মাতাল হয়ে গাড়ি চালানোর কারণ কাকাতুয়ার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাতাল হয়ে গাড়ি চালানোর ভালো ব্যাখ্যা দাঁড় করিয়েছেন ব্রেসওয়েল। ফাইল ছবি
মাতাল হয়ে গাড়ি চালানোর ভালো ব্যাখ্যা দাঁড় করিয়েছেন ব্রেসওয়েল। ফাইল ছবি

মাতাল হয়ে গাড়ি চালিয়েছেন ডগ ব্রেসওয়েল, এ কারণে শাস্তিও জুটেছে এই পেসারের। তবে অপরাধের তুলনায় শাস্তি কম জুটেছে তাঁর। কারণ, শখের কাকাতুয়ার মৃত্যুর খবর শুনেই এহেন অপকর্ম করেছেন নিউজিল্যান্ড জাতীয় দলের এই ক্রিকেটার। 

ঘটনাটি গত মার্চের। মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় ব্রেসওয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর শরীরে গ্রহণযোগ্য মাত্রার তিন গুন বেশি অ্যালকোহল পাওয়া যায়। সে অপরাধে আগামী এক বছর তাঁর গাড়ি চালনায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সে সঙ্গে ১০০ ঘণ্টা নাগরিক সেবায় ব্যয় করতে বলা হয়েছে। বোর্ডের নিয়ম পরিপন্থী কাজের পরও বাড়তি কোনো শাস্তি দেয়নি নিউজিল্যান্ড ক্রিকেট। কারণ, ওই যে ‘গ্রহণযোগ্য’ একটি যুক্তি যে ছিল তাঁর!
এই ক্রিকেটারের আইনজীবী জানিয়েছেন, ঘটনার দিন এক অনুষ্ঠানে পান করছিলেন ব্রেসওয়েল। এমন অবস্থায় তাঁর বান্ধবী ফোন করে জানান, তাদের পোষা কাকাতুয়াকে একটি কুকুর মেরে ফেলেছে। সে কুকুরটি আবার এক পারিবারিক বন্ধুর, অনুরোধে কিছুদিনের জন্য সেটার দেখভাল করছিলেন ব্রেসওয়েল ও তাঁর বান্ধবী। এমন ঘটনায় শোকে ভেঙে পড়া বান্ধবীর পাশে দাঁড়াতেই মদ্যপ অবস্থাতেই গাড়ি চালিয়ে ছুটেছেন ব্রেসওয়েল। তাতেই এমন অঘটন।
এর আগেও শৃঙ্খলাজনিত কারণে বেশ কয়েকবার ক্রিকেট বোর্ডের শাস্তি পেয়েছেন ব্রেসওয়েল। সবগুলো ঘটনাই ছিল মদ্যপান সংক্রান্ত। তবে এবারের ঘটনা ও সেটার পেছনের ব্যাখ্যা আগের সব ঘটনাকেই পেছনে ফেলে দিল! সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।