মাথা উঁচু রেখে বিদায় নিচ্ছেন ব্রাভো
এক বছর আগেও ভাবা যায়নি, এই টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে ডোয়াইন ব্রাভোকে। বয়স মধ্য ত্রিশ পেরিয়েছে বহু আগে, চোট সমস্যা তো ছিলই। কিন্তু সব হিসাব পাল্টে দিয়ে ফর্মে ফিরেছেন, জায়গা করে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে। কিন্তু স্বপ্নযাত্রা যে ট্রফি জয় দিয়ে শেষ হচ্ছে না, সেটা নিশ্চিত হয়ে গেছে কাল। শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে ওঠার পথ বন্ধ হয়ে গেছে।
এরপরই এল ঘোষণা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ডোয়াইন ব্রাভো। আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন ৬ নভেম্বর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না তাঁকে।
শ্রীলঙ্কার কাছে কাল ২০ রানে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সুপার টুয়েলভে চার ম্যাচে শুধু বাংলাদেশের বিপক্ষে জিতেছে উইন্ডিজ দল। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের ফল যাই হোক না কেন, তাদের আর সেমিফাইনালে যাওয়ায় হচ্ছে না।
গতবারের চ্যাম্পিয়নদের তাই সুপার টুয়েলভ থেকে বিদায় নিতে হচ্ছে। ডোয়াইন ব্রাভো তাই ম্যাচ শেষেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বিশ্বকাপ শেষ হলেই আর থাকবেন না, ‘আমার ধারণা, সময় এসে গেছে। খুব ভালো ক্যারিয়ার পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৮ বছর খেলেছি। কিছু ভালো সময় কেটেছে, কিছু মন্দ সময়ও গেছে। কিন্তু পেছনে ফিরে তাকালে এত দিন ধরে এই অঞ্চল ও ক্যারিবিয়ান মানুষদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’
এর আগেও অবসর নিয়েছিলেন ব্রাভো। কিন্তু ২০১৯ সালে অবসর থেকে ফিরে এসেছিলেন বিশ্বকাপ ধরে রাখার আশায়। ৯০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ব্রাভো সে কাজটা করতে পারেননি। তবে এ নিয়ে কোনো দুঃখ নেই, ‘তিনটি আইসিসির ট্রফি জিতেছি, দুটি বাঁয়ে দাঁড়ানো আমার অধিনায়কের (সঞ্চালনার দায়িত্বে থাকা ড্যারেন স্যামি) সঙ্গে। একটা জিনিস নিয়ে আমি গর্বিত। তা হলো, বিশ্বমঞ্চে আমরা শুধু নামই করিনি, এই যুগে শিরোপাও জিতেছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে ৬ হাজার ৪১৩ রান ও ৩৬৩ উইকেট পাওয়া ব্রাভো তাই মাথা উঁচু রেখেই বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছেন, ‘আমি চেয়েছি যতটা অভিজ্ঞতা ও তথ্য দেওয়া সম্ভব, তরুণদের সেটা দেওয়া। সাদা বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের উজ্জ্বল ভবিষ্যৎ এবং এদের সমর্থন ও উৎসাহ দিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের এমন ফল আশা করিনি আমরা। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এই ফল চাইনি। আমাদের তবু মন খারাপ করার কিছু নেই, এটা কঠিন একটা টুর্নামেন্ট। আমাদের মাথা উঁচু রাখা উচিত।’