মাথা বিগড়েছে স্পিডগানের, আবারও ভুল বিশ্ব রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাজলউডের সেই বলটি।
হ্যাজলউডের সেই বলটি।

মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে কি টিভিতে চোখ ছিল শোয়েব আখতারের? দেখলে চমকেই উঠেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা। টিভিতে ভেসে উঠল, জশ হ্যাজলউডের বলের গতি ঘণ্টায় ১৬৪.২ কিলোমিটার। তবে কি ভেঙে গেল শোয়েবের বিশ্ব রেকর্ড!
অবশ্য বোলারটার নাম হ্যাজলউড বলেই সংশয়ও তৈরি হলো মুহূর্তেই। ভালো পেসার হতে পারেন; তবে তিনি নিশ্চয় শোয়েব, ব্রেট লি, শন টেইটের মতো গতিদানব নন। বলের গতি বেশির ভাগ সময় ঘণ্টায় ১৩০ কিমির আশপাশেই থাকে তাঁর। সেই হ্যাজলউড কিনা হয়ে গেলেন ‘গতির রাজা’! ভেঙে দিলেন শোয়েবের এক যুগ আগে করা ঘণ্টায় ১৬১.৩ কিমির রেকর্ড।
অবশ্য হ্যাজলউডের রেকর্ড স্থায়িত্ব হলো কয়েক মিনিটের জন্য। দ্রুতই জানা গেল, এটা আসলে স্পিডোমিটারের গোলমাল। ডেলিভারির ভুল পাঠ নিয়েছে স্পিডগান। প্রযুক্তির এমন ভুল এ মাসে ঘটেছিল আরও একবার।
ডানেডিনে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা টেস্টে কিউই পেসার নিল ওয়াগনারের একটি ডেলিভারি ছিল ঘণ্টায় ১৬০ কিমি। পরে জানা যায়, ডেলিভারির সময় ইউনিভার্সিটি ওভাল মাঠে বসানো দুটো স্পিডগানের একটিতে ধরা পড়েছিল উড়ে যাওয়া পাখি (সিগাল)। এ কারণেই এমন বিভ্রান্তি। অবশ্য এও শোনা গিয়েছিল, লেজার রশ্মির কারণে হয়তো হয়েছে।

দুটো ঘটনাই কিন্তু ক্রিকেটের সবচেয়ে উন্নত প্রযুক্তির দেশ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ঘটল। প্রশ্ন উঠল, আসলেই কি পাখি কিংবা লেজারের দোষ? নাকি স্পিডগান প্রযুক্তির? অবশ্য এমন বিভ্রান্তিতে শোয়েব অন্তত হাফ ছাড়তে পারেন, ‘যাক, কানের পাশ দিয়ে গেল’! ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম বলটির রেকর্ডটি যে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলারের। শোয়েব সেটি করেছিলেন ওয়ানডেতে। টেস্টে সবচেয়ে দ্রুতগতির বল মিচেল স্টার্কের। কদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থে ১৬০.৪ কিমি গতিতে বল করেছিলেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার। সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।

দ্রুতগতির বোলারদের তালিকা
বোলার বলের গতি
শোয়েব আখতার(পাকিস্তান) ১৬১.৩ কিমি/ঘণ্টা
শন টেইট (অস্ট্রেলিয়া) ১৬১.১ কিমি/ঘণ্টা
ব্রেট লি (অস্ট্রেলিয়া) ১৬০.৮ কিমি/ঘণ্টা
জেফ টমসন (অস্ট্রেলিয়া) ১৬০.৪ কিমি/ঘণ্টা
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ১৬০.৪ কিমি/ঘণ্টা