মাথা উঁচু করেই যাচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কপিল দেব
কপিল দেব

কোয়ার্টার ফাইনালের প্রত্যাশা হয়তো মেটেনি। তবে ম্যাচে বেশ কিছুটা সময় প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। শেষ পর্যন্ত ফলটা দেখাল দুই দলের পার্থক্যটাই। ভারতের জয়টা কখনোই সংশয়ের মধ্যে পড়েনি। এই জয়ে ভারত দেখিয়ে দিয়েছে কেন তারা টুর্নামেন্টের সেরা দল।
তবে হারলেও মাথা উঁচু করেই বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। ২৫ ওভার পর্যন্ত ম্যাচটা ভারতের জন্য কঠিন ছিল। আমি তখন মনে করেছিলাম, বড়জোর ২৭৫ রান হতে পারে। কিন্তু অনভিজ্ঞতাই ডুবিয়েছে বাংলাদেশকে। ভারতকে তারা পরিস্থিতি
সামলে ওঠার সুযোগ দিয়েছে। এর পরই তারা চাপে পড়ে গেছে। ইমরুল কায়েসের রানআউটটাই দেখিয়েছে এমন ম্যাচে স্নায়ুচাপ কতটা প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশে ক্রিকেট নিয়ে দারুণ উন্মাদনা, আমি বেশ কিছু প্রতিভাও উঠে আসতে দেখছি। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আশা করছি, কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। অধিনায়ক মাশরাফির রুদ্রমূর্তি অনেককে অবাক করে থাকবে, কিন্তু আমি ওর রাগটা বুঝতে পারি। সে শারীরিকভাবে নিজের সেরা অবস্থায় ছিল না, তার পরও শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। বাংলাদেশ নিজেদের সেরা চেষ্টাই করেছে, কিন্তু দিনটা ছিল ভারতের।
মেলবোর্নের রাজকীয় মাঠ সব সময় খেলোয়াড়দের জন্য বাড়তি প্রেরণা। রোহিত শর্মা নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল, দুর্দান্ত একটা সেঞ্চুরিও করেছে। ভারত তাদের পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগিয়েছে। ওপেনাররা ভালো শুরু এনে দিয়েছিল, তবে গতিটা এসেছে সুরেশ রায়নার ব্যাটেই। এই বিশ্বকাপে সে মিডল অর্ডারে নির্ভরতার প্রতীক, রানের চাকা আরও সচল করার কাজটাও করছে খুব ভালোভাবে।
ধাওয়ান ও রোহিত শুরু থেকেই দেখেশুনে খেলছিল। বাংলাদেশ দলের বোলাররা জানত তাদের কী করতে হবে। হয়তো সেই অর্থে তারা চেপে বসতে পারেনি, কিন্তু ভারত সমর্থকদের উদ্বেগের মুহূর্ত কিন্তু এসেছে। ব্যাটসম্যানরাও ক্রিজে স্নায়ুচাপ একটু হলেও টের পেয়েছে।
নকআউট পর্বে চাপটা যারা ভালো সামলাতে পারে তারাই জেতে। এই ম্যাচ সেটার ব্যতিক্রম নয়। ভারত নিশ্চয়ই ২০০৭ বিশ্বকাপের কথা ভুলে যায়নি। সেবার রাহুল দ্রাবিড়ের দলকে থামিয়ে দিয়েছিল বাংলাদেশ। এখানে মঞ্চটা ছিল অন্য রকম। ভারত ছিল দৃঢ়প্রতিজ্ঞ, বিশ্বকাপে প্রথম ম্যাচেই শুরু হওয়া জয়রথটা তারা টেনে নিতে সব চেষ্টাই করেছে।
জিম্বাবুয়ের সঙ্গে গত ম্যাচটাই ছিল আসলে গা-ঝাড়া দিয়ে ওঠার উপলক্ষ। আজ (কাল) যখন তারা বোলিং করতে নামল, বোঝাই যাচ্ছিল সে রকম কিছু হতে দেবে না। লক্ষ্য ৩০০-র বেশি, বোলাররা তাই আত্মবিশ্বাসী হয়েই বল করতে পেরেছে। জানতাম বাংলাদেশ ছেড়ে কথা বলবে না, তবে ভারত এগিয়ে ছিল অনেকটাই।
রোহিতের প্রতিভা, শটের টাইমিং, মেজাজ—সবকিছুই বড় ইনিংসের জন্য উপযোগী। শুধু শট নির্বাচন নিয়েই তাকে একটু সাবধানী হতে হতো। আমাকে বলতেই হবে, এটা সে খুব ভালোভাবেই করেছে। পুরো ইনিংসে সে খুব ধীরস্থির ছিল। সে এখন অনেকটাই পরিণত। ভারতের বিশ্বকাপ-অভিযানে এখন সে বড় একটা অস্ত্র।
রায়না তো প্রতি ম্যাচেই উন্নতি করছে। রোহিতের গড়া ভিত্তির ওপর সে-ই রাস্তাটা দেখিয়ে দিয়েছে। রান করার ছন্দে আসতে বাড়তি কোনো সময়ই নেয়নি। এই রায়নাকেই দলের দরকার ছিল। তার হাতে অনেক শট, সেটাও ওকে দ্রুত রান পাইয়ে দিতে সাহায্য করেছে।
রাহানের জন্য ম্যাচটা ছিল কঠিন। তাকে দেখে একটু তাড়াহুড়োয় আছে বলেই মনে হচ্ছিল। অনেক সময় শট করলে ফিল্ডারের কাছে জমা হয়, রান হয় না। ওর ক্ষেত্রে সেটাই হয়েছে, সে ফাঁক বের করতে পারেনি। আমি জানি, বড় ম্যাচে সে ঝলসে উঠবে, জাদেজার ছোট্ট ঝোড়ো ইনিংসটাও বেশ ভালো ছিল। ওর ব্যাটিং নিয়ে আমি ঠিক নিশ্চিন্ত ছিলাম না, কিন্তু সে ভালোই ব্যাট করেছে। এই ইনিংসের পর সে হয়তো এখন অনেকটাই নির্ভার। (পিচ সলিউশন)