মাতাতে এসেছেন বিদেশিরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি একাডেমি মাঠে প্রতিদিন বসছে তারার মেলা! তবে কালকের মেলায় ঔজ্জ্বল্য বাড়ালেন কুমার সাঙ্গাকারা, মিসবাহ-উল-হকরা। বিপিএলে প্রথম অনুশীলন করতে এলেন শ্রীলঙ্কা-পাকিস্তানের দুই তারকা। সাঙ্গাকারা-মিসবাহর মতো অধিকাংশ বিদেশি তারকা চলে এসেছেন বিপিএল মাতাতে। বাকি রয়েছেন শহীদ আফ্রিদি-ক্রিস গেইলের মতো দু-একজন।
বিপিএলের আগের দুই আসরে উজ্জ্বল ছিলেন বিদেশিরাই। ২০১২ বিপিএলের শীর্ষ দশ ব্যাটসম্যানের নয়জনই ছিলেন বিদেশি। টুর্নামেন্টের চার সেঞ্চুরি, চারটিই বিদেশি ব্যাটসম্যানদের। বোলারদের মধ্যে ১৭ উইকেট নিয়ে ইলিয়াস সানির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন পাকিস্তানের মোহাম্মদ সামি। ২০১৩ বিপিএলে সেরা চার ব্যাটসম্যানের মধ্যে দুজনই ছিলেন বিদেশি। বোলিংয়ে সেরা তিন বোলারের দুই বোলার ছিলেন বিদেশি। ২০ উইকেট নিয়ে সবার ওপরে ছিলেন প্রোটিয়া পেসার আলফনসো টমাস। এবারের বিপিএলেও কি আলো ছড়াতে পারবেন বিদেশিরা?
আগের দুই আসরে শ্রীলঙ্কার খেলোয়াড়েরা খেললেও কুমার সাঙ্গাকারার জন্য বিপিএল অভিজ্ঞতা একেবারে নতুন। যেনতেন নয়, বিপিএলে লঙ্কান কিংবদন্তির আগমন একেবারে অধিনায়ক হিসেবেই। বিপিএলে ছয় দলের পাঁচটির অধিনায়ক স্থানীয় ‘আইকন’ খেলোয়াড়। ব্যতিক্রম শুধু ঢাকা। নিজের প্রথম বিপিএলকে রাঙিয়ে দেওয়ার অপেক্ষায় ঢাকার অধিনায়ক, ‘এই টুর্নামেন্ট একটু ভিন্ন ধরনের। এখানে বিদেশি ও স্থানীয় খেলোয়াড়ের সমন্বয় আছে। সব খেলোয়াড় এটির অপেক্ষায়। আমি প্রথমবার বিপিএল খেলছি। আশা করছি দারুণ কিছুই হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও এখনো ব্যাট-প্যাড তুলে রাখেননি। শিল্পিত ব্যাটিংয়ে এখনো মুগ্ধ করে চলেছেন সাঙ্গাকারা। কদিন আগে ক্রিকেট অলস্টারস সিরিজে বুঝিয়েছেন, ব্যাটে মরচে ধরেনি এতটুকু। তিন ম্যাচে ১৫৩ রান করে হয়েছেন সিরিজের সেরা। তবে লঙ্কান কিংবদন্তি মনে করেন, ওই সিরিজের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে বিপিএলেই, ‘যেকোনো ধরনের ক্রিকেট খেলাই দারুণ ব্যাপার। যুক্তরাষ্ট্রে দারুণ মজা করে ক্রিকেট খেলেছি। তবে এখানে গুরুত্বটা একটু বেশি। টুর্নামেন্টের বেশির ভাগ খেলোয়াড়ই খেলা চালিয়ে যাচ্ছে। কাজেই এখানে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে।’
রংপুরের মিসবাহ-উল-হক অবশ্য শোনালেন ভিন্ন কথা। ক্রিকেটের তিন সংস্করণেই যাঁর ঢের অভিজ্ঞতা, সেই মিসবাহ বিপিএলে নিজের লক্ষ্য জানাতে গিয়ে বলছেন, নিজেকে প্রমাণ করতে হবে এ টুর্নামেন্টে! কাল বিসিবির একাডেমি মাঠে রংপুরের অনুশীলন শেষে পাকিস্তান টেস্ট অধিনায়ক মনে করিয়ে দিলেন আপ্তবাক্যটাই, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে সব সময়ই লক্ষ্য থাকে। যেখানেই খেলি না কেন প্রমাণের বিষয় থাকে। দলের হয়ে অবদান রাখতে হয়, জিততে হয়। সব মিলিয়ে আমরা বেশ ভালো দল। আশা করছি সবাই মিলে দারুণ সমন্বয় তৈরি করে ভালো করতে পারব।’
সাম্প্রতিক সময়ে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বিদেশিদের নিরাপত্তা। নিরাপত্তার কারণ দেখিয়ে অক্টোবরে তো বাংলাদেশ সফরই স্থগিত করল অস্ট্রেলিয়া দল। তবে বাংলাদেশের সাবেক অস্ট্রেলীয় কোচ শেন জার্গেনসেন নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা দেখছেন না। বরং অস্ট্রেলিয়ার না আসাটা তাঁর কাছে ‘দুঃখজনক’ই মনে হয়েছে। নিরাপত্তা-সংক্রান্ত আলোচনা ছাপিয়ে রংপুরের কোচ জার্গেনসেনের মূল লক্ষ্য শিরোপা জয়, ‘ফাইনালে ওঠা আমাদের লক্ষ্য। জিততেই এখানে এসেছি। আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। কাগজে-কলমে আমাদের যে সম্ভাবনা, তা বাস্তবায়ন করতে হবে। সব পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগাতে হবে।’
মঞ্চ প্রস্তুত। দর্শকেরা এখন বিদেশি তারকাদের ঝলক দেখার অপেক্ষায়।