ্বোধনী জুটি কিংবা টেস্টে বাংলাদেশ দলের উজ্জ্বলতম পারফরম্যান্স—এত ইতিহাসের সাক্ষী হয়ে যাওয়ার পরও আর কী চান এই তরুণ? চেয়েছিলেন আসলে বাংলাদেশের জয়। আর সে জন্যই খুলনা টেস্টের ফলাফল নিয়ে বাংলাদেশের আর সবাই যখন খুশি, তোফায়েলের কণ্ঠে হতাশা, ‘প্রথম ইনিংসে বাংলাদেশ ভালো রান করতে পারেনি। টেস্টে আমাদের বোলিংও শক্তিশালী নয়। তাই প্রথম থেকেই কেন জানি মনে হচ্ছিল, টেস্টটা ড্র হবে। বাংলাদেশ জিততে পারবে না।’ তামিম-ইমরুলের রেকর্ডই তাই সান্ত্বনা হয়ে থাকছে তাঁর জন্য, ‘কোনো উইকেট না হারিয়ে এত রান হয়ে যাবে ভাবিইনি। খুলনা বাংলাদেশের ক্রিকেটের জন্য রেকর্ড-নগর। প্রতিটি খেলায় একটা না একটা কিছু হয়।’