মাঠের মুখ

পরিচয় শুনে নিয়াজ আহমেদ হেসে বললেন, ‘মাঠের মুখ, তাই না?’ কীভাবে বুঝলেন জিজ্ঞেস করতেই জবাব, ‘প্রথম আলো রাখি তো বাসায়, খেলার পাতাটাই সবচেয়ে বেশি খুঁটিয়ে পড়ি।’ কথার ফাঁকেই মুশফিকের উইকেটটা গেল। নিয়াজকেও খুব চিন্তিত মনে হলো, ‘না, কাল পর্যন্ত যাবে বলে মনে হয় না। আজই শেষ হয়ে যাবে।’
পেশায় ভ্রমণ-সমন্বয়ক, কাজ করছেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন নামে বিশ্বব্যাংকের একটা প্রকল্পে। থাকেন ঢাকার শহীদবাগ। ছুটির দিনে দুই ছেলে নাফিস আর নাইয়ারকে নিয়ে মাঠে এসেছেন বাংলাদেশের ব্যাটিং দেখবেন বলে।
কাল অবশ্য তাঁর প্রত্যাশা মেটানো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ, তবে পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্সে মুগ্ধ নিয়াজ। ক্রিকেট খুবই নিয়মিত দেখেন, তা মাঠে এসে হোক বা টিভিতে। ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত টেস্ট জয়, জোনাথন ট্রটের অবসর—খোঁজখবর একেবারে হালনাগাদ তাঁর কাছে।
দেশে প্রিয় খেলোয়াড় মাশরাফি। শুধু বল হাতে মাশরাফির পারফরম্যান্সের কারণে নয়, ওয়ানডেতে দুর্দান্ত অধিনায়কত্বের জন্যও। আর বিদেশে? প্রশ্ন করতেই পাশ থেকে ১২ বছরের নাফিস বলল, ‘বাবা, স্টিভেন স্মিথের নাম বলো।’ নিয়াজ অবশ্য বললেন ডেডিভ ওয়ার্নারের কথা। তাতে নাফিসের মুখ ভার হয়ে গেল, ‘ধুর, তুমি খেলা বোঝোই না বাবা!’